২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিডিয়াটেকের বাজির ঘোড়া এখন ডিমেনসিটি ৯০০০

সম্প্রতি ডিমেনসিটি ৯০০০ চিপ উন্মোচন করেছে মিডিয়াটেক। বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোনে মিডিয়াটেকের নির্মিত চিপের উপস্থিতি থাকলেও ‘প্রিমিয়াম’ স্মার্টফোনগুলোতে বরাবরই কোয়ালকমের স্ন্যাপড্রাগনের চেয়ে পিছিয়ে থেকেছে মিডিয়াটেক। কিন্তু প্রতিষ্ঠানটি বলছে, স্মার্টফোন বাজারের শীর্ষস্থানীয় সকল চিপকে পেছনে ফেলার ক্ষমতা রয়েছে ডিমেনসিটি ৯০০০-এর।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2021, 06:21 PM

Updated : 07 Apr 2022, 11:54 PM

৯টু৫ গুগলের প্রতিবেদন বলছে, এখন পর্যন্ত মিডিয়াটেকের সবচেয়ে শক্তিশালী চিপসেট হচ্ছে ডিমেনসিটি ৯০০০; পারফর্মেন্সের হিসাবে বাজারের বহুল প্রচলিত স্ন্যাপড্রাগন ৮৮৮-এর তুলনায় ৩৫ শতাংশ বেশি শক্তিশালী এটি।   

ডিমেনসিটি ৯০০০-এর মূল চার ন্যানোমিটার ট্রানজিস্টর প্রযুক্তির মধ্যে আছে একটি ৩.০৫ গিগাহার্টজের করটেক্স-এক্স২ কোর, তিনটি ২.৮৫ গিগাহার্টজের করটেক্স-এ৭১০ কোর এবং ১.৮ গিগাহার্টজের করটেক্স-এ৫১০ কোর। মালি-জি৭১০ জিপিইউ-ও আছে এতে। 

এ ছাড়াও সপ্তম প্রজন্মের ইমেজ-সিগনাল প্রসেসর আছে এতে যা ৩২০ মেগাপিক্সেলের ছবি তুলতে এবং প্রতি সেকেন্ডে নয় গিগাপিক্সেল গতিতে ইমেজ ডেটা ট্রান্সফারে সক্ষম। চিপসেটটিতে আরও আছে আছে ৫জি, ব্লুটুথ ৫.৩ এবং ওয়াই-ফাই ৬ই সংযোগ সুবিধা।

মাল্টিকোর স্কোরের হিসেবে ডিমেনসিটি ৯০০০ আইফোন ১৩-তে ব্যবহৃত এ১৫ চিপের সমতূল্য বলে দাবি করেছে মিডিয়াটেক, তবে অ্যাপল চিপের সঙ্গে বিস্তারিত তুলনার কোনো তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

গুগলের টেনসর চিপের চেয়ে ডিমেনসিটি ৯০০০ বেশি শক্তিশালী বলে দাবি করছে মিডিয়াটেক। এআই পারফর্মেন্সের হিসেবে অন্যান্য মোবাইল চিপের মধ্যে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেছিল গুগলের টেনসর চিপ। মিডিয়াটেক বলছে এআই পারফর্মেন্স বিবেচনায় টেনসরের থেকে ১৬ শতাংশ ভালো পারফর্মেন্স দিতে সক্ষম ডিমেনসিটি ৯০০০।