২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিপ সঙ্কট: ইউএসবি পোর্ট ছাড়াই এখন বিক্রি হচ্ছে টেসলা

চিপ সঙ্কটের প্রভাবে ইউএসবি পোর্ট ছাড়াই মডেল ৩ ও মডেল ওয়াই গাড়ি বিক্রি করছে টেসলা। চলমান সঙ্কটের প্রভাব কম-বেশি সব প্রতিষ্ঠানকেই যে সহ্য করতে হচ্ছে, সেটিরই ইঙ্গিত মিলল এর মধ্য দিয়ে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2021, 04:34 PM

Updated : 07 Apr 2022, 11:52 PM

কয়েকজন টেসলা ক্রেতা জানিয়েছেন, কনসোলের মাঝ বরাবর বা রিয়ার সেটিংসের জায়গায় ইউএসবি পোর্ট না থাকার ব্যাপারে তাদেরকে আগেই জানিয়েছে টেসলা। অনেক ক্রেতা আবার এ ব্যাপারে জানতেন না। গাড়ি বাসায় আনার পর দেখেছেন - ইউএসবি পোর্ট নেই।

এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, সরবরাহ বিশেষজ্ঞ ও টেসলার অন্যান্যরা ইউএসবি পোর্টের অনুপস্থিতির জন্য চিপ সঙ্কটকে দায় দিচ্ছেন। কয়েকজন ক্রেতা না কি শুনেছেন ডিসেম্বরে ইউএসবি স্থাপন করে দেওয়া হবে তাদের গাড়িতে। তবে, সব গাড়ি মালিকই সে সুযোগ পাবেন কি না, তা এখনও জানা যায়নি।

টেসলা অনেক আগে থেকেই মন্তব্য করা বন্ধ করে দিয়েছে। অনেকে মনে করেন, নিজেদের জনসংযোগ দলটিরই ইতি টেনে দিয়েছে প্রতিষ্ঠানটি।

যন্ত্রাংশ ছাড়া গাড়ি বিক্রির ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গাড়ি নির্মাতা বিএমডব্লিউ নিজেদের কিছু মডেল থেকে টাচস্ক্রিন ফিচার সরিয়ে নিয়েছিল।

টেসলা গাড়িতে ইউএসবি পোর্ট না থাকার বিষয়টি শুধু সংযোগে প্রতিবন্ধকতা তৈরি করছেন না, তারবিহীন চার্জিংয়ের ক্ষেত্রেও বাধা সৃষ্টি করছে। টেসলা গাড়ির যে দাম, তাতে এ সুবিধা পাওয়ার আশা করতেই পারেন ক্রেতারা। -- মন্তব্য এনগ্যাজেটের।