দ্বিতীয় প্রান্তিকে আসছে ইনটেলের আর্ক ডেস্কটপ জিপিইউ
এ বছর ৪০ লাখের বেশি জিপিইউ বিক্রির লক্ষ্যমাত্রা নিয়েছে ইনটেল। বছরের দ্বিতীয় প্রান্তিকেই ডেস্কটপ কম্পিউটারের জন্য তৈরি আর্ক জিপিইউ বাজারজাত করতে যাচ্ছে শীর্ষস্থানীয় চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি; ওয়ার্কস্টেশন জিপিইউগুলো বাজারে আসছে বছরের তৃতীয় প্রান্তিকে।
আর্ক জিপিইউগুলোর কার্যক্ষমতা নিয়ে আনুষ্ঠানিকভাবে খুব কম তথ্যই দিয়েছে ইনটেল। তবে ব্যবহারকারীরা জিপিইউগুলো থেকে কী প্রত্যাশা করতে পারেন সে সম্পর্কে বিস্তর ইঙ্গিত মিলছে ফাঁস হওয়া তথ্য-উপাত্ত থেকে। ইনটেল গ্রাফিক্সের ভাইস-প্রেসিডেন্ট একটি আর্ক জিপিইউ এর ছবি টুইট করলেও সেটি বাদে মডেলভেদে এর দাম, কোথায়, কবে কিনতে পাওয়া যাবে, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি ইনটেল।
প্রতিষ্ঠানটি এ বছরে ডেস্কটপ, ল্যাপটপ এবং ওয়ার্কস্টেশন লাইনআপে ৪০ লাখের বেশি জিপিইউ বিক্রির পরিকল্পনা করেছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট আর্স টেকনিকা। কিন্তু তাতেও বাজারের চাহিদা মিটবে না বলে মন্তব্য করেছে সাইটটি। বাজার বিশ্লেষকদের দেওয়া তথ্য বলছে ২০২০ সালের শেষ প্রান্তিক থেকে ২০২১ সালের তৃতীয় প্রান্তিক পর্যন্ত এনভিডিয়া এবং এএমডি মিলে চার কোটি ৭০ লাখ ডেস্কটপ জিপিইউ বিক্রি করেছিল, ল্যাপটপ কম্পিউটারে ব্যবহৃত জিপিইউ ধরা হয়নি ওই হিসাবে। তারপরও ২০২১-এ তৈরি হয়েছে চিপ সঙ্কট।
এমন পরিস্থিতিতে ইনটেল জিপিইউ বাজারে নতুন বিকল্প ডিভাইসের অভিষেক ঘটালে তার ইতিবাচক প্রভাব পড়লেও সার্বিকভাবে জিপিইউ ঘাটতি মিটকে না বলে মন্তব্য করেছে আর্স টেকনিকা।
পাশাপাশি, পরবর্তী প্রজন্মের ‘ব্যাটলমেইজ’ এবং ‘সেলেস্টিয়াল’ জিপিউই বাজারজাত করার আনুমানিক সময়ও জানিয়েছে ইনটেল। ‘ব্যাটলমেইজ’ নকশা জিপিইউ বাজারে আসবে ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে। আর ‘সেলিস্টিয়াল’ বাজারে আসবে ২০২৪ সাল বা তার পরে।
উভয় নকশাই আগের মডেলের তুলনায় আরো উন্নত হবে তবে বাজারের প্রতিদ্বন্দ্বীদের বিপরীতে নতুন নকশার জিপিইউগুলো কেমন সাড়া পাবে সেটি জানতে অপেক্ষা করতে হবে এনভিডিয়া এবং এএমডি’র নতুন জিপিইউগুলোর জন্য। ‘ব্যাটলমেইজ’ জিপিইউগলো ইনটেলের ‘মিটিওর লেক’ প্রসেসরের সঙ্গে সমন্বিত হবে।
এ ছাড়াও জিপিইউ সংশ্লিষ্ট ‘প্রোজেক্ট এন্ডগেইম’ এর কথা বলেছে ইনটেল। বিস্তারিত গোপন রেখে প্রতিষ্ঠানটি বলছে, ‘প্রোজেক্ট এন্ডগেইম’ এমন একটি সেবা হবে যা “যে কোনো সময়ে অ্যাক্সেস করা যাবে এবং লো-লেটেন্সি কম্পিউটিং অভিজ্ঞতার মাধ্যমে’ আর্ক জিপিইউ-এর সেবা দেবে।
নতুন সেবাটি এনভিডিয়ার ‘জিফোর্স নাও’-এর মতো ক্লাউড গেইমিং সেবা হবে নাকি ওয়ার্কস্টেশন সংশ্লিষ্ট কোনো সেবা হবে, সে বিষয়টিও পরিষ্কার নয় বলে জানিয়েছে আর্স টেকনিকা।
