‘অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন সজীব ওয়াজেদ জয়
দেশের তথ্যপ্রযুক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তনে ভূমিকার জন্য ‘অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
ঢাকায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলন ‘ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজির (ডব্লিউসিআইটি ২০২১)’ দ্বিতীয় দিন শুক্রবার এ পুরস্কার দেওয়া হয়।
সজীব ওয়াজেদ জয়ের পক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক পুরস্কার গ্রহণ করেন বলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জুনাইদ আহমেদ পলক বলেন, “এই পুরস্কার সজীব ওয়াজেদ জয়ের শ্রম, মেধা ও সততার স্বীকৃতি। আগামী প্রজন্ম তার নেতৃত্বে কাজ করতে আরও অনুপ্রাণিত হবে। এ পুরস্কার প্রাপ্তিতে আমরা অত্যন্ত গর্ব বোধ করছি।”
এশিয়া-ওশেনিয়া অঞ্চলের ২৪টি দেশের সংস্থা ‘এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও)’ সজীব ওয়াজেদ জয়কে এ পুরস্কারে ভূষিত করেছে।
অ্যাসোসিওর বর্তমান চেয়ারম্যান ডেভিড ওয়াং এর পক্ষে ইমিডিয়েট চেয়ারম্যান সারাকনন্দা পুরস্কারটি হস্তান্তর করেন।
এর আগে ১৯৯৭ সালে এ পুরস্কারে ভূষিত হন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ, ২০০৪ সালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা এবং ২০১০ সালে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সম্মেলনে ‘অ্যাসোসিও অ্যাওয়ার্ড নাইট’ শীর্ষক অনুষ্ঠানে অ্যাসোসিও’র সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ এইচ কাফি এ পুরস্কারের জন্য সজীব ওয়াজেদ জয়ের নাম ঘোষণা করেন।
এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন দেশের সরকারি-বেসরকারি সংস্থা ও উদ্যোগকে পুরস্কার দেওয়া হয়।
এ বছর বাংলাদেশ থেকে কম্পিউটার সার্ভিসেস লিমিটেড, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), ডেভেলপমেন্ট অব ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট (ইনফো-সরকার), বইঘর এবং জাতীয় স্বাস্থ্য বাতায়ন বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে।
এছাড়া মালয়েশিয়া ও নেপাল, থাইল্যান্ড, জাপান, কোরিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, তাইওয়ান, থ্যাইল্যান্ড এবং ভিয়েতনাম পুরস্কার জয়ের তালিকায় রয়েছে।
বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি শাহিদ মনিরসহ অ্যাসোসিও’র কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
