২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইচডিআর১০+ প্রযুক্তির প্রথম গেইমিং ডিসপ্লে আনছে স্যামসাং

এইচডিআর১০+ প্রযুক্তি সমর্থন করবে এমন গেইমিং ডিসপ্লের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার শীর্ষ ইলেকট্রনিক পণ্য নির্মাতা স্যামসাং। গেইমিং খাতের জন্য এইচডিআর১০+ মানের ঘোষণা এসেছে অক্টোবর মাসে, স্যামসাংয়ের নতুন টেলিভিশনগুলো হবে এই মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বাজারের প্রথম গেইমিং টিভি। 

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2021, 05:49 PM

Updated : 10 Oct 2022, 06:29 PM

এইচডিআর১০+ আদতে এইচডিআর১০-এর গেইমিংমুখী সংস্করণ। গ্রাফিক্সে আরও বেশি মেটাডেটা ব্যবহার করে এই ডিসপ্লে প্রযুক্তি। স্যামসাংয়ের ২০২২ সালের কিউএলইডি টিভি (কিউ৭০ এবং পরবর্তীগুলো) এবং গেইমিং টেলিভিশনগুলো এই প্রযুক্তি-মান সমর্থন করবে।

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, ‘রেডআউট ২’ এবং ‘পিনবল এফএক্স’ গেইম দুটিতে এইচডিআর১০+ সমর্থন আনতে গেইম নির্মাতা প্রতিষ্ঠান ‘সেইবার ইন্ট্যার‌্যাক্টিভের সঙ্গে কাজ করেছে স্যামসাং। ‘সেইবার’ গেইম দুটি আনুষ্ঠানিকভাবে দেখাবে সিইএস ২০২২ সম্মেলনে। ওই একই আয়োজনে এইচডিআর১০+ প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গেইম ‘হ্যাপি ট্রেইলস অ্যান্ড দ্য কিডন্যাপড প্রিন্সেস’ দেখাবে নির্মাতা প্রতিষ্ঠান ‘গেইম মেকানিক স্টুডিওস’।

Image
ছবি: স্যামসাং

ছবি: স্যামসাং

ভার্জ বলছে, বাজারে এইচডিআর১০+ মানের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা যেতে পারে ‘ডলবি ভিশন গেইমিং’কে। বাজারে প্রচলিত এই মানের জনপ্রিয় গেইমগুলোর মধ্যে আছে ‘হেলো ইনফিনিট’, ‘গিয়ার্স ৫’ এবং ‘কল অফ ডিউটি: ব্ল্যাক অপস’। এ ছাড়াও ডলবি ভিশনের অন্তত দশটি গেইম সমর্থন করে এক্সবক্স সিরিজ এক্স এবং সিরিজ এস।

এইচডিআর১০ এর তুলনায় আরো বেশি ভিজুয়াল মেটাডেটা থাকে এইচডিআর১০+ গেইমগুলোতে। এ ছাড়াও ‘ভেরিয়েবল রিফ্রেশ রেট (ভিআরআর)’ এবং ‘অটো লো ল্যাটেন্সি মোড (এএলএলএম)’ সুবিধা দেয় ওই প্রযুক্তি।

তবে, ইতোমধ্যেই এই সবগুলো সুবিধা দিচ্ছে ডলবি ভিশন গেইমিং। এ ছাড়াও, চলতি বছরের জুনেই ডলবি ভিশন গেইমিংয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সি১ এবং জি১ ওএলইডি ডিসপ্লের ঘোষণা দিয়েছে টেলিভিশন বাজারে স্যামসাংয়ের শীর্ষ প্রতিদ্বন্দ্বী এলজি।