২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোয়াইট হাউজের আপত্তিতে ইনটেলের ‘চীন পরিকল্পনা’ বাতিল

বৈশ্বিক চিপ সঙ্কট নিরসনে চীনের কারখানায় চিপ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করেছিল শীর্ষ চিপ নির্মাতা ইনটেল। সেই পরিকল্পনার জোর বিরোধীতা করছে হোয়াইট হাউজ।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2021, 05:37 PM

Updated : 07 Apr 2022, 11:52 PM

ইনটেলের অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, চীনের চ্যাংদু’র কারখানায় ‘সিলিকন ওয়েফার’ উৎপাদনের পরিকল্পনা করেছিল ইনটেল, উৎপাদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল ২০২২ সালের শেষ নাগাদ। তবে নিরাপত্তা শঙ্কার কথা বলে সেই পরিকল্পনা “জোরালো ভাবে নিরুৎসাহিত” করেছেন হোয়াইট হাউজ কর্মকর্তারা।

হোয়াইট হাউজের এই আপত্তি অগ্রাহ্য করার উপায়ও নেই ইনটেলের জন্য। উৎপাদন বাড়ানোর জন্য তহবিলের যোগান দেবে মার্কিন সরকার। হোয়াইট হাউজের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর আপাতত চীনে ‘সিলিকন ওয়েফার’ উৎপাদনের “কোনো পরিকল্পনা নেই” বলে জানিয়েছে ইনটেল, বরং “অন্য সমাধান” খুঁজবে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি খাতে চীন বনাম যুক্তরাষ্ট্রের রেষারেষি নতুন মাত্রা পেয়েছে বাইডেন সরকার ক্ষমতায় আসার পর। সম্প্রতি চীনের প্রযুক্তি পণ্য নির্মাতা হুয়াওয়ে এবং জেডটিই’র উপর নতুন কড়াকড়ি আরোপ করে এমন আইনেও স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

এমন পরিস্থিতে ইনটেল এক বিবৃতিতে ব্লুমবার্গকে বলেছে, “বর্তমানে পুরো প্রযুক্তি শিল্পে চলমান চিপ সঙ্কট মোকাবেলার লক্ষ্য ইনটেল ও বাইডেন সরকার উভয়েরই। এ লক্ষ্যে মার্কিন সরকারের সঙ্গে একাধিক কৌশল বিবেচনা করে দেখেছি আমরা।”

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ বলছে, ইনটেল ও মার্কিন সরকার সম্ভাব্য যে সমাধানগুলো বিবেচনা করছে তার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কারখানাগুলোয় ‘সিলিকন ওয়েফার’ উৎপাদনের জন্য বিনিয়োগের চিন্তাও থাকতে পারে; যা বাইডেন সরকারের প্রযুক্তি পণ্যের অপরিহার্য যন্ত্রাংশ যুক্তরাষ্ট্রের সীমানার মধ্যেই উৎপাদনের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানের পণ্য মার্কিন সরকারি কাজে ব্যবহারের উপর কড়াকড়ি আরোপ করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দেওয়া কড়াকড়ির পরিধি আরও বাড়িয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। উভয় প্রেসিডেন্ট হুয়াওয়ে ও জেডটিই-কে আখ্যা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে। বাইডেনের স্বাক্ষরিত নতুন আইনের ফলে যুক্তরাষ্ট্রের ‘ফেডারেল কমিউনিকেশনস কমিশন’-এ লাইসেন্সের জন্য আবেদনও করতে পারবে না প্রতিষ্ঠান দুটি।

এ ছাড়াও, চীনের কাছে মার্কিন হ্যাকিং টুল বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছেন বাউডেন, চীনের প্রযুক্তিনির্ভর নজরদারি প্রতিষ্ঠানগুলোতে মার্কিন বিনিয়োগের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি।

ভার্জ বলছে, সময় পেরোনোর সঙ্গে সঙ্গে যেন প্রযুক্তি শিল্পের প্রতিটি খাতেই চিপ সঙ্কটের প্রভাব পরিলক্ষিত হচ্ছে। চিপ সঙ্কটের ফলে ইউএসবি পোর্ট ছাড়াই টেসলা গাড়ি, টাচস্ক্রিন ছাড়া বিএমডব্লিউ গাড়ি, পিএস৫ ও নিনটেনডো’র সুইচ কনসোলের উৎপাদন হ্রাসের খবর সাম্প্রতিক। ২০২৩ সালের আগে চিপ সঙ্কট থেকে উত্তরণের সম্ভাবনা কম বলে ইনটেল যে ভবিষ্যদ্বাণী করেছিল, সেটিই হয়তো সত্যি প্রমাণিত হতে যাচ্ছে বলে মন্তব্য করেছে সাইটটি।