এলো ফেইসবুকের নতুন শপিং ফিচার ‘শপস ইন গ্রুপস’
নতুন শপিং ফিচার ‘শপস ইন গ্রুপস’ আনার ঘোষণা দিয়েছে ফেইসবুক। পাশাপাশি নির্মাতাদের জন্য পণ্য পরামর্শ ও ‘লাইভ শপিং’ পরীক্ষা করে দেখছে মার্কিন এ সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
নতুন এই ফিচারের বরাতে ফেইসবুকের গ্রুপের অ্যাডমিনরা নিজেদের সংশ্লিষ্ট ফেইসবুক পেইজে অনলাইন স্টোর স্থাপন করতে পারবেন। আয় হওয়া অর্থ কোনো অলাভজনক খাতে যাবে না কি তাদের হাতে আসবে, তা ঠিক করে দিতে পারবেন তারা।
ফেইসবুকের মালিক প্রতিষ্ঠান মেটা’র ‘প্রডাক্ট ম্যানেজমেন্ট’ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইউলি কেওন কিম উল্লেখ করেছেন, অনেক গ্রুপ অ্যাডমিনই স্বেচ্ছাসেবক। এই ‘শপ’ থেকে তারা নিজেদের কাজের জন্য আয়ের পথ বের করে নিতে পারবেন।
কিম বলেন, “অর্থ গ্রুপ অ্যাডমিনের হাতে চলে যাবে, এবং তারা সিদ্ধান্ত নিতে পারবেন এটি কীভাবে ব্যবহার করবেন। এটি গ্রুপকে টিকিয়ে রাখা ও চলমান রাখার ভালো একটি উপায়।”
টেকক্রাঞ্চের প্রতিবেদন বলছে, এ মাসের শুরুতে ফেইসবুক কমিউনিটিস সামিটে ‘শপস’, ‘ফান্ডরেইজার’স’ এবং ‘সাবস্ক্রিপশন’-এর মতো ‘গ্রুপ মনিটাইজেশন’ ফিচারটি আনার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি।
ফেইসবুক জানিয়েছে, অনেক সময়ই গ্রুপে পণ্যের পরামর্শ চান ব্যবহারকারীরা। এখন থেকে পণ্যটি যদি ফেইসবুক শপসে থাকে, তাহলে তা ট্যাগ বা কমেন্টে এম্বেড করে দিতে পারবেন ব্যবহারকারীরা। গ্রুপের শীর্ষ পণ্য পরামর্শগুলো ব্যবহারকারীর নিউজ ফিডেও দেখা যাবে।
অন্যদিকে, ফেইসবুকে ‘লাইভ শপিং’ ফিচার আগে থেকেই রয়েছে। কিন্তু এটিকে এতোদিন ব্র্যান্ড ও নির্মাতাদের অংশীদারিত্বেই বেশি দেখা যেতো। এখন এ সম্পর্কিত নতুন এক ফিচারের পরীক্ষা শুরু করেছে অ্যাপটি। প্রভাবকদের পণ্য বিক্রি দেখার জন্য ভক্তদেরকে অন্য পেইজে ডাকার বদলে নির্মাতা ও ব্র্যান্ড এখন নিজ নিজ পেইজে ‘ক্রস-স্ট্রিম’ করতে পারবে।
ফেইসবুক নিজেদের নতুন নামকরণ করেছে মেটা। অনেকটা সময় ধরেই ব্যবসা ও নির্মাতাদের জন্য ধারাবাহিকভাবে নতুন নতুন শপিং টুল আনছে প্রতিষ্ঠানটি।
নতুন ফিচারগুলো এরই মধ্যে চলে এসেছে ওয়েব সংস্করণ এবং আইওএস ও অ্যান্ড্রয়েড সংস্করণের ফেইসবুক অ্যাপে।
