ডেটিং অ্যাপে লেনদেনের বিকল্প পথ রাখতে হবে: অ্যাপলকে নেদারল্যান্ডস
এবার নেদারল্যান্ডসের শীর্ষ প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা অভিযুক্ত করেছে অ্যাপলকে। অপরাধ, প্রতিষ্ঠানটি ইউরোপীয় দেশটির প্রতিযোগিতা আইন ভেঙেছে। ইউরোপীয় দেশটির আদালত অ্যাপলকে অ্যাপ স্টোরের আর্থিক লেনদেনের নীতিতে পরিবর্তন আনার নির্দেশ দিয়েছে।
অ্যাপলের প্রচলিত নিয়ম অনুসারে অ্যাপ ডেভেলপারদের অ্যাপ স্টোরের ‘ইন-অ্যাপ পেমেন্ট সিস্টেম’ ব্যবহার করতে হয় এবং ক্রেতার সঙ্গে প্রতি লেনদেনে অ্যাপল ১৫ থেকে ৩০ শতাংশ কমিশন কেটে রাখে। এই বিষয়টিকে বিশ্বের বিভিন্ন দেশ একচেটিয়া আচরণ হিসেবে দেখছে এবং বিশ্বজুড়ে এটি নিয়ন্ত্রক এবং আইন প্রণেতাদের তদন্তের মুখে পড়েছে।
অ্যাপলের আর্থিক লেনদেনের এই ‘নিয়ম’ নেদারল্যান্ডসের বাজারে প্রতিষ্ঠানটির প্রভাবশালী অবস্থানের অপব্যবহার কি না তা নিয়ে তদন্ত শুরু হয় ২০১৯ সালে। কিন্তু পরে এটি ডেটিং অ্যাপে অ্যাপলের আচরণ বিষয়ে তদন্তে এসে ঠেকে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।
রায়ের পর এক বিবৃতিতে অ্যাপল বলেছে, প্রতিষ্ঠানটি নেদারল্যান্ডসের ‘অথরিটি অফ কনজিউমার মার্কেটসে’র (এসিএম) আদেশের সঙ্গে একমত নয়। আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি এ নিয়ে আপিল দায়ের করার কথাও জানিয়েছে।
“নেদারল্যান্ডসে সফ্টওয়্যার বাজারে অ্যাপলের কোনও প্রভাবশালী অবস্থান নেই।” – যুক্তি হিসেবে বলেছে অ্যাপল।
“ডেটিং অ্যাপ নির্মাতাদের গ্রাহকের কাছে পৌঁছানোর বিষয়টি সহজ করতে অ্যাপল প্রচুর সম্পদ কাজে লাগিয়েছে এবং অর্থ বিনিয়োগ করেছে।”
এর আগে অক্টোবর মাসে রয়টার্সের প্রতিবেদনে উঠে আসে, এসিএম অ্যাপলের অনুশীলনকে প্রতিযোগিতাবিরোধী বলে মনে করে। সংস্থাটি তখন অ্যাপলকে তার নিয়মাবলীতে পরিবর্তন আনার আদেশ দেয়। তবে, সংস্থাটি শুক্রবারের আগে ওই সিদ্ধান্ত প্রকাশ করেনি।
এসিএম-এর সিদ্ধান্ত হচ্ছে, অ্যাপল প্রতিযোগিতা আইন লঙ্ঘন করেছে। এর ফলে, অ্যাপলকে তার অ্যাপ স্টোরের অযৌক্তিক শর্ত আপডেট করতে হবে, কারণ অ্যাপ স্টোরের নীতিমালা ডেটিং-অ্যাপের জন্যও প্রযোজ্য।
সাম্প্রতিক রায়ের ফলে, এখন ডেটিং অ্যাপ ব্যবহারকারীদের জন্য অ্যাপলের পেমেন্ট গেটওয়ের পাশাপাশি আর্থিক লেনদেনের বিকল্প উপায় সমর্থন করতে হবে। অ্যাপল সেটি করতে ব্যর্থ হলে পাঁচ কোটি ইউরো বা পাঁচ কোটি ৬৬ লাখ ডলার পর্যন্ত জরিমানা দিতে হবে।
নির্দেশ অনুসারে, ১৫ জানুয়ারির মধ্যে অ্যাপলকে এই পরিবর্তন সম্পন্ন করতে হবে।
অন্যতম শীর্ষ ডেটিং অ্যাপ টিন্ডারের মালিক প্রতিষ্ঠান ম্যাচ গ্রুপ এ রায়ে উল্লাস প্রকাশ করেছে।
“রটারডাম আদালত এসিএমের সিদ্ধান্ত বহাল রাখায় আমরা সাধুবাদ জানাই।” বলেছে প্রতিষ্ঠানটি। “অ্যাপলের ইন-অ্যাপ পেমেন্ট সিস্টেম এবং অন্যান্য রেওয়াজ জোর করে চাপিয়ে দেওয়ার বিষয়টি ডাচ এবং ইইউ প্রতিযোগিতা আইন লঙ্ঘন করে।”
দক্ষিণ কোরিয়ায় একই ধরনের অপর এক মামলায় পরাজয়ের পরপরই নেদারল্যান্ডসে অ্যাপলের এই আইনী বিপর্যয়ের ঘটনা ঘটলো।
