২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কপিরাইট অভিযোগে ম্যাক ওএস ফাইল আটকে দিচ্ছে গুগল ড্রাইভ

নিজস্ব ম্যাক ওএস ফাইল গুগল ড্রাইভে আপলোড করতে গিয়ে নতুন বিপাকে পড়ছেন ব্যবহারকারীরা। ফাইল আপলোড করার সময় কপিরাইট লঙ্ঘনের নোটিশ দিচ্ছে গুগলের ক্লাউড সেবা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2022, 08:02 PM

Updated : 02 Aug 2022, 02:57 PM

সম্প্রতি সামাজিক মাধ্যমে নতুন জটিলতা নিয়ে অভিযোগ তুলেছেন এক ব্যবহারকারী। ড্রাইভে ‘.DS_Store’ আপলোড করার চেষ্টা করায় তাকে কপিরাইট লঙ্ঘনের নোটিশ দিয়েছে সার্চ জায়ান্ট প্রতিষ্ঠানটির ক্লাউড সেবা। প্রযুক্তিবিষয়ক সাইট টেকরেডারের প্রতিবেদন বলছে, ওই ব্যবহারকারী একা নন, জানুয়ারি মাসেও এমন বিভ্রাটে পড়েছেন ম্যাকওএস ব্যবহারকারীরা।

‘.DS_Store’ আদতে একটি মেটাডেটা ফাইল যা ম্যাকওএস থেকে ফাইল উইন্ডোজ বা লিনাক্সের মতো ভিন্ন কোনো অপারেটিং সিস্টেমে স্থানান্তরের সময় অ্যাপল ব্যবহারকারীদের সামনে আসে। এই ফাইলগুলো স্বয়ংক্রিয়ভাবে তৈরি করে ম্যাক ওএস।

বেশিরভাগ সময় ‘.DS_Store’ ফাইল ফোল্ডারে লুকানোই থাকে। একইভাবে উইন্ডোজ ১০ ও উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে লুকানো থাকে ‘desktop.ini’ এবং ‘thumbs.db’ ফাইলগুলো। তবে লুকানো ফাইলগুলো দৃশ্যমান করার সুযোগও রয়েছে মাইক্রোসফট এক্সপ্লোরারে।

গুগল ড্রাইভ ‘.DS_Store’ গুলোর বেলায় কেন কপিরাইট লঙ্ঘনের নোটিশ দিচ্ছে, সে বিষয়টি এখনো পরিষ্কার নয় বলে জানিয়েছে টেক রেডার।

তবে, প্রযুক্তিবিষয়ক সাইট ব্লিপিংকম্পিউটার ধারণা করছে, কপিরাইট করা ফাইল এবং অন্যান্য ফাইলে একই হ্যাশ থাকার ফলে এই বিভ্রাটের সূত্রপাত হয়ে থাকতে পারে।

এর আগেও প্রায় খালি ফাইল আপলোডের সময় কপিরাইট লঙ্ঘনের নোটিশ দিয়েছে গুগল ড্রাইভ। পরবর্তীতে গুগলের এক মুখপাত্র সংবাদকর্মীদের জানান, জানুয়ারি মাসেই জটিলতার কারণ চিহ্নিত করে সমাধান করেছে গুগল; এর ভুক্তভোগীর সংখ্যাও ছিল সীমিত।