‘চিটিং’ ঠেকাতে কল অফ ডিউটিতে নতুন ফিচার
জনপ্রিয় ভিডিও ‘গেইম কল অফ ডিউটি’তে ‘চিটিং’ ঠেকাতে নতুন ফিচার এনেছে নির্মাতা প্রতিষ্ঠান অ্যাকটিভিশন। ফিচারটির আনুষ্ঠানিক নাম ‘ড্যামেজ শিল্ড’; তবে সংশ্লিষ্টরা এরে আখ্যা দিচ্ছেন ‘গড মোড’ নামে।
‘চিট’ শব্দটির আক্ষরিক অর্থ ‘প্রতারণা’ এবং ‘প্রতারক’ হলেও ভিডিও গেইমের বেলায় খানিকটা পাল্টে যায় শব্দটির অর্থ। এক্ষেত্রে এমন একজন গেইমারকে বোঝায়, যিনি গেইমের মূল সফটওয়্যারের পাশাপাশি এমন কোনো সফটওয়্যার ব্যবহার করেন যাতে প্রতিপক্ষকে হারানো সহজ হয় অথবা সময় মতো বিশেষ কোনো কোড প্রয়োগ করে বাড়তি সুবিধা নেন গেইম থেকে। ‘কল অফ ডিউটি: ওয়ারজোন’-এ এমন ‘চিট’দের দৌরাত্ব সাধারণ গেইমারদের মাথাব্যথার কারণ ছিল অনেক দিন ধরেই।
আর এই ‘চিট’দের মোকাবেলয়ায় অ্যাকটিভিশন সম্প্রতি যে পন্থাটি বেছে নিয়েছে সেটিও বেশ মজার। ‘কল অফ ডিউটি: ওয়ারজোন’-এর নতুন ‘রিকোশে’ অ্যান্টি-চিট সফটওয়্যারটির কারণে গেইমারদের গায়ে লেগে হেলথ বার কমিয়ে আনার বদলে বাউন্স করবে চিটের বুলেট।
ফলে এমন কোনো ‘চিট’ গেইমারের সম্মুখীন হলে বিপাকে পড়তে হবে না গেইমারকে। এই ফিচারটিকেই বলা হচ্ছে ‘ড্যামেজ শিল্ড’। ওই প্রতারকের কাছে গিয়ে তাকে ইচ্ছা মতো পেটাতে পারবেন গেইমাররা।
এক ব্লগ পোস্টে নতুন ফিচারের ঘোষণা দিয়ে অ্যাকটিভিশন বলেছে, “সার্ভার যখনই বুঝতে পারবে যে একজন চিট গেইমকে প্রভাবিত করার চেষ্টা করছে,” তখনই চালু হয়ে যাবে নতুন ফিচারটি। এ ছাড়া গেইম চলাকালীন ফিচারটি হঠাৎ চালু হয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই।
“নিয়ম মেনে চলা দু’জন কমিউনিটি সদস্যের গোলাগোলিতে আমরা কখনোই হস্তক্ষেপ করতে যাবো না,” বলেছে অ্যাকটিভিশন।
চিটদের জন্য আলাদা সতর্কবার্তাও দিয়েছে গেইম নির্মাতা প্রতিষ্ঠানটি। ধরা পড়লে তাদের শুধু একটি গেইম থেকে নয়, পুরো ‘কলফ অফ ডিউটি’ ফ্র্যাঞ্চাইজ থেকে একযোগে নিষিদ্ধ করা হবে বলে সতর্ক করে দিয়েছে অ্যাকটিভিশন। এই সিরিজের পরবর্তী গেইমগুলোতেও কার্যকর হবে ওই নিষেধাজ্ঞা।
সাম্প্রতিক বছরগুলোতে পুরো ভিডিও গেইশিং শিল্পের জন্যই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে চিটের দৌরাত্ব। পরিস্থিতি এতোটাই প্রকট আকার ধারণ করেছে যে, বিভিন্ন গেইম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন পেশাদার গেইমাররা; চিটদের সঙ্গে খেলতে হবে এই আশঙ্কায় পিসি’র গেইমার সঙ্গে ক্রস প্ল্যাটফর্ম খেলায় আগ্রহী নন কনসোল গেইমাররা। এমন চিটদের আশংকায় জনপ্রিয় গেইম ‘ফোর্টনাইট’-কে নির্মাতা প্রতিষ্ঠান এপিক গেইমস স্টিম ডেকের উপযোগী করে বাজারজাত করছে না বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
এই পরিস্থিতি মোকাবেলায়া অ্যাকটিভিশনের মতো বড় প্রতিষ্ঠানগুলো মাঠে নামছে আঁট-ঘাট বেঁধে। ক্ষেত্রবিশেষে চিট কোডের নির্মাতার বিরুদ্ধে সরাসরি আইনি পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি, অথবা কঠোর আইনি পদক্ষেপের হুমকি দিয়েছে তাদের।
