২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলতি বছরেই ডিজিটাল রুপি আনার পরিকল্পনায় ভারত

চলতি বছরেই ভারত রুপির ডিজিটাল সংস্করণ আনতে পারে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী। বাৎসরিক বাজেট ঘোষণায় ডিজিটাল সম্পদ থেকে আসা আয়ের ৩০ শতাংশ পর্যন্ত কর আরোপের পরিকল্পনার কথাও বলেছেন নির্মলা সিথারামান।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2022, 04:42 PM

Updated : 02 Aug 2022, 02:49 PM

সম্প্রতি ডিজিটাল ইউয়ানের পরীক্ষামূলক লেনদেন শুরু করেছে চীন। বিশ্বের বৃহত্তম অর্থনীতিগুলোর মধ্যে ভারতও এবার একই পথে হাঁটছে। অর্থমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়ন হলে ভারতের বাজারে সবচেয়ে বেশি কর আরোপিত খাতগুলোর মধ্যে পড়বে ক্রিপ্টো মুদ্রা ও নন-ফাঞ্জিবল টোকেনের লেনদেন থেকে আসা আয়। 

“কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রার প্রচলন ডিজিটাল মুদ্রা অর্থনীতিকে বড় বুস্ট দেবে,” মঙ্গলবার বলেছেন সিথারামান।

“ডিজিটাল মুদ্রা ব্যবস্থা আরো কার্যকর ও কম খরচের মুদ্রা ব্যবস্থাপনার পথ তৈরি করবে।”-- যোগ করেন তিনি।

ডিজিটাল সম্পদ লেনদেনের হার ও ব্যাপকতা এই খাতটিকে “নির্দিষ্ট কর ব্যবস্থার অধীনে আনাকে অপরিহার্য করে তুলেছে” বলে মন্তব্য করেন তিনি। ভারত উপহার হিসেবে দেওয়া ডিজিটাল সম্পদের উপরও কর আরোপ করবে বলে জানিয়েছে বিবিসি। সেক্ষেত্রে কর পরিশোধ করতে হবে উপহারের প্রাপককে। অন্যান্য লেনদেনগুলোর বেলায় কর কেটে রাখা হবে শুরুতেই।

ভারত সরকারের বাৎসরিক বাজেট ঘোষণার মধ্যেই নতুন পরিকল্পনা সম্পর্কে জানালেন সিথারামান। 

ডিজিটাল মুদ্রা প্রযুক্তিকে নানা ভাবে নিজেদের সুবিধামতো ব্যবহারের চেষ্টা শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশ। গেল বছরেই স্বীকৃত মুদ্রা হিসেবে স্থানীয় বাজারে বিটকয়েনের প্রচলন করেছে এল সালভাদর সরকার। অন্যদিকে, আসন্ন শীতকালীন অলিম্পিকের আগেই অন্যান্য সব ডিজিটাল মুদ্রার লেনদেন ও মাইনিং নিষিদ্ধ করে ডিজিটাল ইউয়ানের পরীক্ষামূলক লেনদেন শুরু করেছে চীন সরকার। 

যুক্তরাজ্যেও কেন্দ্রীয় ব্যাংক নির্ভর ডিজিটাল মুদ্রা প্রচলনের সম্ভাব্যতা যাচাই করে দেখছে ব্যাংক অফ ইংল্যান্ড এবং দেশটির ট্রেজারি বিভাগ।

স্থানীয় ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ীরা ভারত সরকারের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে বলে উঠে এসেছে বিবিসি’র প্রতিবেদনে। এই উদ্যোগ “ভার্চুয়াল ডিজিটাল সম্পদকে গ্রহণযোগ্যতা দিচ্ছে” বলে মন্তব্য করেছেন ভারতভিত্তিক ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ‘কয়েনডিসিএক্স’ এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সুমিত গুপ্তা।

এই খাতের উপর কর আরোপ ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখলেও করের হার বেশি বলে মনে করেন গুপ্তা। করের হার ৩০ শতাংশ রাখলে, তা বড় পরিসরে এই প্রযুক্তির গ্রহণযোগ্যতা পাওয়ার পথে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াতে পারে বলে শঙ্কার কথা জানিয়েছেন তিনি।