বড়দিনের আগের সন্ধ্যায় কর্মবিরতির ডাক দিলেন অ্যাপল কর্মীরা
“আরও ভালো কর্মপরিবেশের” দাবিতে বড়দিনের আগের সন্ধায় কর্মবিরতির ডাক দিয়েছেন একদল অ্যাপল কর্মী। টুইটারের মাধ্যমে ২৪ ডিসেম্বর ক্রেতাদের অ্যাপল পণ্য কেনাকাটা না করার আহ্বান জানিয়েছেন তারা।
“একটি সম্মানজনক কাজের পরিবেশ আমাদের প্রাপ্য। অসুস্থ হলে বেতনসহ ছুটি আমাদের প্রাপ্য। প্রথমসারিতে কাজ করলে আরও নিরাপত্তা আমাদের প্রাপ্য। সঠিক মানসিক স্বাস্থ্যসেবা আমাদের প্রাপ্য।”-- টুইট করেছেন কর্মবিরতির ডাক দেওয়া ওই কর্মীরা।
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট বলছে, যারা কর্মবিরতির ডাক দিয়েছেন, তাদের মধ্যে অ্যাপল স্টোর এবং কর্পোরেট কর্মী উভয় দলই আছেন। চলতি বছরে কর্মস্থলে যৌন হয়রানি ও অন্যান্য অভিযোগে একাধিকবার কর্মীদের রোষের মুখে পড়েছে অ্যাপল।
এ বছরের অগাস্টে মার্কিন প্রকাশনা ‘মিডিয়াম’-এ অ্যাপলের বিরুদ্ধে যৌন হয়রানি, নিপীড়ন এবং বর্ণবাদী আচরণের অভিযোগ তোলেন প্রতিষ্ঠানটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার শের স্কারলেট। অ্যাপলের শীর্ষ কর্মকর্তা এবং ব্যবস্থাপকরা ওই গুরুত্বপূর্ণ বিষয়গুলো অগ্রাহ্য করেন বলে অভিযোগ তুলেছেনন তিনি। এরপর নভেম্বরে অ্যাপল ছাড়েন স্কারলেট।
কোভিড-১৯ মহামারী চলাকালীন কর্মস্থলে ফিরতে বলায় জুলাই মাসেই আরও নমনীয় কাজের পরিবেশের দাবিতে পিটিশন শুরু করেন একদল কর্মী। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে কর্মস্থলে ফেরার সময়-সূচী অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছে অ্যাপল। তবে কর্মীদের ক্ষোভ বা দাবির মুখে নয়, করোনা ভাইরাসের ওমিক্রন ভেরিয়েন্টের সংক্রমণ বাড়তে থাকায় এই পদক্ষেপ নিয়েছে অ্যাপল।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রমবিভাগের তদন্তের মুখে পড়েছে অ্যাপল। প্রতিষ্ঠানের এক সাবেক কর্মী অ্যাপলের বিরুদ্ধে অভিযোগ করেছেন– কাজের অনিরাপদ পরিবেশ এবং কর্মস্থলে হয়রানি নিয়ে অভিযোগ করায় তাকে পাল্টা হয়রানির মুখে ফেলেছিল শীর্ষ টেক জায়ান্ট।
সিনেটের অনুরোধের জবাবে তাৎক্ষণিক সারা দেয়নি অ্যাপল।
