বিদেশের পুঁজিবাজারে যাওয়া কঠিন হচ্ছে চীনা প্রতিষ্ঠানের জন্য
বিদেশের পুঁজিবাজারে নাম লেখাতে চায় এমন স্থানীয় প্রতিষ্ঠানের জন্য বিধিনিষেধ কঠোর করার পরিকল্পনা নিয়েছে চীন। এর প্রথম আঘাত এসে লাগতে পারে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর।
চীনের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা শুক্রবার এ সংক্রান্ত একটি প্রস্তাব প্রকাশ করেছে। এতে উল্লেখ রয়েছে, যেসব চীনা প্রতিষ্ঠান অন্য দেশের পুঁজিবাজারে নাম লেখাতে চায় তাদের প্রথমে সংশ্লিষ্ট চীনা সরকারি সংস্থায় নিবন্ধন করতে হবে। এরপর তাদের সরকারী কর্মকর্তাদের দেওয়া শর্ত পূরণ করতে হবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে সিএনএন।
প্রস্তাবে চায়না ‘সিকিউরিটিজ রেগুলেটরি কমিশন’ বলেছে, “বিদেশে শেয়ার ইস্যু করা এবং তালিকাভুক্ত করা চীনা প্রতিষ্ঠানগুলো বিদেশী বিনিয়োগ, সাইবার নিরাপত্তা এবং ডেটা সুরক্ষার মতো জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট আইন, বিধিমালা এবং প্রাসঙ্গিক বিধানগুলি কঠোরভাবে মেনে চলবে এবং আন্তরিকভাবে জাতীয় নিরাপত্তা সুরক্ষার বাধ্যবাধকতা পূরণ করবে।”
এর মাধ্যমে আদতে চীন স্পষ্ট করে দিলো যে, কর্তৃপক্ষ যদি কোনো প্রতিষ্ঠানকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করে, তবে সেই প্রতিষ্ঠানের বিদেশী পুঁজিবাজারে প্রবেশ আটকে দেওয়া হতে পারে। পাশাপাশি, “বিদেশের বাজারে শেয়ার ছাড়া এবং জাতীয় নিরাপত্তার উপর এর প্রভাব দূর করতে বা এড়াতে” প্রতিষ্ঠানটির সম্পদের অংশবিশেষ সরিয়েও নিতে হতে পারে।
এই খসড়া বিধির ওপর চীনা নাগরিকরা জানুয়ারি মাসের শেষ পর্যন্ত মতামত দিতে পারবেন। বিদেশের পুঁজিবাজারে নাম লেখানো বা আইপিও’র বেলায় দেশটির যাচাই-বাছাই কতোটা কঠোর হতে পারে তা নিয়ে কয়েক সপ্তাহ ধরে দেশটির ভেতরে ও আন্তর্জাতিক অঙ্গনে জল্পনা-কল্পনার পর এই খসরা প্রকাশিত হলো।
এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রও নিজস্ব নিরীক্ষা বিধি প্রণয়ন করেছে, যার প্রভাব গিয়ে পড়তে পারে দেশটিতে সক্রিয় চীনা প্রতিষ্ঠানগুলোর ওপর। এই দুই পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে অব্যাহত উত্তেজনার বিষয়টিই স্পষ্ট করে তুলছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে সিএনএন।
চীনা প্রতিষ্ঠানগুলো বিদেশী বিনিয়োগ সংগ্রহের জন্য ‘ভেরিয়েবল ইন্টারেস্ট এনটিটি’ বা ভিআইই নামে একটি কাঠামো ব্যবহার করে। এই ধরনের প্রতিষ্ঠানের ওপর চীনের খড়্গ আরও কঠোর হতে যাচ্ছে বলে এ মাসের শুরুতেই এক প্রতিবেদনে উল্লেখ করে ফিনান্সিয়াল টাইমস।
কাঠামোগতভাবে ভিআইই চীনা প্রতিষ্ঠানের জন্য বিদেশে নিবন্ধিত একটি হোল্ডিং প্রতিষ্ঠান তৈরি করে যার মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীরা চীনা প্রতিষ্ঠানের মালিকানায় অংশ নিতে পারে। চীনের মূল ভূখণ্ডে বিধিনিষেধের কারণে এই সমাধানটি ব্যবহৃত হয়ে থাকে। চীনা রাইড-হেইলিং জায়ান্ট দিদি এবং ই-কমার্স এবং প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা, পিনডুওডুও এবং জেডি ডটকম-এর মতো প্রতিষ্ঠানগুলি এই ব্যবস্থা ব্যবহার করছে।
উল্লিখিত খসড়া বিধিতে ভিআইই’র উল্লেখ নেই। পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থার একজন মুখপাত্র শুক্রবার প্রকাশিত মন্তব্যে বলেছেন যে, এই ধরনের কাঠামো ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলিকে এখনও বিদেশে তালিকাভুক্ত করার অনুমতি দেওয়া হবে, যতক্ষণ না তারা সরকারী নিয়ম মেনে নিয়ন্ত্রকের কাছে নিবন্ধন করবে।
কড়াকড়ি যে কেবল বেইজিং থেকে আসছে, তেমন নয়। এই মাসের শুরুতে, মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নতুন নিয়ম প্রবর্তন করেছে। এর ফলে কোনো বিদেশী প্রতিষ্ঠান মার্কিন নিয়ন্ত্রকদের নিরীক্ষা করতে দিতে অস্বীকার করলে তারা মার্কিন পুঁজিবাজারে তালিকাভূক্ত হওয়ার সুযোগ পাবে না।
