ভিআর প্রযুক্তিতে শিশু নিরাপত্তা নিয়ে শঙ্কায় ডাক পড়েছে মেটা’র
‘মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড’-এর ভার্চুয়ালি রিয়ালিটি (ভিআর) হেডসেট ব্যবসা আদৌ শিশু নিরাপত্তা নীতিমালা মানে কি না, সে প্রশ্নে সন্দিহান বাজার নিয়ন্ত্রকরা। তাই জিজ্ঞাসাবাদের টেবিলে ডাক পড়েছে শীর্ষ সামাজিক মাধ্যম ফেইসবুকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তাদের।
সম্প্রতি মেটা’র অকুলাস প্ল্যাটফর্মে তৃতীয় পক্ষীয় ভিআর অ্যাপে অপ্রাপ্তবয়স্কদের হয়রানির অভিযোগ উঠেছে। অন্যদিকে, যুক্তরাজ্যের বাজার নিয়ন্ত্রক সংস্থা ‘ইনফর্মেশন কমিশনার্স অফিস (আইসিও)’র ‘শিশু নীতিমালা’র মূল উদ্দেশ্য – যে অনলাইন সেবাগুলোয় শিশু বা অপ্রাপ্তবয়স্কদের প্রবেশের সুযোগ রয়েছে, ওই সেবাগুলো যেন বয়স অনুযায়ী তাদের ব্যবহারের উপযোগী হয়।
কিন্তু অকুলাস প্ল্যাটফর্মের অ্যাপ ‘ভিআরচ্যাট’-এ অপ্রাপ্তবয়স্কদের হয়রানির অভিযোগ তুলেছেন অনলাইন অধিকারকর্মীদের একটি সংগঠন।
এই পরিস্থিতিতে মেটা বলছে, শিশু নিরাপত্তা বিষয়ক নীতিমালার প্রয়োগ নিশ্চিত করতে আইসিও-র সঙ্গে কাজ করবে তারা। “নীতিমালার অধীনে দায়বদ্ধতা পূরণে এবং তরুণদের বয়স উপযোগী অভিজ্ঞতা দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”
অকুলাসের নিজস্ব নীতিমালা অনুযায়ী, ১৩ বছরের বেশি হতে হবে ব্যবহারকারীর বয়স। “শিশুরা কী ভাবে অকুলাস ডিভাইস ব্যবহার করছে, তার উপর প্রাপ্তবয়স্কদের নজর রাখা উচিত”-- বলা আছে ওই নীতিমালায়।
তবে, সংশ্লিষ্টদের আশঙ্কা, ব্যবহারকারীর বয়স নিশ্চিত করতে অকুলাস যে কৌশল অবলম্বন করছে তা যথেষ্ট নয়।
অকুলাস প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে সাইবার অধিকারকর্মীদের সংগঠন ‘সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেইট (সিসিডিএইচ)।’ সংস্থাটির নজর পড়েছে অকুলাস প্ল্যাটফর্মের তৃতীয় পক্ষীয় অ্যাপ ‘ভিআরচ্যাট’-এর উপর।
একাধিক প্ল্যাটফর্মে চলে অ্যাপটি। অ্যাপটিতে নিজের পছন্দমতো একটি ‘ভার্চুয়াল পরিবেশ’ তৈরি করতে পারেন ব্যবহারকারী। তারপার সেখানেই অন্যদের সঙ্গে যোগাযোগ বা আলাপচারিতা চলিয়ে যেতে পারেন ব্যবহারকারী।
অ্যাপটিতে ব্যবহারকারীর নির্মিত একটি ‘ভার্চুয়াল পরিবেশে’ ঢুকেছিলেন গবেষকরা। ওই ‘ভার্চুয়াল পরিবেশ’টি যৌনতা বিষয়ক হলেও সেটিকে ১৩ বা তার বেশি বয়সী শিশুদের ব্যবহারের উপযোগী বলে চালানো হচ্ছিল।
এই প্রসঙ্গে মন্তব্য জানতে চেয়ে ‘ভিআরচ্যাট’-কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি।
ভিআরচ্যাট-এর কমিউনিটি গাইডলাইন অনুযায়ী, কোনো রকমের হয়রানিমূলক আচরণের সুযোগ নেই অ্যাপটিতে, “অনুমোদন নেই পর্নোগ্রাফি এবং নগ্নতার”।
এমন পরিস্থিতিতে আইসিও বলছে, “অকুলাসের পণ্য এবং ভার্চুয়াল রিয়ালিটি সেবায় শিশুদের গোপনতা এবং ডেটা নিরাপত্তা নিয়ে মেটা’র সঙ্গে আরো আলোচনার পরিকল্পনা করছি আমরা।”
‘ভার্চুয়াল পরিবেশে’ শিশুদের নিরাপত্তা নিয়ে নিজের শঙ্কার কথা জানিয়েছেন যুক্তরাজ্যের ‘ন্যাশনাল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু চিলড্রেন’-এর অনলাইন শিশু নিরাপত্তা নীতিমালা প্রধান অ্যান্ডি বারোস।
“অকুলাস ব্যবহারের সময়েও ক্ষতিকর ও নেতিবাচক কনটেন্টের মুখে পড়তে পারে শিশুরা। এখান থেকেই গুরুত্বপূর্ণ প্রশ্নটি উঠছে, মেটা আদৌ শিশু নীতিমালা মেনে চলছে কি না।”
এ বিষয়ে দেওয়া বিবৃতিতে মেটা বলেছে, “আইসিও’র সঙ্গে আলোচনার ভিত্তিতে বয়স উপযোগী ডিজাইন কোডের (শিশুদের জন্য নীতিমালা) মান অনুযায়ী প্রয়োগ নিশ্চিত করতে কাজ করছি আমরা।”
