২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভবিষ্যতে একশ’ শহরে চালকবিহীন রোবোট্যাক্সি নামাবে বাইদু

বিজ্ঞাপন জগতের বাইরেও ব্যবসার পরিসর বাড়াতে চাইছে ‘চীনের গুগল’ নামে পরিচিত বাইদু। প্রতিষ্ঠানটি ২০৩০ নাগাদ একশ’ শহরে চালকবিহীন ট্যাক্সি সেবা শুরু করার পরিকল্পনা করেছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2021, 06:06 PM

Updated : 07 Apr 2022, 11:53 PM

বর্তমানে চীনের পাঁচ শহরে নিজেদের ‘অ্যাপোলো গো’ রোবোট্যাক্সি সেবা পরিচালনা করছে বাইদু। এই সেবায় ব্যবহারকারীরা অ্যাপের মাধ্যমে চালকবিহীন গাড়ি ডাকতে পারেন।

সিএনবিসি’র প্রতিবেদন বলছে, ২০২৫ নাগাদ সেবার পরিসর বাড়িয়ে ৬৫ শহরে এবং ২০৩০ নাগাদ একশ’ শহরে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে অভ্যন্তরীণ এক চিঠিতে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান রবিন লি।

বাইদুর এ দ্রুত সম্প্রসারণ পরিকল্পনা তাদের এ খাতে প্রচুর বিনিয়োগের বিষয়টির দিকেই ইঙ্গিত করছে। বিশ্লেষকদের মাতে, ভবিষ্যতে এ খাতকে ঘিরে কয়েকশ’ কোটি ডলারের ব্যবসা গড়ে উঠবে।

এ বছরের তৃতীয় প্রান্তিকে চারশ’ ৯৫ কোটি ডলার আয় হওয়ার খবর জানিয়েছে বাইদু। হিসেবে বাজার প্রত্যাশাকে অতিক্রম করেছে প্রতিষ্ঠানটি। তবে, চীনা এ প্রতিষ্ঠানটির প্রধান লি আগেভাগেই সতর্ক করে দিয়েছেন, চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীরগতির কারণে প্রভাব পড়তে পারে বিজ্ঞাপনের খরচে, বিশেষ করে শিক্ষা ও রিয়েল এস্টেট খাতে।

এখনও বিজ্ঞাপন থেকেই অধিকাংশ আয় আসে বাইদুর। ব্যবসায়ে বৈচিত্র্য আনতে সেমিকন্ডাক্টর থেকে বিদ্যুচ্চালিত গাড়ি এবং স্ব-চালনা সব খাতেই বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি। নিজেরা অবশ্য গাড়ি তৈরি করছে না, এ কাজে একাধিক চীনা গাড়ি নির্মাতার উপরই নির্ভর করছে চীনা এ প্রযুক্তি জায়ান্ট। প্রতিষ্ঠানটি কাজ করছে গাড়ির পেছনের চালকবিহীন প্রযুক্তি নিয়ে।