ডিজলাইকের সংখ্যা দেখাবে না ইউটিউব, একমত নন ব্যবহারকারীরা
সম্প্রতি ভিডিওতে মোট কতোগুলো ‘ডিজলাইক’ পড়েছে, সেই সংখ্যা আর ব্যবহারকারীদের না দেখানোর সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব। তবে শীর্ষ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটির সঙ্গে একমত নন কন্টেন্ট নির্মাতা ও দর্শকদের একটা অংশ। কেউ বলছেন, ইউটিউবের সিদ্ধান্ত “খুব একটা সহযোগিতা” করবে না তাদের, আবার ক্লিকবেইটে বিভ্রান্ত হওয়ার আশঙ্কা করছেন কেউ কেউ।
ইউটিউব বলছে, কন্টেন্ট নির্মাতাদের “ডিজলাইক বম্বিং” থেকে রক্ষা করতে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। কন্টেন্ট নির্মাতাদের উপর “চাপ কমাতে” এবং তাদের “বিব্রতকর পরিস্থিতি” থেকে বাঁচাতে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
তবে, এই প্রসঙ্গে বিভক্ত কন্টেন্ট নির্মাতারা। কন্টেন্ট নির্মাতাদের মধ্যে কেউ কেউ ইউটিউবের সিদ্ধান্ত ইতিবাচক হিসেবে নিলেও, নির্মাতাদের অনেকেই ফিচারটি সাধারণ ব্যবহারকারীদের “খুব একটা সহযোগিতা” করবে না বলে মন্তব্য করেছেন বিবিসি’র কাছে।
মোট ডিজলাইকের সংখ্যা “মিস” করবেন বলেও কমেন্ট করেছেন ব্যবহারকারীদের অনেকে। ইউটিউব তারকা পিউডিপাইয়ের একটি ভিডিওতে “আরআইপি ডিজলাইকস (RIP dislikes)” লিখে কমেন্ট করেছেন অনেকে। নিজস্ব সাবস্ক্রাইবারদের সঙ্গে রসিকতা করেই ওই ভিডিওতে ডিজলাইক চাপতে বলে ৫৬ লাখ ডিজলাইক পেয়েছিলেন পিউডিপাই।
মোট ডিজলাইকের সংখ্যা ক্লিকবেইট এড়াতে বেশ কাজে দিতো বলে মন্তব্য করেছেন ইউটিউব ব্যবহারকারী ক্রিস বার্টন। “ভিডিও দেখার আগেই আপনি তাৎক্ষণিকভাবে জানতে চাইবেন যে ভিডিওটি আসলে কতোটা ভালো”-- বলেন তিনি।
বার্টন আরও বলেন, “বেশিরভাগ সময়েই আপনি টাইটেল বা থাম্বনেইল বিশ্বাস করতে পারবেন না। আপনি যদি একটি টিউটোরিয়াল ভিডিও-তে ডিজলাইকের সংখ্যা বেশি দেখেন তাহলে আপনি বুঝে যাবেন ওই ভিডিওটি আপনাকে কোনো সাহায্য করবে না।”
কিন্তু ইউটিউবের নতুন সিদ্ধান্ত কীভাবে তাকে “মানসিক চাপ” থেকে রক্ষা করবে, সেটি বুঝতে “বেগ পেতে হচ্ছে” বলে মন্তব্য করেছেন ওই ইউটিউবার।
ইউটিউবের সিদ্ধান্ত “ডিজলাইক বম্বিং”-এর নেতিবাচক প্রভাব মোকাবেলায় কাজে আসবে স্বীকার করলেও বার্টন বলেন, “আমার মনে হয় না যে ৯৯ শতাংশ মানুষ এভাবে ডিজলাইক বাটন ব্যবহার করে। ইউটিউব স্বয়ংক্রিভাবে বিদ্বেষমূলক কমেন্ট ব্লক করে দেয় যা চমৎকার; রিভিউয়ের জন্য অপেক্ষা করে এবং আমি ম্যানুয়ালি ক্লিক না করা পর্যন্ত লাইভ হয় না কমেন্টগুলো।”
বিদ্বেষপূর্ণ কন্টেন্ট মোকাবেলার পাশাপাশি লাইক বা ডিজলাইক সংখ্যা লুকিয়ে ফেলার ফিচারটি যে ইউটিউবে এখনই আছে সেদিকেও দৃষ্টি আকর্ষণ করেছেন কন্টেন্ট নির্মাতারা। নির্মাতারা চাইলেই তাদের ইউটিউব ভিডিও’র লাইক-ডিজলাইক সংখ্যা লুকিয়ে ফেলতে পারেন দর্শকদের কাছ থেকে।
ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটিতে সবচেয়ে বেশি ডিজলাইক পাওয়া ভিডিওটি ইউটিউবের নিজের। এক কোটি ৯০ লাখ ডিজলাইক পড়েছে ‘ইউটিউব রিওয়াইন্ড ২০১৮’-তে। নিজের ভিডিও’র বিব্রতকর পরিস্থিতি লুকাতে ইউটিউব নতুন সিদ্ধান্ত নিয়েছে-- এমন গুজবও শোনা যাচ্ছে প্রযুক্তি সেবার বাজারে। ইউটিউব ওই গুজব নাকচ করে দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।
ডিজলাইকের সংখ্যা সাধারণ ব্যবহারকারীদের কাছ থেকে লুকিয়ে ফেলার সিদ্ধান্ততে, সাবস্ক্রাইবার সংখ্যা কম-- এমন কন্টেন্ট নির্মাতারা উপকৃত হবেন বলেও মনে করছেন নির্মাতাদের অনেকে। “বিদ্বেষপূর্ণ মনোভাবের মানুষদের অন্যদের সৃষ্টিশীল কাজকে ছোট করা থেকে অনুৎসাহিত করবে” বলে মন্তব্য করেছেন কিশোর র্যাপার কেনজো জ্যায়ে।
১৮ বছর বয়সী ওই র্যাপার জানিয়েছেন, ইউটিউবে ভিডিও আপলোড করার সময় দর্শকরা ভিডিওটি কীভাবে নেবেন, সে বিষয়ে “দ্বিধান্বিত” থাকেন তিনি। ডিজলাইকের মোট সংখ্যা সরিয়ে ফেললে সেটা কন্টেন্ট নির্মাতার মানসিক স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করেন তিনি।
ডিজলাইকের মোট সংখ্যা লুকিয়ে ফেলার ফিচারটি নিয়ে চলতি বছরের শুরুতেই পরীক্ষা চালিয়েছে ইউটিউব। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি বলছে, নির্মাতাদের কন্টেন্টের উপর বিদ্বেষপূর্ণ মনোভাবের ব্যক্তিদের পূর্বপরিকল্পিত ‘ডিজলাইক আক্রমণের’ হার কমে এসেছিল ওই পরীক্ষায়।
বিবিসি জানিয়েছে, ভিডিও’র নিচে মোট ডিজলাইকের সংখ্যা এখনও দেখতে পাচ্ছেন ব্যবহারকারীদের অনেকে। নতুন ফিচারটি ইউটিউব ব্যবহারকারীদের কাছে পৌঁছে দিচ্ছে পর্যায়ক্রমে; তাই আপাতত কিছু ব্যবহারকারী মোট ডিজলাইকের সংখ্যা দেখতে পেলেও খুব শিগগিরই পাল্টে যাবে এই দৃশ্যপট।
