২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেটফ্লিক্সে আসছে ‘লিগ অফ লিজেন্ডস’-এর মোবাইল স্পিনঅফ

নিজস্ব প্ল্যাটফর্মে ক্রমান্বয়ে মোবাইল গেইমের সংখ্যা বাড়াচ্ছে নেটফ্লিক্স। তালিকায় সর্বশেষ সংযোজন হিসেবে যোগ হতে যাচ্ছে জনপ্রিয় গেইম ‘লিগ অফ লিজেন্ডস’ স্পিনঅফ ‘হেক্সটেক মেহ্যাম’, আরো আসছে ‘ডানজন ডোয়ার্ভস’।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2022, 02:05 PM

Updated : 02 Aug 2022, 02:49 PM

নেটফ্লিক্স গ্রাহক হয়ে থাকলে অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্ম থেকে খেলা যাবে গেইমগুলো।

‘ডানজন ডোয়ার্ভস’ গেইমটির নির্মাতা ‘হাইপার হিপো’। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ বলছে অ্যাপ অ্যাকটিভ না থাকলেও চলতে থাকবে গেইমটি। এটি খেলতে হবে পাঁচ ‘ডোয়ার্ফ’ এর দল নিয়ে, মাটির নিচে ক্রমান্বয়ে পাথর ভেঙে এবং দানবদের হারিয়ে দখল নিতে হবে নিজের এলাকার। গেইমার ‘অ্যাকটিভ’ না থাকলেও গেইমের ‘ডানজন’গুলোতে অভিযান চালিয়ে যাবে ‘ডোয়ার্ফ’ এর দল।

তবে নতুন গেইমের মধ্যে আলাদা গুরুত্ব পাচ্ছে ‘হেক্সটেক মেহ্যাম’। ‘লিগ অফ লিজেন্ডস’ নির্মাতা রায়ট গেইমসের তৈরি ‘রিদম রানার’ ধরনের গেইম এটি। ‘লিগ অফ লিজেন্ডস’এর কয়েকটি চরিত্রও থাকবে এতে। গেইমটির নির্মাতা ‘চয়েস প্রভিশনস’ হলেও এর প্রকাশক রায়ট গেইমসের প্রকাশনা বিভাগ ‘রায়ট ফোর্স’।

ইতোমধ্যেই পিসি ও কনসোল প্ল্যাটফর্মের জন্য বাজারজাত করা হয়েছে ‘হেক্সটেক মেহ্যাম’। তবে গেইমটির মোবাইল সংস্করণ নেটফ্লিক্সের মোবাইল অ্যাপে আসছে খবর রটায় সাড়া পড়েছে মোবাইল গেইমারদের মধ্যে। বলা হচ্ছে, স্ট্রিমিং প্ল্যাটফর্মটির সবচেয়ে জনপ্রিয় টাইটেল হতে যাচ্ছে এটি।

নেটফ্লিক্স গেইমিং খাতে অংশগ্রহণে তৎপরতা বাড়িয়েছে অনেক দিন ধরেই। সাবেক ইলেকট্রনিক আর্টস ও অকুলাস কর্মী মাইক ভার্দুকে গেইম ডেভেলপমেন্ট বিভাগের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়ে আলোড়ন সৃষ্টি করেছিল স্ট্রিমিং প্ল্যাটফর্মটি। 

ভার্জ বলছে, শুরুর দিকে নেটফ্লিক্স যে গেইমগুলো এনেছিল, আলাদা কোনো গুরুত্ব পায়নি সেগুলো। তবে ‘হেক্সটেক মেহ্যাম’ নিজের প্ল্যাটফর্মে এনে সৌখিন গেইমারদের পাশাপাশি পেশাদার গেইমারদের নিজের প্ল্যাটফর্মের টানার ইচ্ছার ইঙ্গিত দিচ্ছে স্ট্রিমিং সেবাটি।

সনি ও মাইক্রোসফটের মতো প্রভাবশালী প্রতিষ্ঠানগুলো যখন গেইম নির্মাতা প্রতিষ্ঠান কিনে নিজেদের সক্ষমতা বাড়িয়েছে বাজারে অবস্থান আরো শক্ত করতে চাইছে, সে সময়ে নেটফ্লিক্সে কর্মকাণ্ড থেকেও গেইমিং শিল্পে শক্ত অবস্থান গড়ার লক্ষ্যের ইঙ্গিত মিলছে বলে মন্তব্য ভার্জের।