২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গড অফ ওয়ার নির্মাতা ‘ভালকিরি’ যাচ্ছে সনির মালিকানায়

প্লেস্টেশন প্ল্যাটফর্মকে আরও শক্ত অবস্থানে আনতে জনপ্রিয় ভিডিও গেইম ফ্র্যাঞ্চাইজ ‘গড অফ ওয়ার’-এর নির্মাতা প্রতিষ্ঠান ‘ভালকিরি এন্টারটেইনমেন্ট’-কে কেনার ঘোষণা দিয়েছে সনি কর্পোরেশনের গেইমিং বিভাগ। তবে এই অধিগ্রহণ চুক্তিতে সনির কতো খরচ হচ্ছে, সে বিষয়ে মুখ খোলেনি প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2021, 05:35 PM

Updated : 07 Apr 2022, 11:59 PM

চলতি বছরে এটি ‘সনি ইন্টার‌্যাক্টিভ এন্টারটেইনমেন্ট’-এর পঞ্চম অধিগ্রহণ বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। চলতি বছরে ‘নিক্সেস সফটওয়্যার’, ‘রিটার্নাল’ নির্মাতা ‘হাউজমার্ক’, ‘ব্লুপয়েন্ট গেইমস’ এবং ‘ফায়ারস্প্রাইট’-- এই চার প্রতিষ্ঠান কিনেছে সনি।

২০২০ সালে মহামারীর প্রকোপে লকডাউন শুরু হওয়ার পর থেকেই গেইমিং সেবায় বাড়তি জোর দিচ্ছে সনি। কোভিড- ১৯ মহামারীর প্রকোপ হ্রাসের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরাও ক্রমশ স্কুলে ফিরতে শুরু করেছে। তবে এই পরিস্থিতিতেও গেইমিং শিল্পের বিস্তারের গতি কমার কোনো লক্ষণ নজরে পড়ছে না বলে জানিয়েছে রয়টার্স।

গড অফ ওয়ার ছাড়াও ‘টুইস্টেড মেটাল’, ‘ইনফেমাস’ এবং ‘ফোরজা মোটোস্পোর্ট’ ফ্র্যাঞ্চাইজের মতো জনপ্রিয় গেইম নির্মাণ করেছে সিয়াটলভিত্তিক ভালকিরি এন্টারটেইনমেন্ট। রয়টার্স জনিয়েছে, মালিকানা হাতবদল হলেও প্রতিষ্ঠানের বর্তমান ব্যবস্থাপনা দলটিই সকল ভবিষ্যত কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করবে।

ভালকিরি অধিগ্রহণ প্রসঙ্গে প্লেস্টেশন স্টুডিও’র প্রধান হার্মান হার্সট টুইট করেছেন-- প্লেস্টেশন বিভাগটির অধীনে থাকা ফ্যাঞ্চাইজগুলোর অগ্রগতিতে “অমূল্য অবদান” রাখেবে ভালকিরি এন্টারটেইনমেন্ট।