মেশিন লার্নিং প্রযুক্তিতে কিউ-অ্যানন হোতা ‘চিহ্নিত’
মেশিন লার্নিং প্রযুক্তির সাহায্যে কম্পিউটার বিজ্ঞানীরা সম্ভবত কিউ-অ্যানন আন্দোলনের হোতা ‘কিউ’ এর পরিচয় উন্মোচন করতে পেরেছেন।
শনিবার প্রকাশিত এক দীর্ঘ প্রতিবেদনে ভাষাবিষয়ক অপরাধবিজ্ঞানীদের দুটি স্বাধীন দলের ফলাফল প্রকাশ করেছে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস। উভয় ফলাফলেই কিউ’ হিসেবে চিহ্নিত হয়েছেন একজন ব্যক্তি যার প্রকৃত নাম ‘পল ফার্বার।
ফার্বার একজন দক্ষিণ আফ্রিকান সফটওয়্যার ডেভেলপার এবং বিশেষ এই ষড়যন্ত্র তত্ত্বের প্রতি তিনিই প্রথম দৃষ্টি আকর্ষণ করেছিলেন।
দুটি গবেষণাতেই আরিজোনা অঙ্গরাজ্যে কংগ্রেস প্রার্থী রন ওয়াটকিনসের নামও উঠে এসেছে যিনি প্রথমে ফার্বারের সঙ্গে সহযোগিতা করেন এবং পরে অ্যাকাউন্টটির দখল নিয়ে নেন। শেষ পর্যন্ত তিনি তার বাবার প্রতিষ্ঠান এইট-চ্যানের দায়িত্ব নিয়ে চলে যান।
কিউ-অ্যানন-এর পরিচয় উদ্ধারে সুইস এবং ফরাসী গবেষকদের দুটি দল ভিন্ন ভিন্ন পদ্ধতি ব্যবহার করে একই সিদ্ধান্তে পৌঁছেছেন।
স্টার্টআপ প্রতিষ্ঠান অর্ফঅ্যানালিটিক্স-এর দুই গবেষকের সমন্বয়ে গঠিত সুইস দলটি সফটওয়্যারের সাহায্যে কিউ-এর বাণীতে তিনটি অক্ষরের পূণরাবৃত্তির বৈশিষ্ট্য বিশ্লেষণ করেন। তারপর তারা বের করেন এই পুনরাবৃত্তি কতো ঘন ঘন ঘটেছে। অন্যদিকে, ফরাসি দলটি কিউ-এর লেখার ধরন বের করার জন্য একটি এআইকে প্রশিক্ষণ দিয়েছেন।
উভয় কৌশলই ব্যাপকভাবে ‘স্টাইলোমেট্রি’ নামে পরিচিত, যেটি গণনযোগ্য, সামঞ্জস্যভিত্তিক এবং প্রতিরূপযোগ্যভাবে লেখার বিশ্লেষণ করে। অন্য লেখার মাধ্যমে তাদের প্রোগ্রামের বিভ্রান্তি এড়াতে দুটি দলই কেবল সামাজিক মাধ্যম পোস্টেই তাদের পরীক্ষা সীমাবদ্ধ রেখেছেন, তবে সম্ভাব্য অন্যান্য লেখকদের লেখাও তারা পরীক্ষার আওতায় এনেছেন। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে, যে ফার্বার এবং ওয়াটকিন্সের লেখাই কিউ-এর লেখার ধরনের সবচেয়ে কাছাকাছি।
ছবি: রয়টার্স
“শুরুর পোস্টগুলোর বেশিরভাগই এসেছে ফার্বারের কাছ থেকে।” – কাফেরো বলেন। কিন্তু কয়েক মাস পরই লেখায় পল ফার্বারের বৈশিষ্ট্য কমতে থাকে এবং রন ওয়াটকিন্সের লেখার লক্ষণ বাড়তে থাকে এবং এক পর্যায়ে ফার্বারের লেখার বৈশিষ্ট্য এদকম হারিয়ে যায়।
লেখক শনাক্ত করার জন্য এর আগেও মেশিন লার্নিং সফটওয়্যার ব্যবহৃত হয়েছে। ২০১৩ সালের ক্রাইম ফিকশন উপন্যাস ‘কুক্কু’স কলিং’য়ের লেখকের পরিচয় বের করা হয়েছে। এক পর্যায়ে প্রমাণিত হয় ‘রবার্ট গ্যালব্রাইথ’ ছদ্মনামের লেখক আসলে হ্যারি পটার খ্যাত জে কে রাউলিং। আর, সফলভাবে স্টাইলোমেট্রি ব্যবহার করেছে এফবিআই। ওই তদন্তে বেরিয়ে আসে ইউনিবম্বার ছদ্মনামধারী আসলে টেড ক্যাসিনস্কি।
নিউ ইয়র্ক টাইমস এ বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছে। কুক্কু’স কলিংয়ের লেখক হিসেবে রাউলিংকে চিহ্নিত করেছিলেন অধ্যাপক ও কম্পিউটার বিজ্ঞানী প্যাট্রিক জুওলা। তিনি বলছেন, এই ফলাফলগুলি বিশ্বাসযোগ্য।
“যা সত্যিই গুরুত্বপূর্ণ তা হলো দুটি স্বাধীন বিশ্লেষণের উভয়ই একই লক্ষণ শনাক্ত করেছে।”-- জুওলা বলেন।
ফার্বার এবং ওয়াটকিন্স উভয়ই ‘কিউ’-এর কোনও বার্তা লেখার কথা অস্বীকার করেছেন।
“আমি ‘কিউ’ নই” - ওয়াটকিন্স বলেন। অপরদিকে ফার্বার বলছেন, তিনি লেখালেখির ক্ষেত্রে ‘কিউ’-এর পোস্টে প্রভাবিত হয়েছেন। অবশ্য, ভাষা বিশেষজ্ঞরা এই দাবিকে সোজাসাপ্টা “অযৌক্তিক” বলে সিদ্ধান্ত টেনেছেন। ফার্বারের টুইটগুলোয় শনাক্তকারী বৈশিষ্ট্য ‘কিউ’--এর অস্তিত্বের প্রথম দিন থেকেই ছিল।
এরপর কী হবে তা স্পষ্ট নয়। গবেষকরা টাইমসকে বলেন, তারা আশা করেন, কিউ-য়ের মুখোশ খুলে দেওয়ার ফলে মানুষের উপর কিউ-অ্যানন এর নিয়ন্ত্রণ কমে আসবে।
সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়া ষড়যন্ত্র তত্ত্ব মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য অংশের রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছে। যদিও ‘কিউ’ ২০২০ সালের শেষ দিক থেকে কোনও নতুন বার্তা পাঠায়নি তবে ষড়যন্ত্র তত্ব যে ‘ডিপ স্টেট’-এর বিষয়ে জনগণের বিশ্বাস তৈরি করেছে সেখানে এখনো কোনো ভাটা পড়েনি।
ছবি: রয়টার্স
কিউ-অ্যানন কি?
ছবি: রয়টার্স
কিউ-অ্যানন হল ইন্টারনেটের মাধ্যমে ছড়ানো একগুচ্ছ ষড়যন্ত্র তত্ত্ব যার মূল কথা হলো পৃথিবী চালাচ্ছে শয়তান-উপাসনাকারী শিশু নিপীড়কদের একটি দল।
কিউ-অ্যানন অনুসারীরা বিশ্বাস করে, এই দলে জো বাইডেন, হিলারি ক্লিনটন, বারাক ওবামা এবং জর্জ সোরোসের মতো শীর্ষ ডেমোক্রেটরা আছেন। পাশাপাশি অপরাহ উইনফ্রে, টম হ্যাঙ্কস এবং এলেন ডিজেনেরেসের মতো সেলিব্রিটি এবং পোপ ফ্রান্সিস এবং দালাই লামার মতো ধর্মীয় নেতারাও এর অন্তর্ভুক্ত। কিউ-অ্যাননভূক্ত অনেকেরই বিশ্বাস, শিশু নিপীড়ণের পাশাপাশি এই দলের সদস্যরা নিপীড়ণ করা শিশুদের হত্যা করেন এবং খান। এর মাধ্যমে তারা ‘অ্যাড্রেনোক্রোম’ নামে একটি জীবনীশক্তিদাতা রাসায়নিক লাভ করেন।
কিউ-অ্যানন বিশ্বাস অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক জেনারেলরা ডনাল্ড ট্রাম্পকে ২০১৬ সালে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিয়োগ করেছিলেন যাতে করে তিনি অপরাধচক্র ভেঙে এর সদস্যদের বিচারের আওতায় আনেন। বিচারে এই সদস্যদের মধ্যে অনেককে শীঘ্রই গ্রেপ্তার করা হবে, অনেককে গুয়ানতানামো বে-তে কারারুদ্ধ করা হবে, অন্যরা সামরিক ট্রাইবুনালের মুখোমুখি হবে এবং তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
কিউ-অ্যাননের বাণী আসতো শীর্ষ ব্যক্তি ‘কিউ’-এর কাছ থেকে।
২০২০ সালের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটলে আক্রমণকারীদের একটি বড় অংশ কিউ-অ্যানন অনুসারী ছিল।
