২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অডিওবুক প্রতিষ্ঠান ‘ফাইন্ডএওয়ে’-কে কিনছে স্পটিফাই

অডিওবুক সেবাদাতা ‘ফাইন্ডএওয়ে’-কে কেনার পরিকল্পনা করেছে স্পটিফাই। মালিকানা হাতবদলের খরচ নিয়ে এখনও মুখ খোলেনি শীর্ষস্থানীয় স্ট্রিমিং সেবাটি। চুক্তি বাস্তবায়ন হলে একই সঙ্গে অডিও বইয়ের বাণিজ্যিক বিক্রেতা এবং প্রকাশক হিসেবে আত্মপ্রকাশ করবে স্পটিফাই।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2021, 06:43 PM

Updated : 07 Apr 2022, 11:52 PM

একাধিক ব্যবসা রয়েছে ‘ফাইন্ডএওয়ে’র। বিভিন্ন প্ল্যাটফর্মে অডিও বইয়ের বিপণন থেকে শুরু করে নিজস্ব ‘ফাইন্ডএওয়ে ভয়েসেস’ সেবার মাধ্যমে অডিও বই তৈরির সুযোগও দেয় প্রতিষ্ঠানটি। লেখকের সঙ্গে বইয়ে কণ্ঠদাতার যোগাযোগ করিয়ে দেয় তারা। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ বলছে, স্পটিফাইয়ের জন্য আয়ের নতুন উৎস হতে যাচ্ছে এটি।

এ প্রসঙ্গে স্পটিফাইয়ের অডিওবুক বিভাগের প্রধান নির জিকারম্যান ভার্জকে বলেন, “এই অধিগ্রহণের মাধ্যমে প্ল্যাটফর্মে অডিওবুক ক্যাটালগের সংযুক্তি আরও ত্বরান্বিত করতে পারবো আমরা যেন ব্যবহারকারীরা তাদের চাহিদার সব অডিও কন্টেন্ট একই প্ল্যাটফর্মে পান।”

জিকারম্যান বলেছেন, অডিওবুক খাতে ‘উদ্ভাবন’ সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে তাদের কাছে। আরও বেশি মানুষ যেন ইচ্ছামতো অডিওবুক তৈরি করে প্রকাশ করতে পারেন সে জন্য আরও “উন্নত অভিজ্ঞতা”র উপর জোর দিচ্ছে স্পটিফাই। প্রতিষ্ঠানটি একে বলছে বইয়ের প্রকাশনা খাতের “গণতন্ত্রীকরণ”।

অধিগ্রহণ চুক্তি বা অডিওবুক খাতে স্পটিফাইয়ের কৌশল নিয়ে কোনো ভেতরের খবর ফাঁস করেননি জিকারম্যান। তবে নির্মাতাদের সঙ্গে ‘ফাইন্ডএওয়ে ভয়েসেস’-এর কাজের সুনাম করেছেন তিনি। “ভয়েসেস বর্তমানে নির্মাতাদের বড় পরিসরে বিপণনের সুযোগ দেয়। এটা পুরো সেবার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং আমাদের পরিকল্পনা হচ্ছে এই প্রক্রিয়া চালু রেখে একে সমর্থন করে যাওয়া, কারণ, একজন নির্মাতার দৃষ্টিকোণ থেকে এটি প্ল্যাটফর্মটিকে আরও শক্তিশালী হিসেবে তুলে ধরে।”

স্পটিফাইয়ের মূল অ্যাপে ২০২২ সালের প্রথম দিকেই আরও অডিওবুক যোগ হবে বলে জানিয়েছে জিকারম্যান। অডিওবুক খাতে প্রতিষ্ঠানটির আগ্রহের প্রথম নজির নয় এটি। এ বছরের জানুয়ারি মাসেই ইউটিউবার ও সেলিব্রেটিদের সঙ্গে জোট বেঁধে একাধিক অডিও বই প্রকাশ করেছে স্ট্রিমিং প্ল্যাটফর্মটি।

ভার্জ বলছে ‘ফাইন্ডএওয়ে’র সঙ্গে স্পটিফাইয়ের চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, অডিও ব্যবসায় থেকেই উপার্জনের নতুন পন্থা পাচ্ছে স্ট্রিমিং প্ল্যাটফর্মটি। লেখকের রয়্যালটির একটি অংশ পায় ‘ফাইন্ডএওয়ে’; অর্থাৎ কেউ প্ল্যাটফর্ম থেকে ফাইন্ডএওয়ে’র বিপণনকৃত বই কিনলেই সেখান থেকে একটি অংশ আয় হবে স্পটিফাইয়ের। এ ছাড়াও খুচরা বিক্রেতা হিসেবে বিক্রয় মূল্যের একটা অংশ যাবে স্পটিফাইয়ের পকেটে।

তবে অধিগ্রহণ চুক্তির অধীনে আর্থিক লেনদেনের বিষয়গুলো কীভাবে সাজানো হচ্ছে সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি স্পটিফাই মুখপাত্র।