২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একদিনের মধ্যেই আসছে ট্রাম্পের ‘ট্রুথ সোশাল’

অবশেষে অ্যাপল অ্যাপ স্টোরে যোগ হচ্ছে বহুল আলোচিত সামাজিক মাধ্যম অ্যাপ ‘ট্রুথ সোশাল’। প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তার বক্তব্য সঠিক হলে যুক্তরাষ্ট্রের ‘প্রেসিডেন্ট ডে’-তেই অনলাইন সামাজিক মাধ্যমে ফিরবেন বিতর্কিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2022, 03:31 PM

Updated : 02 Aug 2022, 02:57 PM

শুক্রবার অ্যাপটির পরীক্ষামূলক সংস্করণে একটি সিরিজ পোস্টে বিভিন্ন প্রশ্নের উত্তর এসেছে ‘ট্রুথ সোশাল’-এর প্রধান পণ্য কর্মকর্তার অ্যাকাউন্ট থেকে। ওই পোস্টের স্ক্রিনশট দেখে রয়টার্স জানিয়েছে, সোমবারেই অ্যাপলের অ্যাপ স্টোরে আসছে ‘ট্রুথ সোশাল’। অ্যাপটির বেটা সংস্করণ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছিল বেশ কয়েক মাস ধরেই। সিরিজ পোস্টে অ্যাপটির মূল সংস্করণ কবে বাজারজাত করা হবে সেই প্রশ্ন করেছিলেন এক ব্যবহারকারী

“আমরা এখন ২১ ফেব্রুয়ারি, সোমবার অ্যাপল অ্যাপ স্টোরে মুক্তির জন্য প্রস্তুত।”-- উত্তরে বলেছেন ‘ট্রুথ সোশাল’-এর ওই কর্মকর্তা।

ওই কর্মকর্তার দাবি সত্যি হলে, এক বছরের বেশি সময় পরে সামাজিক মাধ্যমে ফিরছেন ডনাল্ড ট্রাম্প। ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হিল দাঙ্গা উস্কে দেওয়ার অভিযোগে একযোগে টুইটার, ফেইসবুক, এবং অ্যালফাবেট ইনকর্পোরেটেড-এর ইউটিউব প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ হয়েছিলেন ট্রাম্প।

১৫ ফেব্রুয়ারি ট্রুথ সোশালে ডনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট থেকে নেওয়া একটি স্ক্রিনশট টুইট করেন ট্রাম্প জুনিয়র। পোস্টে ট্রাম্প বলেছিলেন, “তৈরি হন! আপনার পছন্দের প্রেসিডেন্টের সঙ্গে শিগগিরই দেখা হবে আপনার।”

ট্রুথ সোশালের পেছনে মূল প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (টিএমটিজি)। রয়টার্স বলছে, অ্যাপটির আনুষ্ঠানিক অভিষেক হলে, বিকল্প সামাজিক মাধ্যম নির্মাতা প্রযুক্তি প্রতিষ্ঠানের দীর্ঘ তালিকায় যোগ দেবে প্রতিষ্ঠানটি।

টুইটার, ফেইসবুক এবং ইউটিউবের মতো মূল ধারার সামাজিক মাধ্যমগুলোতে গ্রহণযোগ্যতা পান না এমন ব্যবহারকারীদের আকৃষ্ট করতে নিজস্ব প্ল্যাটফর্মগুলোকে বাক স্বাধীনতার অগ্রদূত হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে এই বিকল্প সামাজিক মাধ্যম সেবাগুলো। কিন্তু এখন পর্যন্ত মূলধারার প্রতিষ্ঠানগুলোর মতো শক্ত অবস্থান তৈরি করতে পারেনি ‘গেটটর’, ‘পার্লার’ এবং ভিডিও সাইট ‘রাম্বল’ এর মতো সেবাগুলো। 

স্ক্রিনশটে মুক্তির দিনক্ষণসহ অ্যাপটির বর্তমান সংস্করণ দেখার সুযোগ হয়েছে রয়টার্সের। অ্যাপটি ‘ভার্সন ১.০’-তে থাকায় ধারণা করা হচ্ছে জনসাধারণের জন্য উন্মুক্ত করার মতো উপযোগী পর্যায়ে আছে ট্রুথ সোশালের বর্তমান সংস্করণ। 

তবে, এ প্রসঙ্গে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাননি টিএমটিজি মুখপাত্র। অন্যদিকে, টানা কয়েক সপ্তাহ ধরে ট্রুথ সোশালের বেটা সংস্করণে ব্যবহারকারীদের কার্যক্রম বাড়াতে আহ্বান জানিয়ে আসছেন টিএমটিজি প্রধান এবং রিপাবলিকান দলের প্রতিনিধি ডেভিন নুনেস। অ্যাপল অ্যাপ স্টোরের তথ্যও বলছে, ট্রুথ সোশাল ২১ ফেব্রুয়ারি মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। 

ট্রুথ সোশালের বিভিন্ন ফিচার টুইটারের মতো হবে, প্রধান পণ্য কর্মকর্তার শুক্রবারের প্রশ্ন-উত্তর সিরিজ পোস্ট থেকে এমন ইঙ্গিত মিলছে বলে জানিয়েছে রয়টার্স। সিরিজ পোস্টে এক ব্যবহারকারী প্রশ্ন করেছিলেন যে তাদের পোস্ট বা ‘ট্রুথ’ এডিট করার সুযোগ থাকবে কি না। প্রতিষ্ঠানটির কর্মকর্তার পক্ষ থেকে উত্তর এসেছে, “এখনো না”। টুইটার ব্যবহারকারীরা পোস্ট এডিট করার ফিচারের প্রত্যাশায় অপেক্ষা করছেন অনেক দিন ধরেই।

বরং, ওই কর্মকর্তা জানিয়েছেন,  ট্রুথ সোশালের পরবর্তী বড় ফিচারটি হবে ব্যবহারকারীদের সরাসরি মেসেজ পাঠানোর সক্ষমতা। এ ছাড়াও, অন্যান্য ব্যবহারকারী নতুন কনটেন্ট পোস্ট করলে সে বিষয়ে নোটিফিকেশন পেতে সাইন-আপ করার ফিচারও যোগ হতে পারে অ্যাপটিতে।  

আর “অ্যাপে সবসময়ই ব্লক করার সুযোগ থাকবে,” বলেও জানিয়েছেন তিনি।

ট্রুথ সোশালের নানা খুঁটিনাটি তথ্য প্রকাশ পাচ্ছে বেশ কিছু দিন ধরেই। তবে, গোপন রাখা হয়েছে অ্যাপটির মূল প্রতিষ্ঠান টিমটিজি’র অনেক বিষয়। প্রতিষ্ঠানটি নিয়ে সংশয়ের কথা জানিয়েছেন প্রযুক্তি ও মিডিয়া খাতের অনেকেই। বিশেষ করে প্রতিষ্ঠানের তহবিল আসছে কোথা থেকে, সে বিষয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে।