টেলিকম কার্যক্রমের আধুনিকায়নে জোট বেঁধেছে টেলিনর ও গুগল ক্লাউড
নিজস্ব সেবার আধুনিকায়নের লক্ষ্যে গুগল ক্লাউডের সঙ্গে জোট বেঁধেছে নরওয়ে ভিত্তিক টেলিকম সেবাদাতা টেলিনর। টেলিনরের বৈশ্বিক কার্যক্রম ‘ডিজিটালাইজ’ করবে নতুন এই জোট, পাশাপাশি খুঁজে বের করা হবে যৌথভাবে গ্রাহককে সেবাদানের নতুন পথ।
প্রতিষ্ঠান দুটি নতুন জোটের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সোমবার। রয়টার্সকে গুগল ক্লাউড ও টেলিনরের প্রধান নির্বাহীরা জানিয়েছেন, নিজস্ব আইটি ও নেটওয়ার্ক কাঠামোর সক্ষমতা বাড়াতে টেলিনর গুগল ক্লাউডের সেবা ব্যবহারের পাশাপাশি ক্রেতাদের ডিজিটাল টুল সরবরাহে একত্রে কাজ করবে।
টেলিনর বর্তমানে ১৭ কোটি ২০ লাখ গ্রাহককে সেবা দিচ্ছে। প্রতিষ্ঠানটির মোট আয়ের অর্ধেক আসে এশিয়া থেকে। বাকি অর্ধেক আসে নর্ডিক দেশগুলো থেকে। ডিজিটালাইজেশন প্রকল্পটি টেলিনরের জন্য বড় একটি পরিবর্তন, কিন্তু এটি তাদের নতুন আয়ের রাস্তা খুঁজে পাওয়ারও একটি অংশ বলে জানিয়েছেন টেলিনরের প্রধান নির্বাহী সিগভে ব্রেককে।
“আমি মনে করি টেলকোর ভবিষ্যৎ সংযুক্ততাকে ছাড়িয়ে যাওয়া এবং গ্রাহককে সংযুক্ত করার পাশাপাশি নতুন সেবা তৈরিতে নিহিত।”– বলেন ব্রেককে।
ছবি: রয়টার্স
“ডিজিটালাইজ করা মানে আমাদের পরিচালনা ব্যবস্থা আরও মসৃণ হবে। কোনো বিভ্রাট ঘটার আগেই সেটি আঁচ করতে পারবেন আপনি… আপনি যখন আপনার কিছু ব্যাকএন্ড প্রক্রিয়াকে স্থানচ্যুত করবেন, তখন ক্রেতার অভিজ্ঞতাকে মসৃণ করে আরও উন্নত করতে পারবেন।”
টেলিনরের মতো বড় প্রতিষ্ঠানের মূল কর্মকাণ্ডকে ডিজিটালাইজ করা এবং যৌথ গ্রাহক সেবা দেওয়া গুগল ক্লাউডের জন্যেও নতুন কিছু বলে জানিয়েছেন গুগল ক্লাউডের প্রধান নির্বাহী থমাস কুরিয়ান।
প্রতিষ্ঠান দুটি প্রথম যে সেবাগুলো দেওয়ার পরিকল্পনা করেছে তার মধ্যে একটি হলো ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসাকে ডিজিটাল কর্মকাণ্ডে রূপান্তর করার জন্য প্ল্যাটফর্ম তৈরি করা। “এটি শুধু ডেটা সেন্টার অপটিমাইজ করা বা ক্লাউডে ডেটা সেন্টার নিয়ে আসা নয়।”– বলেন কুরিয়ান।
“আমরা এসএমই-কে নিয়ে যে কাজটি করছি… তাতে শুধু আমরা প্রযুক্তি সরবরাহকের ভূমিকা পালন করছি না, ক্রেতাদের জন্য যৌথভাবে সেবা তৈরি করছি।”
