২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০২২ সালে পিসিতে আসছে হিটম্যান ৩’র ভিআর সংস্করণ

গেইমিং পিসির জন্য হিটম্যান ৩’এর ভিআর সংস্করণ বাজারে আসছে ২০২২ সালের জানুয়ারি মাসে। সম্প্রতি নতুন সংস্করণসহ গেইমটির দ্বিতীয় বছরের ‘রোডম্যাপ’ নিয়ে ঘোষণা দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান আইও ইন্টার‌্যাকটিভ।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2021, 04:28 PM

Updated : 07 Apr 2022, 11:55 PM

বাজারে হিটম্যান ৩’এর অভিষেক হয়েছে ২০২১ সালে। তবে, প্রাথমিক অবস্থায় গেইমটির ভিআর সংস্করণ খেলার সুযোগ ছিল কেবল প্লেস্টেশন প্ল্যাটফর্মে। তাই আইও ইন্টার‌্যাকটিভের পিসি’র ভিআর সংস্করণ বাজারজাতকরণকে গেইমটির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করছেন সংশ্লিষ্টরা।

গেইমের দ্বিতীয় বছর নিয়ে ঘোষণার পাশাপাশি আইও ইন্টার‌্যাকটিভ একটি ভিডিও প্রকাশ করেছে। ওই ভিডিওতে অকুলাস রিফট এস এবং ভালভ ইনডেক্স উভয় প্ল্যাটফর্মেই গেইমটি দেখানো হয়েছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।

প্লেস্টেশন ভিআর সংস্করণের চেয়ে পিসির জন্য নির্মিত সংস্করণটি আরও আকর্ষণীয় এবং গেইমাররা “আরও বেশি করে গেইমে বুঁদ হয়ে যাওয়ার” অভিজ্ঞতা পাবেন বলে মন্তব্য করেছে ভার্জ। প্লেস্টেশন প্ল্যাটফর্মে ভিআর সংস্করণটি খেলার সময় গেইমারদের নড়াচড়ার সুযোগ ছিল সীমিত; পিসিতে একই সীমাবদ্ধতার মুখোমুখি হতে হবে না গেইমারদের।

পিসির জন্য নতুন ভিআর সংস্করণের পাশাপাশি হিটম্যান ৩’র গেইমারের সংখ্যা পাঁচ কোটি ছাড়িয়েছে বলে ঘোষণা দিয়েছে আইও ইন্টার‌্যাকটিভ; অর্থাৎ হিটম্যান সিরিজের সবচেয়ে জনপ্রিয় গেইমে পরিণত হয়েছে হিটম্যান ৩।

গেইমটির দ্বিতীয় বছরে নতুন ম্যাপ, নতুন গল্প এবং গেইম মোড যোগ হবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি।

পিসি প্ল্যাটফর্মে হিটম্যান ৩’এর ভিআর সংস্করণ আসছে ২০২২ সালের জানুয়ারি মাসে। তবে গেইমটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি আইও ইন্টার‌্যাকটিভ। ২০ জানুয়ারি গেইমটির ‘দ্বিতীয় বছর’ শুরু হওয়ার আগেই এর কারিগরি খুঁটিনাটি সম্পর্কে জানানোর প্রতিশ্রুতি দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি।