২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিকটকের মতো এআর মিউজিক লেন্স আনছে স্ন্যাপ

সনি মিউজিক এন্টারটেইনমেন্টের সঙ্গে লাইসেন্সিং চুক্তি স্বাক্ষর করেছে স্ন্যাপ ইনকর্পোরেটেড। এ চুক্তির ফলে স্ন্যাপচ্যাট ব্যবহারকারীরা সনি’র সঙ্গে চুক্তিবদ্ধ শিল্পীদের গাওয়া গান ব্যবহার করতে পারবেন। সাম্প্রতিক চুক্তির মধ্য দিয়ে সব মূল সারির লেবেল প্রতিষ্ঠানের সঙ্গে জোট বাঁধার কাজ সম্পন্ন করলো স্ন্যাপ।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2021, 02:20 PM

Updated : 07 Apr 2022, 11:53 PM

নতুন এ অর্জনকে কাজে লাগিয়ে নতুন এআর মিউজিক ফিল্টার আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। “শিগগিরই” এরকম এক সেট ফিল্টার আসবে প্ল্যাটফর্মটিতে যেখানে পূর্ব-নির্বাচিত গান খুঁজে পাবেন ব্যবহারকারীরা।

প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, এগুলো দেখে মনে হবে ব্যবহারকারীরা গানের সঙ্গে ঠোট মেলানোর চেষ্টা করছেন। আবার আরেকটি সেটে অ্যানিমেটেডে মিউজিক ভিডিওর ভেতরে নিজেকে ও বন্ধুকে জুড়ে নিতে পারবেন স্ন্যাপ ব্যবহারকারীরা। এনগ্যাজেটের মতে, স্ন্যাপচ্যাট আরও বেশি “টিকটক ও ইনস্টাগ্রামের মতো” হয়ে যাচ্ছে।

ফিল্টারের পাশে থাকা মিউজিকাল নোট দেখে ব্যবহারকারীরা বুঝতে পারবেন সেটি নতুন কি না। গত বছর সাউন্ডস ফিচার আনার পর থেকে এ পর্যন্ত স্ন্যাপের ব্যবহারকারীরা একশ’ ২০ কোটিরও বেশি ভিডিও তৈরি করেছেন। সবমিলিয়ে ভিউ এসেছে প্রায় সাতশ’ ৭০ কোটিরও বেশি।

আর তা-ই হয়তো এনগ্যাজেট মন্তব্য করেছে, স্ন্যাপচ্যাটের এনগেজমেন্ট মেট্রিকে সবসময়ই ইতিবাচক ভূমিকা রেখেছে মিউজিক।