২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

‘বিগ টেক’-এর অনুপস্থিতিতে সিইএস কমে এলো তিন দিনে

কোভিড ভাইরাসের নতুন ভেরিয়েন্ট সংক্রমণ আশঙ্কায় ‘কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস)’ থেকে পিছ পা হয়েছে ‘বিগ টেক’ হিসেবে পরিচিত শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। বাড়তে থাকা সংক্রমণের হার আর বিগ টেক এর অনুপস্থিতিতে আয়োজনের সময় এক দিন কমিয়ে এনেছে আয়োজক কর্তৃপক্ষ।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2022, 06:11 PM

Updated : 02 Aug 2022, 02:26 PM

আয়োজক ‘কনজিউমার টেকনোলজি অ্যাসোসিয়েশন’ এক বিবৃতিতে জানিয়েছে, ৫ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে ২০২২ সালের সিইএস। আগের পরিকল্পনায় চার দিন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এ আয়োজনের।

ওমিক্রন ভেরিয়েন্টের আশঙ্কায় ‘বিগ টেক’ হিসেবে পরিচিত শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সিইএস ২০২২- থেকে পিছ পা হওয়া শুরু করেছে ডিসেম্বর মাসেই। মাসের শেষ সপ্তাহে রয়টার্স জানায়, আয়োজনে সরাসরি অংশগ্রহণ থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট, গুগল, অ্যামাজান, টুইটার এবং মেটা’র মতো বেশ কয়েকটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান।

আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, ‘বিগ টেক’-এর অনুপস্থিতিতেও সিইএস ২০২২-এ অংশগ্রহণকারী সংখ্যা দুই হাজার দুইশ’র বেশি। 

এবিসি নিউজ জানিয়েছে, সিইএস ২০২২-এ মূল বক্তব্য রাখার কথা ছিল মোবাইল সেবাদাতা টি-মোবাইল প্রধান নির্বাহীর। ওমিক্রন ভেরিয়েন্টের আশঙ্কায় সিইএস থেকে পিছু হটেছে টি-মোবাইলও। সিইএস-এ সশরীরে অংশগ্রহণ থেকে বিরত থাকার কথা জানিয়েছে কম্পিউটার নির্মাতা লেনোভো। পুরো অনুষ্ঠানের প্রচার থেকে বিরত থাকা অথবা সীমিত রাখার ঘোষণা দিয়েছে সিএনএন।

২০২১ সালের সিইএস ছিল ভার্চুয়াল আয়োজন। বর্তমান পরিস্থিতিতে এবারের সিইএস আয়োজনের কিছু অংশ আয়োজিত হবে অনলাইনে, আর কিছু অংশের সশরীরে হাজির থাকবেন অংশগ্রহণকারীরা। পুরো আয়োজনে অন্তত ৪০টি অনুষ্ঠান লাইভস্ট্রিম করা হবে বলে জানিয়েছেন আয়োজকদের মুখপাত্র জেয়ানি আবেলা।  

সশরীরে উপস্থিত থাকতে চাইলে টিকার প্রমাণপত্র আর মাস্ক থাকতে হবে আগ্রহীর কাছে। অনুষ্ঠানে হাজির হওয়ার আগে কোভিড-১৯ টেস্ট করিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।