২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এনভিডিয়া’র মালিকানায় যাচ্ছে না এআরএম

গ্রাফিক্স জায়ান্ট এনভিডিয়ার অধীনে যাচ্ছে না সেমিকন্ডাক্টর নকশা প্রতিষ্ঠান এআরএম। এনভিডিয়া’র সঙ্গে চার হাজার কোটি ডলারের মালিকানা হাতবদলের চুক্তি বাতিল হওয়ার খবর নিশ্চিত করেছে এরআরএমের স্বত্বাধিকারী সফটওব্যাংক। উল্টো চুক্তি সম্পন্ন করতে ব্যর্থ হওয়ায় সফটব্যাংককে একশ’ ২৫ কোটি ডলারের ক্ষতিপূরণ দেবে এনভিডিয়া।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2022, 04:38 PM

Updated : 02 Aug 2022, 02:52 PM

এআরএম নিয়ে এনভিডিয়ার সঙ্গে সফটব্যাংকের চুক্তি ভেস্তে যাওয়া খবর প্রথম প্রকাশ করেছে ফাইনানশিয়াল টাইমস। অন্যদিকে, পরিবর্তন আসছে এআরএমেও। প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন সিমন সেগার্স। তার স্থলাভিষিক্ত হবেন এআরএম-এর আইপি প্রধান রেনে হাস। লক্ষ্যণীয় বিষয় হচ্ছে, এক সময়ে এনভিডিয়ার হয়েও কাজ করেছেন তিনি।

এনভিডিয়া এআরএম কিনছে, ২০২০ সালের সেপ্টেম্বরে এই খবর প্রকাশের পর কেঁপে উঠেছিল পুরো বৈশ্বিক প্রযুক্তি শিল্প। মালিকানা হাতবদলের চুক্তিটি সম্পন্ন হলে কার্যত বাজারের সব স্মার্টফোন আর ট্যাবলেটে ব্যবহৃত চিপের নকশা স্বত্ব যেত এনভিডিয়ার অধীনে। গেল কয়েক বছরে নিজেদের মূল কম্পিউটার চিপ ব্যবসার পাশাপাশি ডেটা সেন্টার, অটোমোবাইল, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবসায় হাত দিয়েছে এনভিডিয়া।

পুরো প্রযুক্তি শিল্পের সবচেয়ে স্পর্শকাতর বিষয়গুলোর একটি এনভিডিয়া’র একক নিয়ন্ত্রণে থাকবে, এই চিন্তাটি শঙ্কিত করেছিল শিল্প সংশ্লিষ্টদের। এআরএম প্রসেসর তৈরি করে না বরং প্রসেসরের কাঠামো নকশা করে। সেই নকশা ব্যবহার করে এনভিডিয়া, স্যামসাং, অ্যাপলের মতো প্রতিষ্ঠান তৈরি করে তাদের প্রয়োজন অনুযায়ী প্রসেসর। অ্যাপলের নতুন এম১ চিপ এআরএম নকশার ওপর ভিত্তি করে তৈরি করা। সকল আইফোন, আইপ্যাড এবং অ্যাপল ওয়াচ চলে এআরএম কাঠামোয় তৈরি করা প্রসেসরের সাহায্যে।

এর মানে হচ্ছে, এখন পর্যন্ত এআরএম এমন একটি প্রতিষ্ঠান যার তৈরি করা নকশা ব্যবহার করছে এনভিডিয়াসহ বিভিন্ন শীর্ষ প্রসেসর নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান। এখন এর মালিকানা হাতে পেলে এই প্রযুক্তির ওপর একচ্ছত্র ক্ষমতা হাতে পাবে এনভিডিয়া। অন্যান্য প্রতিষ্ঠানগুলোর উপর ওই মালিকানা হাতবদলের চুক্তির বিরূপ প্রভাবের আশঙ্কায় আদালতে মামলা করেছিল যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)।

চুক্তি ভেস্তে যাওয়ার পর সফটব্যাংক এখন এআরএম-কে শেয়ার বাজারে আনতে চাইছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। ১ এপ্রিলে শুরু হওয়া আর্থিক বছরে এআরএম-এর আইপিও ছাড়ার পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। চুক্তি ভেস্তে যাওয়া প্রসঙ্গে ভার্জকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি এনভিডিয়া। মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি সফটব্যাংক বা এআরএম।

শুরু থেকেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল চুক্তিটি। বিভিন্ন সময়ে জনসমক্ষে চুক্তির পক্ষে কথা বলতে বাধ্য হয়েছেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং। এক পর্যায়ে চুক্তি সম্পন্ন করতে পরিকল্পনার চেয়ে বেশি সময় লাগতে পারে বলে স্বীকার করেন তিনি।

যুক্তরাষ্ট্রের এফটিসি’র পাশাপাশি চুক্তিটি নিয়ে যুক্তরাজ্য ও ইউরোপেও বাজার পর্যবেক্ষকদের আপত্তির মুখে পড়েছিল এনভিডিয়া। চুক্তিটি যে ভেস্তে যাওয়ার পথে আছে, সপ্তাহ দুয়েক আগেই সে খবর জানিয়েছিল বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ।