তিন দেশের চার শহরে ‘লিগ অফ লিজেন্ডস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ’
উত্তর আমেরিকার চারটি শহরে অনুষ্ঠিত হবে জনপ্রিয় গেইম লিগ অফ লিজেন্ডস-এর ২০২২ সালের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। আয়োজক রায়ট গেইমস ঘোষণা দিয়েছে, ভাগে ভাগে নিউ ইয়র্ক, টরোন্টো, মেক্সিকো সিটি এবং স্যান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত হবে বছরের সবচেয়ে বড় ইস্পোর্টস আয়োজনগুলোর অন্যতম এই চ্যাম্পিয়নশিপ।
রায়ট গেইমস বলছে, বার্ষিক প্রতিযোগিতাটির ইতিহাসে প্রথমবারের মতো একাধিক দেশে আয়োজিত হচ্ছে চ্যাম্পিয়নশিপটি। মেক্সিকো সিটি’তে প্রাথমিক ‘প্লে-ইন’ দিয়ে শুরু হবে লিগ অফ লিজেন্ডস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২০২২। ২০১৬ সালের পর প্রথমবারের মতো উত্তর আমেরিকায় ফিরছে প্রতিযোগিতাটি।
প্রতিযোগিতার দলগত পর্ব আর কোয়ার্টার ফাইনালের আয়োজন হবে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়্যার গার্ডেনের হুলু থিয়েটারে। সেমিফাইনালের অনুষ্ঠিত হবে টরোন্টোতে। আর ফাইনাল ম্যাচগুলোর ভেনু স্যান ফ্রান্সিসকো’র চেস সেন্টার।
নভেম্বরে শেষ হয়েছে লিগ অফ লিজেন্ডস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২০২১-এর আসর। প্রথম অবস্থায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চীনের শেনেজেনে। পরবর্তীতে মহামারীর কারণে প্রতিযোগিতার ভেনু পরিবর্তন করে নেওয়া হয় আইসল্যান্ডের রিকজাভিকে।
পুরো মাস জুড়ে অনুষ্ঠিত হওয়া চ্যাম্পিয়নশিপে সশরীরে উপস্থিত হতে পারেননি কোনো ভক্ত বা দর্শক। সেই পরিস্থিতি পাল্টে দিতে চাইছে রায়ট গেইমস; অন্তত প্রতিযোগিতার ভেনু হিসেবে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের এনবিএ বা ‘ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনে’র ভেনু নির্ধারণ করায় এমন ইঙ্গিত মিলছে বলে মন্তব্য করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
এই প্রসঙ্গে লিগ অফ লিজেন্ডস ইস্পোর্টস-এর বৈশ্বিক প্রধান নাজ অ্যালিটাহা এক বিবৃতিতে বলেন, “আমাদের আন্তর্জাতিক খেলাটি পুরোদমে উত্তর আমেরিকায় ফিরিয়ে আনতে পেরে আমরা উচ্ছসিত। আর কোভিড সদয় হলে তিনটি দেশের চারটি শহরে দর্শকদের স্বাগত জানানোর আশা করছি আমরা।”
