‘কথা রাখেনি’ মাইক্রোসফট, এখনও অ্যান্ড্রয়েড ১১ পায়নি সারফেস ডুও
বছর ঘুরলেও ‘কথা রাখেনি’ সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট; অ্যান্ড্রয়েড নির্ভর ‘সারফেস ডুও’ ডিভাইসে এখনও আসেনি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম।
বছর শেষ হওয়ার আগেই ফোল্ডএবল ডিভাইসগুলোতে অ্যান্ড্রয়েড ১১ আপডেট আনার কথা গত সেপ্টেম্বর মাসে বলেছিল মাইক্রোসফট। “সারফেস ডুও’র জন্য আপডেট দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং বছর শেষ হওয়ার আগে বিদ্যমান ক্রেতাদের জন্য অ্যান্ড্রয়েড ১১ আনতে কাজ করছি আমরা।”
মাইক্রোসফট অ্যান্ড্রয়েড ১১ আনার প্রতিশ্রুতি দেয়নি বরং আপডেট আনার প্রতিশ্রুতি দিয়েছে– প্রতিষ্ঠানটির বক্তব্য থেকে এমন বিতর্কের সুযোগ আছে। তবে প্রতিষ্ঠানটি নিজস্ব লক্ষ্যের উপর যতোটা জোর দিয়ে ওই বক্তব্য দিয়েছিল, তাতে স্মার্টফোনটির ব্যবহারকারীরা আশাবাদী হয়েছিলেন– মন্তব্য প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জের।
বছর শেষে সারফেস ডুও-তে অ্যান্ড্রয়েড ১১’র অনুপস্থিতি ডিভাইসগুলোর ব্যবহারকারীদের আশাহত করলেও ঘটনাটি একেবারে অপ্রত্যাশিতও নয়। নিজস্ব প্ল্যাটফর্মের জন্য নিয়মিত অ্যান্ড্রয়েড আপডেট আনার বেলায় কারিগরি জটিলতায় বিভিন্ন প্রতিষ্ঠানের পিছিয়ে পড়ার ঘটনা ঘটে অহরহ।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নির্মাতা গুগল, তাই গুগলের ডিভাইসগুলো সফটওয়্যার আপডেটগুলো পায় সবার আগে। একই অপারেটিং সিস্টেমের উপর নির্ভরশীল প্রতিষ্ঠানগুলোকে আপডেটের জন্য অপেক্ষা করতে হয় কয়েক মাস; ক্ষেত্রবিশেষে একদমই আপডেট পায় না তৃতীয় পক্ষের ডিভাইসগুলো।
সারফেস ডুও’র দুই স্ক্রিনের সঙ্গে সামঞ্জস্য আনতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের উপর মাইক্রোসফটকেও নানা কারিগরি ফলাতে হয় বলে জানিয়েছে ভার্জ। দুই স্ক্রিনের ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আদৌ আদর্শ কি না, সেই প্রশ্নও আছে প্রযুক্তি পণ্যের বাজারে।
তারপরও, বাজারে অভিষেকের পর ১৫ মাস পেরিয়ে গেলেও এর মধ্যে গুরুত্বপূর্ণ কোনো সফটওয়্যার আপডেট পায়নি সারফেস ডুও– প্রযুক্তি বাজারের হিসেবে যা কিছুটা হলেও অপ্রত্যাশিত।
এই প্রসঙ্গে ভার্জকে কোনো প্রতিক্রিয়া জানায়নি মাইক্রোসফট। তবে, প্রযুক্তিবিষয়ক সাইট উইন্ডোজ সেন্ট্রাল নিজস্ব সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সারফেস ডুও’র জন্য অ্যান্ড্রয়েড ১১ আপডেটের কাজ শেষ এবং এটিঅ্যান্ডটি ও গুগলের কাছ থেকে অনুমোদন পেলেই বাজারে ছাড়া হবে আপডেটটি।
