২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ‘চালকবিহীন’ উড়ল ব্ল্যাকহক হেলিকপ্টার

চালকবিহীন ড্রোন উড়ছে কয়েক বছর ধরে। স্বচালিত গাড়িও চলছে বিশ্বের বিভিন্ন দেশের সড়কে। এবার প্রথমবারের মতো উড়ল মানব চালকবিহীন হেলিকপ্টার।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2022, 05:37 PM

Updated : 28 Apr 2022, 11:37 PM

শনিবার মানব পাইলট ছাড়াই একটি ইউএইচ-৬০এ ব্ল্যাক হক হেলিকপ্টার উড়িয়েছে মার্কিন প্রতিরক্ষা গবেষণা সংস্থা ‘ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি’ বা ডারপা। প্রতিষ্ঠানটির ‘এয়ারক্রু লেবার ইন-ককপিট অটোমেশন সিস্টেম’ বা এলিয়াস প্রোগ্রাম কেনটাকি অঙ্গরাজ্যের ফোর্ট ক্যাম্পবেলের উপর অটোপাইলটের সাহায্যে হেলিকপ্টারটি চালানোর জন্য ব্যবহার করা হয়।

ব্ল্যাক হক কপ্টারটিতে ব্যবহৃত হয় সিকরস্কি ম্যাট্রিক্স স্বচালিত উড়ুক্কু প্রযুক্তি। ডারপা বলেছে, সোমবারও এটি ফের “মানববিহীন ফ্লাইট” সম্পন্ন করেছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট।

ডারপা’র কৌশলগত প্রযুক্তি বিভাগের প্রোগ্রাম ম্যানেজার স্টুয়ার্ট ইয়ং বলেন, “এর মাধ্যমে পাইলটরা যন্ত্রকৌশলের বদলে মিশন পরিচালনার দিকে মনোযোগ দিতে পারবেন।”

“এলিয়াস-এর রয়েছে সব সময়– দিনে বা রাতে, পাইলটদের সঙ্গে বা ছাড়াই বিভিন্ন কঠিন পরিস্থিতিতে, যেমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বা ঘিঞ্জি পরিবেশে আকাশযান পরিচালনার ক্ষমতা।”

স্বচালিত হেলিকপ্টার প্রকল্পে মার্কিন সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে কাজ করছে। এর আগে, ২০১৩ সালে মানববিহীন এমকিউ -৮সি ফায়ার স্কাউট কপ্টার ৭ মিনিটের একটি পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করে।

এ ছাড়াও ডারপা বছরের পর বছর ধরে স্বচালিত প্লেনের প্রযুক্তি নিয়ে কাজ করছে। এর মধ্যে রয়েছে হেলিকপ্টার, রোবোটিক ল্যান্ডিং গিয়ার, ডেলিভারি ড্রোন এবং এক্স-প্লেন।