২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছোট ছোট সাফল্যের হাত ধরে আইসিটিতে ‘বড় অগ্রগতি’

আরিফ আর রনির গল্প

হাসান বিপুল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2021, 03:24 PM

Updated : 02 Aug 2022, 06:35 PM

“আমার স্টল ছিল একদম শুরুতেই, সাজিয়েছিলাম একেবারে গ্রামীণ চেহারায়। স্টলের পেছনে দেওয়ালে একটি মাছ ধরা জালে আমি যে সেবাগুলো দেব সেগুলো ছোট ছোট কাগজের টুকরায় সেঁটে দিয়েছিলাম। প্রধানমন্ত্রী এলেন। প্রথমেই তাঁর নজর গিয়ে পড়ল ওই জালে। জিজ্ঞেস করলেন, “এই জাল কেন রেখেছ?” আমি বললাম, দেশের পুরো আইসিটিতে উন্নয়নের প্রতীক হলো এই জাল। এর মধ্যে আমার সেবাগুলোর নাম আমি যোগ করেছি। এমনি করে আমার মতো অনেক উদ্যোক্তা মিলে আইসিটির এই জালটি আমরা পূর্ণ করে দেব।”

ক্ষুদ্র উদ্যোক্তা এস এম আরিফুজ্জামান বলছিলেন ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৪ সালে আয়োজিত ডিজিটাল ওয়ার্ল্ড নিয়ে। গোটা দেশ থেকে সে আয়োজনে তার ইউনিয়ন ডিজিটাল কেন্দ্রটিই বাছাই হয়েছিল। সে সময় এক-দু’টি সেবা থেকে শুরু করলেও এক পর্যায়ে যশোর সদরের আরবপুর ইউনিয়নের ডিজিটাল সেন্টারে ৮০টি সেবা দিয়েছেন আরিফ। শুরুতে মাইকিং বা লিফলেট বিতরণ করে লোকজনকে জানিয়েছেন তিনি। করেছেন সাংস্কৃতিক অনুষ্ঠানও।

Image
প্রধানমন্ত্রীকে আশার কথা শুনিয়েছিলেন ক্ষুদ্র উদ্যোক্তা আরিফুজ্জামান। ছবি: মুস্তাফিজ মামুন

প্রধানমন্ত্রীকে আশার কথা শুনিয়েছিলেন ক্ষুদ্র উদ্যোক্তা আরিফুজ্জামান। ছবি: মুস্তাফিজ মামুন

একটি সেন্টার দিয়ে যাত্রা শুরু করা আরিফ কিছুদিন পরেই দুটি সাব-সেন্টার খোলেন। কারণ, “আমি যতোটা প্রচার করেছি, লোকজনের মুখে মুখে তার চেয়েও বেশি ছড়িয়েছে যে, এখানে কোন কোন সেবা পাওয়া যায়”। সেন্টার, সাব সেন্টারগুলোর পাশাপাশি এখন তার রয়েছে একটি প্রশিক্ষণ কেন্দ্র। কারিগরি শিক্ষা বোর্ডে অধীনে এখান থেকে প্রতি বছর দুই ব্যাচে প্রায় একশ’ জন ডিপ্লোমা করছেন।

রাজশাহীর ৫নং হড়গ্রাম ইউনিয়নের রাকিবুল ইসলাম রনি কোনো প্রশিক্ষণ কেন্দ্র করেননি, কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে তিনি ভালোই আয় করছেন।

দেশে স্থানীয় সরকার কাঠামোর সবচেয়ে প্রান্তিক একক ইউনিয়ন পরিষদ। ২০০৯ সালে একশ’টি ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হয়ে ১২ বছর পর গোটা দেশে এখন সাড়ে চার হাজারেরও বেশি ইউনিয়নের প্রায় সবকটিতেই ডিজিটাল সেন্টার রয়েছে। এর প্রতিটিতে একজন নারী ও একজন পুরুষ উদ্যোক্তা রয়েছেন যারা ডিজিটাল সেবার আওতা বাড়িয়ে দিচ্ছেন প্রযুক্তির প্রান্তিক জনগোষ্ঠীর কাছে। এর পাশাপাশি পৌরসভা ও নগর ওয়ার্ড পর্যায়ে রয়েছে আরও প্রায় সাড়ে সাতশ’ পৌর ডিজিটাল সেন্টার।

নাম তার ‘চম্পা পিডিসি’

আরিফ বা রনি ইউনিয়ন পর্যায়ের ডিজিটাল সেবা কেন্দ্রের মাধ্যমে নিজেদের এগিয়ে নিলেও যশোরের চম্পা’র ব্র্যান্ডিং ভিন্ন মাত্রার। মূল নাম চম্পা মণ্ডল। কিন্তু লোকজন তাকে চেনেন চম্পা পিডিসি নামে। নামের শেষাংশের মানে পৌরসভা ডিজিটাল সেন্টার। সেখান থেকেই তার যাত্রা শুরু।

পৌরসভার ডিজিটাল সেন্টার দিয়ে শুরু করলেও সেখানে থেমে থাকেননি তিনি। ডিজিটাল সেন্টার পরিচালনায় সঙ্গে নিয়েছেন আরও দুইজনকে। সেবাগ্রহীতাদের সমর্থন দেওয়ার পাশাপাশি তিনি চালান পোশাকের একটি অনলাইন দোকান। পাশাপাশি নিয়েছেন একটি বেসরকারি ব্যাংকের এজেন্সির কাজ।

Image
পৌরসভা ডিজিটাল কেন্দ্র থেকে চম্পা মণ্ডলের প্রথম আয় ছিল চার টাকা। ছবি: মুস্তাফিজ মামুন

পৌরসভা ডিজিটাল কেন্দ্র থেকে চম্পা মণ্ডলের প্রথম আয় ছিল চার টাকা। ছবি: মুস্তাফিজ মামুন

এই সব তিনি করতে পেরেছেন একটি কর্মশালায় অংশ নিতে পারার কারণে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অধীন এটুআই বিভাগ আয়োজিত ওই কর্মশালায় অংশ নেওয়ার পর পিডিসি থেকে তার প্রথম দিনের আয় ছিল স্রেফ চার টাকা।

“মায়ের আশীর্বাদে ওই চার টাকা এখন চার লক্ষ টাকা হয়েছে,” বললেন চম্পা।

দেশের প্রত্যন্ত অঞ্চলের এইসব উদ্যোক্তাদের সঙ্গে আলাপ হলো একটি সরেজমিন সফরে। প্রধানমন্ত্রীর কার্যালয় আয়োজিত ওই সফরে জেলা, উপজেলা, পৌরসভা এমনকি ইউনিয়ন পর্যায়ের ডিজিটাল কর্মীরা জানালেন তাদের দিন বদলের গল্প।

ব্যক্তির পাশাপাশি কাজ হচ্ছে প্রাতিষ্ঠানিক পর্যায়েও

প্রতিষ্ঠানিক পর্যায়েও দিন বদলে দেওয়ার উদাহরণ তৈরি করছেন দেশি উদ্যোক্তারা। শুরুটা প্রায় সবারই ব্যক্তি কেন্দ্রিক হলেও ক্রমশ তাদের প্রতিষ্ঠান নেতৃত্ব দিচ্ছে দেশের ডিজিটাল রূপান্তরে। এমন একটি গল্প রাজশাহীর খায়রুল আলমের।

কিশোর বয়স থেকে খায়রুলের জিজ্ঞাসা ছিল, কম্পিউটার থেকে টাকা কী করে আসে? সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেননি। পড়েছেন আইআইইউসি-তে। পায়ের নিচে মাটি শক্ত হওয়ার আগেই বাবা মারা যান। টিউশনি করেছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছেন। এরই মধ্যে বিটিভিতে মোস্তাফা জব্বারের (এখনকার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী) অনুষ্ঠান দেখে আবার ফিরে আসে সেই পুরোনো প্রশ্ন- কম্পিউটার থেকে টাকা কী করে আসে।

Image
মাসে ১২ লাখ টাকা পর্যন্ত আয় করেন খায়রুল আলমের প্রতিষ্ঠানের অনেকেই। ছবি: মুস্তাফিজ মামুন

মাসে ১২ লাখ টাকা পর্যন্ত আয় করেন খায়রুল আলমের প্রতিষ্ঠানের অনেকেই। ছবি: মুস্তাফিজ মামুন

কয়েকবার চাকরি পাল্টে অনিশ্চিত জীবন সামনে রেখে শুরু করেন ফ্রিল্যান্সিং। সেখানেও সুবিধা হয়নি শুরুতে।

“ফ্রিল্যান্সার ডটকম থেকে একটা কাজ পেয়েছিলাম, ২০০ ডলারের। কাজ করে পাঠিয়ে দেওয়ার পর ক্লায়েন্ট আমাকে ব্লক করে দিল।” প্রতারিত হয়ে খায়রুল জানলেন, “ফ্রিল্যান্সিং কাজের বেলায় যিনি কাজ দিচ্ছেন, অর্থাৎ ক্লায়েন্টের, রেটিং বা সুনামের বিষয়টি যাচাই করে নেওয়া জরুরী।”

ফ্রিল্যান্সার থেকে ওডেস্ক, প্রথম আয় ছিল ঘণ্টায় ২৯ সেন্ট করে। সেই আয় দিয়ে প্রথমেই আপগ্রেড করে নিয়েছেন নিজের পিসি।

১৩ বছর পর সেই খায়রুলের ফ্লিট বাংলাদেশ এখন এখন শতশত তরুণের কাজ যোগাচ্ছেন, ওয়ালমার্ট এবং অ্যামাজনের মতো প্রতিষ্ঠানের স্টোর ম্যানেজমেন্টের কাজ করছেন রাজশাহীতে বসে।

কেবল আউটসোর্সিং বা সফটওয়্যার প্রতিষ্ঠান নয়, খায়রুল এখন ট্রাভেল এজেন্সি বা ল্যান্ড ডেভেলপার প্রতিষ্ঠানেও নজর দিয়েছেন। কিন্তু কেন? কৃত্রিম বুদ্ধিমত্তা, ভার্চুয়াল রিয়ালিটি বা ইন্টারনেট অফ থিংস নিয়ে কাজ করে পোষাচ্ছে না? খায়রুল বললেন-

“আমি মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি। আমি জানি একজন মধ্যবিত্ত তরুণদের সাধ্যটি আবেগ মাখা। সেই দৃষ্টিকোণ থেকেই কয়েক বছর আগে কর্মীদের মা-বাবা’র জন্য হজ্জ্ব প্যাকেজ ও আবাসন সমস্যা সমাধানে হাত দেই। ব্যক্তি পর্যায়ে আবাসন বা প্রতিষ্ঠানটির আওতা বাড়াতে গেলে ওই জমি কাজে লাগবে।”

রাজশাহীতে ৩১ দশমিক ৬৩ একর জায়গা নিয়ে বঙ্গবন্ধু হাই-টেক পার্ক তৈরি হচ্ছে। এর অংশ হিসেবে ৬২ হাজার বর্গফুট আয়তনের পাঁচতলা বিশিষ্ট আইটি ইনকিউবেটর ও প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হয়ে গেছে। সেখানেই ফ্লিট বাংলাদেশের অফিসে বসে খায়রুল জানালেন- “আমার প্রতিষ্ঠনের শতকরা ৯৫ জনই নিজেদের ভাগ্য বদলে ফেলেছে। অনেকেই আছেন যারা মাসে ছয় থেকে ১২ লাখ টাকা পর্যন্ত আয় করছেন।”

হাই-টেক পার্ক কেন্দ্রিক বিপ্লব

খায়রুলের এই যাত্রায় বড় প্রভাব রয়েছে রাজশাহীর বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কের। তবে, প্রকল্পের অগ্রগতি বিবেচনায় সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক। দেশে আরও বড় দুটি হাই-টেক পার্ক হলো ঢাকার অদূরে কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাই-টেক সিটি এবং সিলেটের বঙ্গবন্ধু হাই-টেক পার্ক। এর পাশাপাশি রয়েছে নয়টি সফটওয়্যার টেকনোলজি পার্ক ১২টি আইটি পার্ক এবং ১৩টি শেখ কামাল আইটি ট্রেইনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার।

Image
রাজশাহী হাই-টেক পার্কে তৈরি হচ্ছে জয় সিলিকন টাওয়ার। ছবি: মুস্তাফিজ মামুন

রাজশাহী হাই-টেক পার্কে তৈরি হচ্ছে জয় সিলিকন টাওয়ার। ছবি: মুস্তাফিজ মামুন

মুহিদুল ইসলাম কাজ করছেন যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে। তার প্রতিষ্ঠান ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি আইটি সেক্টরের জন্য জনশক্তি তৈরি করছে। টেকনোলজি পার্কের অফিসে তিনিও বললেন ফ্রিল্যান্সিং থেকে আয়ের কথা। এই সফটওয়্যার পার্কে এখন পর্যন্ত বরাদ্দ পাওয়া ৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৫টি ইতোমধ্যেই কাজ শুরু করছে। টেকনোলজি পার্কের ভবিষ্যত নিয়ে অসম্ভব আশাবাদী মুহিদুলের মতে পূর্ণ সক্ষমতা নিয়ে পার্কটি যখন চলবে, “আমরা আশা করি দেশের জিডিপিতে উল্লেখ করার মতো অবদান রাখতে পারবো।”

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুসারে দেশে এ ধরনের উদ্যোগের সংখ্যা এখন পর্যন্ত ৪০টি।

এরই মধ্যে দেশের হাই-টেক পার্কগুলোয় ১৬৬টি প্রতিষ্ঠানকে স্পেস ও প্লট বরাদ্দ দেওয়ার কথা জানালেন হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ। এখন পর্যন্ত পার্কগুলোয় বেসরকারি পর্যায়ে পাঁচশ ৭০ কোটি টাকা এবং হাই-টেক পার্কের বিনিয়োগ নয়শ’ ৫০ কোটি টাকা। এই বিনিয়োগ ২০২৫ সালের মধ্যে চার হাজার কোটি টাকায় পৌঁছানোর কথাও বলেন তিনি।

একসময় দেশের আইসটিতে রপ্তানীপণ্য বলতে কেবলই মনে করা হতো সফটওয়্যার। আইসিটি পণ্য রপ্তানীতে এক দশক আগে শূন্য থেকে এখন দেশে তৈরি হচ্ছে নোকিয়ার মতো ব্র্যান্ডের পণ্য।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুসারে আইসিটি খাতে বাংলাদেশ থেকে রপ্তানীর অঙ্ক এখন এক হাজার তিনশ’ কোটি ডলার। এর বিপরীতে ডাব্লিউটিও’র দেওয়া তথ্য অনুসারে ২০২০ সালে বাংলাদেশ থেকে তৈরি পোশাক খাতে রপ্তানী আয় ছিল দুই হাজার আটশ’ কোটি ডলার। তুলনায় এখনও প্রায় অর্ধেক হলেও দেশের হাই-টেক পার্কের উদ্যোক্তারা স্বপ্ন দেখছেন দেশের রপ্তানী আয়ে তারাই অদূর ভবিষ্যতে নেতৃত্ব দেবেন।