২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিভ্রাট কাটিয়ে অনলাইনে স্ন্যাপ, স্পটিফাই, গুগল ক্লাউড

সম্প্রতি বৈশ্বিক বিভ্রাট কাটিয়ে অনলাইনে ফিরেছে স্ন্যাপচ্যাট, স্পটিফাইয়ের মতো একাধিক সামাজিক মাধ্যম অ্যাপ এবং অ্যালফাবেট মালিকানাধীন গুগল ক্লাউড।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2021, 04:05 PM

Updated : 07 Apr 2022, 11:53 PM

গুগল নিজেদের ক্লাউড নেটওয়ার্কিংয়ে সমস্যার কথা জানিয়েছে। মঙ্গলবার স্বল্প সময়ের জন্য হওয়া এ বিভ্রাটের শিকার গুগলের নেটওয়ার্কটির গ্রাহক তালিকায় রয়েছে ইটসি, স্পটিফাই এবং স্ন্যাপ ইনকর্পোরেটেডের মতো প্রতিষ্ঠান। বিভ্রাটের মুখে হাজারো ব্যবহারকারী অভিযোগ জানান ডাউনডিটেক্টরে। রয়টার্সের প্রতিবেদন বলছে, দ্রুতই আংশিকভাবে সমাধান করা হয় সমস্যাটির।

গুগল ক্লাউডের ড্যাশবোর্ডের তথ্য অনুসারে, ক্লাউড কনসোল ও ক্লাউড ইঞ্জিনের মতো ক্লাউড ডেভেলপার টুলের মতো সেবাও সমস্যার মুখে পড়েছিল।

স্পটিফাইয়ের ৫০ হাজারেরও বেশি ব্যবহারকারী অভিযোগ জানিয়েছিলেন ডাউনডিটেক্টরে। পরে সেবাটি জানায়, তারা অবগত যে “কিছু সমস্যা এখন হচ্ছে এবং সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।”

কিছু সময় পর সে সমস্যার সমাধান হয়েছে বলেও নিজেদের ওয়েবসাইটে উল্লেখ করে স্পটিফাই। অন্যদিকে স্ন্যাপচ্যাট সাপোর্ট এক টুইটে লেখে, “অনেক স্ন্যাপচ্যাটারের অ্যাপ ব্যবহার করতে সমস্যা হচ্ছে, সঙ্গেই থাকুন, আমরা সমাধানের জন্য কাজ করছি। এ সময়ের মধ্যে, আমরা লগড ইন থাকার পরামর্শ দিচ্ছি।”

জুনে বড় মাপের বৈশ্বিক ইন্টারনেট বিভ্রাট দেখেছিল বিশ্ব। সে সময় বিপর্যয়ের কবলে পড়েছিল ক্লাউড কোম্পানি ফাস্টলি। এরপর অক্টোবরে ছয় ঘণ্টার বড় বিভ্রাটের কবলে পড়েছিল ফেইসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। সে বিভ্রাটে ফেইসবুক প্রকৌশলীরা পর্যন্ত নিজ নিজ ইন্টারফেইসে সমস্যা সারাইয়ের জন্য প্রবেশ করতে পারেননি।