২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েবে আর স্বয়ংক্রিয়ভাবে টুইট লোড করবে না টুইটার

ওয়েব প্ল্যাটফর্মে নতুন আপডেট আনছে টুইটার। এর মধ্য দিয়ে বদলে যাবে ব্যবহারকারীদের নতুন টুইট দেখার অভিজ্ঞতাও। ওয়েবে স্বয়ংক্রিয়ভাবে আর নিজেদের টাইমলাইন রিফ্রেশ করবে না মাইক্রোব্লগিং সাইটটি। ফলে নতুন টুইট লোড কখন হবে, সে সিদ্ধান্ত নিতে পারবেন ব্যবহারকারীরাই।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2021, 05:32 PM

Updated : 07 Apr 2022, 11:53 PM

টুইটারের স্বয়ংক্রিয়ভাবে নতুন টুইট লোড করার প্রক্রিয়াটি অনেক সময় প্রতিবন্ধকতা সৃষ্টি করতো ব্যবহারকারীর জন্য। এটি টুইটারেরও অজানা নয়, অতীতে এটি স্বীকারও করে নিয়েছে সাইটটি।

টেকক্রাঞ্চের প্রতিবেদন বলছে, নতুন ব্যবস্থায় টাইমলাইনের উপরে যোগ হচ্ছে টুইট কাউন্টার বার। সেটিতে ক্লিক করেই নতুন টুইট লোড করতে পারবেন ব্যবহারকারীরা। নিজেদের নতুন আপডেটের খবর টুইট করে জানিয়েছে মাইক্রোব্লগিং সাইটটি।

টুইটারের ওয়েব সংস্করণ এতোদিন স্বয়ংক্রিয়ভাবে টুইট লোড করলেও সামাজিক মাধ্যমটির আইওএস ও অ্যান্ড্রয়েড অ্যাপ তা করেনি। ব্যবহারকারীরা সেখানে হোম বাটনে ক্লিক করে নতুন টুইট লোড করে নিতে পারেন। ওয়েবে যে এ পরিবর্তনটি আসছে তা সেপ্টেম্বরেই জানিয়েছিল সাইটটি।

সম্প্রতি আরও একটি পরিবর্তন এসেছে টুইটারের ওয়েব সংস্করণে। স্বয়ংক্রিয়ভাবে ছবি ক্রপ করা থামিয়ে দিয়েছে সাইটটি। মোবাইলে এ বছরের শুরুতেই এসেছিল এ সুবিধাটি। এবার তা ওয়েবেও এলো। এখন টুইটারের ওয়েব সংস্করণে পরিপূর্ণ আকারেই দেখা যাচ্ছে ছবি।