২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপল-এপিক মামলায় এপিকের সমর্থনে ৩৫ মার্কিন অঙ্গরাজ্য

অ্যাপলের বিরুদ্ধে এপিক গেইমসের আইনি লড়াইয়ে ৩৫টি মার্কিন অঙ্গরাজ্যের সমর্থন পেয়েছে ফোর্টনাইট গেইম নির্মাতা প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2022, 01:11 PM

Updated : 02 Aug 2022, 02:49 PM

অ্যাপল তার অ্যাপ স্টোরের যাবতীয় ‘ইন-অ্যাপ পারচেজ’ থেকে শতকরা ৩০ ভাগ কেটে রাখে এবং এই বিষয়টিকে আদালতে চ্যালেঞ্জ করেছে এপিক। কিন্তু বিচারক বলছেন, এপিক তার দাবি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে।

ওই রায়ের বিপক্ষে সেপ্টেম্বরে আপিল করে গেইম নির্মাতা প্রতিষ্ঠানটি।

এবার ৩৫টি মার্কিন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল, মাইক্রোসফট এবং ইলেক্ট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন সেই আপিলের সমর্থনে আদালতে ব্রিফ দাখিল করেছে বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

প্রতিযোগিতা কঠোর

এপিকের যুক্তি ছিল, অ্যাপলের আইওএস প্ল্যাটফর্মের কঠোর নিয়ন্ত্রণ একটি একচেটিয়া আচরণ।

তবে বিচারক ইয়োভানে গঞ্জালেজ-রজার্স বলেন, “চুড়ান্ত বিচারে আদালতের পক্ষে বলা সম্ভব হচ্ছে না যে, অ্যাপল একচেটিয়া আধিপত্যবাদী আচরণ করছে।”

এর পরপরেই প্রতিক্রিয়ায় অ্যাপল বলে, “আমরা এতদিন যা জানি তা-ই প্রমাণিত হলো - অ্যাপ স্টোর অ্যান্টিট্রাস্ট আইন লঙ্ঘন করছে না।”

“যেখানে আমরা ব্যবসা করি তার প্রতিটি ধাপে অ্যাপল কঠোর প্রতিযোগিতার মুখোমুখি হয় এবং আমরা বিশ্বাস করি, গ্রাহক এবং ডেভেলপাররা আমাদের বেছে নেয় কারণ আমাদের পণ্য এবং পরিষেবাগুলি বিশ্বের সেরা।”

কিন্তু এপিক গেইমসের প্রধান টিম সুইনি বলছেন, ওই রায় “ডেভেলপার বা ভোক্তাদের জন্য জয় নয়”। তিনি “লড়াই চালিয়ে” যাওয়ার কথা বলছেন।

বিশ্বস্ত মার্কেটপ্লেস

মাইক্রোসফট, ইলেক্ট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন এবং ৩৫টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা একসঙ্গে সবাই ‘অ্যামিকাস ব্রিফ’ পেশ করেছেন।

যখন কোনো মামলায় তৃতীয় পক্ষ নিজ থেকে আদালতে তথ্য বা বিশেষজ্ঞ মতামত দেন, তাকে অ্যামিকাস ব্রিফ বলে। সাধারণত এর উদ্দেশ্য থাকে আদালতের রায়কে ন্যায়ের পক্ষে প্রভাবিত করা।

ইউটাহ’র নেতৃত্বে ৩৫টি অঙ্গরাজ্যের জমা দেওয়া ওই ব্রিফের সার সংক্ষেপ হচ্ছে, অ্যাপল “মোবাইল-অ্যাপ ডেভেলপারদের” এবং “লক্ষ লক্ষ নাগরিকের” ক্ষতি করছে।

এদিকে মাইক্রোসফটের ব্রিফে উল্লেখ রয়েছে, “কয়েকটি কোম্পানি… আর্থিক কর্মকাণ্ডের এতো বিশাল স্রোত নিয়ন্ত্রণ করছে।”

মার্কিন বিচার বিভাগও একটি পৃথক অ্যামিকাস ব্রিফ দায়ের করেছে। এতে অনেকের যুক্তিই এপিকের অবস্থানকে সমর্থন করে।

বিবিসিকে অ্যাপল বলেছে, “আমরা আশাবাদী যে, আপিলের রায়ে আগের সিদ্ধান্তই বহাল থাকবে এবং এপিকের চ্যালেঞ্জ ব্যর্থ হবে।”

“আমরা নিশ্চিত করতে চাই যে, অ্যাপ স্টোর গ্রাহকদের জন্য একটি নিরাপদ এবং বিশ্বস্ত মার্কেটপ্লেস এবং ডেভেলপারদের জন্য একটি চমৎকার সুযোগ।”