আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাচ্ছে নতুন দুই রাসবেরি পাই
ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে স্পেস এক্স রকেটে চড়ে ‘ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (আইএসএস)’-এ যাচ্ছে দুটি নতুন রাসবেরি পাই কম্পিউটার। মহাকাশে নানা পরীক্ষা-নিরীক্ষা চালানোর উদ্দেশ্যে আকারে ক্রেডিট কার্ডের সমান কম্পিউটারগুলো প্রোগ্রাম করেছে স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা।
ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ) এবং কেমব্রিজভিত্তিক রাসবেরি পাই ফাউন্ডেশন (আরপিএফ) এই প্রকল্পের মূল উদ্যোক্তা। নতুন রাসবেরি পাই দুটি “নভোচারীদের বড়দিনের উপহারের সঙ্গে” পাঠানো হচ্ছে বলে জানিয়েছে আরপিএফ কর্মকর্তা অলিম্পিয়া ব্রাউন।
এর আগে ২০১৫ সালে নভোচারী টিম পিকের ‘প্রিনসিপিয়া মিশন’-এর অংশ হিসেবে আইএসএস-এ গিয়েছিল দুটি রাসবেরি পাই কম্পিউটার। বিবিসি জানিয়েছে, ‘এড’ ও ‘ইজি’ নামের পুরনো সংস্করণের কম্পিউটার দুটিকে প্রতিস্থাপন করবে নতুন কম্পিউটার দুটি।
ছবি: রয়টার্স
মূলত প্রাইমারি স্কুলের শিশুদের কথা মাথায় রেখেই ‘অ্যাস্ট্রো পাই’ প্রকল্পের সূত্রপাত। তরুণদের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিতে আগ্রহী করে তুলতে প্রকল্পটি চালু করেছে ইএসএ এবং আরপিএফ।
আরপিএফ-এর ‘ইউথ পার্টনারশিপ’ প্রধান ব্রাউন জানিয়েছেন, শিক্ষার্থীদের কোডিংয়ের একটি উদাহরণ হতে পারে “আইএসএস-এর নভোচারীরা দেখতে পাবেন এমন বার্তা” কোড করা।
আইএসএস-এ ওয়াই-ফাই সুবিধা থাকায় নভোচারীদের সঙ্গে যোগাযোগ খুব কঠিন কাজও নয় বলে জানিয়েছেন অলিম্পিয়া ব্রাউন।
ইএসএ জানিয়েছে, রাসবেরি পাই কম্পিউটার দুটি মহাকাশ উপযোগী বিশেষ কেইসে ফাঠানো হয়েছে। দুটি কম্পিউটারেই আনুসাঙ্গিক যন্ত্রাংশ হিসেবে আছে ‘সেন্স হ্যাট (Sense HAT)’। ওই সেন্স হ্যাটের অংশ হিসেবে আছে জয়স্টিক, এলইডি ডিসেপ্ল, ক্যামেরা এবং সেন্সর যা আলোর উপস্থিতি, তাপমাত্রা, আর্দ্রতা পরিমাপে সক্ষম।
