২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড়দিন উপলক্ষে বিনা খরচে ১৫ গেইম দেবে এপিক

বড়দিন উপলক্ষ্যে প্রতি বছরই ভিডিও গেইমসে বিশেষ ছাড় দিয়ে থাকে শীর্ষস্থানীয় নির্মাতা এপিক গেইমস। এবারের বড়দিনও ব্যতিক্রম নয়। বিভিন্ন জনপ্রিয় টাইটেল বিশেষ ছাড়ের পাশাপাশি ১৫টি গেইম বিনা খরচে দেবে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2021, 07:42 PM

Updated : 08 Apr 2022, 12:01 AM

১৫টি গেইমের মধ্যে প্রথম হিসেবে ‘শেনমু ৩’-এর নাম প্রকাশ করেছে এপিক। কিকস্টার্টার থেকেই আলোড়ন সৃষ্টি করেছিল ‘শেনমু ৩’ গেইমটি। আলোচিত এই গেইমটির পাশাপাশি ১৪.৯৯ ডলারের বেশি দামের গেইমে ১০ ডলার ছাড় দেবে এপিক।  

‘শেনমু ৩’-এর পর কোন গেইমগুলো বিনামূল্যে পাওয়া যাবে সে প্রসঙ্গে মুখ খোলেনি প্রতিষ্ঠানটি। এই প্রসঙ্গে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন প্রতিষ্ঠানটির মুখপাত্র নিক চেস্টার। অর্থাৎ, আগ্রহী গেইমারকে প্রতিদিনই একবার করে নজর রাখতে হবে এপিকের স্টোরে।

পছন্দের গেইমটি বিনা খরচে না পেলেও বড় ছাড়ে কেনার সুযোগ পাবেন আগ্রহী গেইমাররা। এপিকের বড়দিনের কুপন ব্যবহার করে ১৪.৯৯ ডলারের বেশি দামের সকল গেইমে ১০ ডলার ছাড় পাবেন ক্রেতা। আর কতোগুলো গেইমের উপর ওই কুপন প্রযোজ্য, সে ব্যাপারেও কোনো সীমাবদ্ধতা রাখেনি এপিক গেইমস।

এপিক গেইমসের এই বিশেষ ছাড়গুলো চলবে ৬ জানুয়ারি পর্যন্ত। বড়দিন উপলক্ষ্যে ফোর্টনাইট গেইমারদের গেইমের অভ্যন্তরীণ বিভিন্ন আইটেমও বিনা খরচে দেওয়া শুরু করেছে এপিক গেইমস।