ডিয়েমের কফিনে পড়েছে শেষ পেরেক, স্বপ্ন ভঙ্গ জাকারবার্গের,
সামাজিক মাধ্যমের ডিজিটাল দুনিয়ায় নিজের আলাদা সাম্র্যাজ্য গড়ে নিয়েছেন ফেইসবুক কাণ্ডারী মার্ক জাকারবার্গ; কিন্তু, একই ঘটনা আর ঘটার সম্ভবনা নেই ডিজিটাল মুদ্রা খাতে। শেষ পেরেক পড়েছে ফেইসবুক স্বত্বাধিকারী মেটা’র নিজস্ব ক্রিপ্টো মুদ্রার কফিনে।
একাধিক রিব্র্যান্ডিং, কংগ্রেস শুনানী আর গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের প্রস্থানের পর হাল ছেড়ে দিয়েছে মেটা’র ক্রিপ্টোকারেন্সি প্রকল্প ডিয়েম। সোমবার নিজেদের সব সম্পদ প্রায় ২০ কোটি ডলারের বিনিময়ে বেচে দেওয়ার খবর জানিয়েছে ‘দ্য ডিয়েম অ্যাসোসিয়েশন’।
প্রকল্পটির সব সম্পদ ক্রিপ্টোকারেন্সিমুখী ব্যাংক ‘সিলভারগেট’-এর কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের মুদ্রা মানের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি ‘স্টেবল কয়েন’ প্রচলনের লক্ষ্যে ওই ব্যাংকটির সঙ্গেই কাজ করছিল ডিয়েম অ্যাসোসিয়েশন।
ডিয়েম প্রধান নির্বাহী স্টুয়ার্ট লেভি এক সংবাদ বিবৃতিতে জানিয়েছেন, “প্রকল্পটি যে আর সামনে এগোতে পারবে না, সরকারি পর্যবেক্ষকদের সঙ্গে আলোচনা থেকে সেটি পরিষ্কার হওয়ার পরই” সম্পদ বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিয়েম অধ্যায়ের অবসান এমন একটি চেষ্টার উপসংহার টানলো যা শুরু থেকেই ব্যর্থ হওয়ার পথে ছিল বলে মন্তব্য করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। মেটা ক্রিপ্টো মুদ্রা লেনদেনের অ্যাপ বানিয়েছিল তাদের নিজস্ব ক্রিপ্টো টোকেন লেনদেনের মূল মাধ্যম হিসেবে ব্যবহারের লক্ষ্য নিয়ে। লেনদেন ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে জোট বেঁধে ‘লিব্রা অ্যাসোসিয়েশন’ বানিয়েছিল মেটা। পরবর্তীতে ‘লিব্রা’ নামটি থেকে সরে এসে ‘ডিয়েম’ নামকরণ করেছিল ওই সোশাল মিডিয়া জায়ান্ট।
কিন্তু, বিতর্কিত এই প্রযুক্তি জায়ান্টকে লিব্রা আরো ক্ষমতার অধিকারী করে তুলবে বলে শুরু থেকেই আশঙ্কা করছিলেন সংশ্লিষ্টরা। অন্যদিকে, প্রকল্পটি থেকে একে একে সরে এসেছেন গুরুত্বপূর্ণ সব কর্মকর্তারা।
বাজারে ‘লিব্রা’র অভিষেকের সময় ‘স্টেবলকয়েন’-এর ধারণাটি ছিল একেবারেই নতুন। তাই শুরুতে এই ডিজিটাল মুদ্রাগুলো নিয়ে মাথা ঘামাননি বাজার পর্যবেক্ষকরা। নিয়মিত লেনদেন নিশ্চিত করতে এবং মূল্য স্থিতিশীল রাখতে মূল ধারার আর্থিক ব্যবস্থায় প্রচলিত মুদ্রার সঙ্গে সামঞ্জস্য রেখে মান নির্ধারণ করা হয় ‘স্টেবলকয়েন’-এর। কিন্তু ২০১৯ সাল থেকে স্টেবলকয়েন বাজারের পরিধি বাড়তে থাকায় এর উপর নজরদারি বেড়েছে পর্যবেক্ষক সংস্থাগুলোর।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ নভেম্বর মাসেই বলেছিল যে, স্টেবলকয়েন মূল ধারার ব্যাংকের মতো নিয়ন্ত্রিত হওয়া উচিত বলে মনে করেন তারা। অন্যদিকে খবর রটেছে, সরকারি সংস্থাগুলোকে ক্রিপ্টো মুদ্রা বাজারকে জাতীয় নিরাপত্তার বিষয় হিসেবে বিবেচনা করে নিয়ন্ত্রণে রাখতে বলার পরিকল্পনা করেছে হোয়াইট হাউজ।
মেটা’র ডিয়েম অধ্যায়ের অবসান হলেও সিলভারগেট বা অন্য কোনো প্রতিষ্ঠান প্রকল্পটিকে পুনরুজ্জীবিত করতে পারে বলে জানিয়েছে ভার্জ। দিন শেষে মেটা’র ‘কুখ্যাতি’ ডিজিটাল মুদ্রাটির জন্য কাল হয়ে দাঁড়ালেও ডিয়েম-এর লেনদেন ব্যবস্থা অন্যান্য স্টেবলকয়েনের তুলনায় স্বচ্ছ এবং বাজার পর্যবেক্ষকদের নজরদারির উপযোগী ছিল বলে জানিয়েছে সাইটটি। কিন্তু প্রকল্পটি শীর্ষ কর্মকর্তাদের প্রায় সবাই একে একে মেটা থেকে সরে আসায় ডিজিটাল মুদ্রাটির ফিরে আসার সম্ভাবণা একেবারেই ক্ষীণ বলে জানিয়েছে ভার্জ।
