২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বার্ডওয়াচ’ মডারেটরদের ছদ্মনাম ব্যবহার করতে দেবে টুইটার

‘বার্ডওয়াচ’ মডারেটরদের জন্য ছদ্মনাম ব্যবহারের সুবিধা চালু করছে টুইটার। ভুয়া তথ্য মোকাবেলার উদ্দেশ্যে পরিচালিত প্রকল্পটির অংশগ্রহনকারীরা পক্ষপাত এবং ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকি এড়াতে ছদ্মনাম ব্যবহার করতে চাওয়ায় এই পদক্ষেপ নিয়েছে মাইক্রোব্লগিং সেবাটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2021, 05:04 PM

Updated : 07 Apr 2022, 11:55 PM

ছদ্মনাম ব্যবহার করতে পারলে অন্যান্য ব্যবহারকারীদের টুইটের সঙ্গে নোট জুড়ে দেওয়ার সময় নিজের নাম বা আইডি ব্যবহার করতে হবে না মডারেটরদের। জানুয়ারি মাসে পাইলট প্রকল্প হিসেবে ‘বার্ডওয়াচ’ চালু করেছে টুইটার। কোনো টুইটে বিভ্রান্তিকর বা ভুয়া তথ্য থাকলে প্রকল্পের অংশগ্রহনকারীরা নিজ উদ্যোগে ওই টুইটের সঙ্গে নোট জুড়ে দিয়ে সে বিষয়ে জানান দিতে পারেন।

টুইটার এক ব্লগ পোস্টে সোমবার জানিয়েছে, প্রকল্পে অংশগ্রহনকারী প্রদায়কদের প্রায় সবাই ছদ্মনাম ব্যবহারের পক্ষে একমত হয়েছেন। বিশেষ করে নারী ও কৃষ্ণাঙ্গ প্রদায়করা ছদ্মনাম ব্যবহার করতে চাইছেন বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।

টুইটার বলছে, তাদের গবেষণা ইঙ্গিত করছে যে ছদ্মনাম ব্যবহারের মাধ্যমে পক্ষপাতমূলক আচরণের সম্ভাবনা কমিয়ে আনা যেতে পারে; কারণ, ছদ্মনামের ব্যবহারের ফলে ‘বার্ডওয়াচ’ নোটের লেখকের বদলে নোটের বিষয়বস্তু বেশি গুরুত্ব পায়।

জানুয়ারি মাসে ‘বার্ডওয়াচ’ প্রকল্প চালু করেছে টুইটার। এতে অংশগ্রহনকারীরা টুইটের দেওয়া তথ্যের সত্যতা যাচাই করে প্রয়োজনে নোটের মাধ্যমে বাড়তি বিবরণ যোগ করতে পারেন। একে অন্যের নোটগুলোকে রেটিংও দিতে পারেন প্রদায়করা। ভার্জ জানিয়েছে, নোটগুলো সাধারণ ব্যবহারকারীরা টুইটারে দেখতে পারেন না; বরং ‘বার্ডওয়াচ’-এর জন্য নির্মিত আলাদা একটি উন্মুক্ত ওয়েবসাইট দেখা যায় নোটগুলো।

‘বার্ডওয়াচ’ প্রকল্পে আবেদনকারীদের শুদ্ধমনে কাজ করতে বলে টুইটার, একমত নন এমন ব্যক্তিদের সঙ্গে ভালো আচরণ এবং সাহায্য করতে বলেছে প্রতিষ্ঠানটি। আবেদনকারীদের উদ্দেশ্যে টুইটারের পরিষ্কার বক্তব্য “এই ব্যবস্থাটি নিয়ে মজা করা বা এর সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না।”   

সোমবারের ঘোষণায় টুইটার আরও বলেছে, “এই পরিবর্তনে যেন জবাবদিহিতা” প্রক্রিয়া ক্ষতিগ্রস্থ না হয় সেটা “নিশ্চিত করার জন্য” বার্ডওয়াচ প্রোফাইল পেইজ আনছে তারা। এতে ব্যবহারকারীরা ‘বার্ডওয়াচ’-এর অতীত প্রদায়কদের পরিচয় জানতে পারবেন এবং জবাবদিহিতার মধ্যে থাকবেন বর্তমান প্রদায়করা।

ভার্জ বলছে, সোমবারের ঘোষণার আগে যারা বার্ডওয়াচ মডারেটর হিসেবে বিভিন্ন টুইটে নোট জুড়ে দিয়েছেন, তাদের সব নোট এখন ছদ্মনামের অধীনে আসবে। তবে প্রদায়কদের উদ্দেশ্যে টুইটার এটাও বলেছে যে, “কোনো ব্যবহারকারী যদি আপনার আগের নোট থেকে আপনার টুইটার ইউজারনেইম মনে রেখে থাকে, তবে তারা আপনার ছদ্মনাম বুঝে ফেলার সম্ভাবনা আছে”। তবে, প্রদায়করা চাইলে টুইটারের সঙ্গে যোগাযোগ করে তাদের পুরণো নোটগুলো মুছে দিতে পারবেন বলে জানিয়েছে ভার্জ।