ডিসকর্ডে ক্রিপ্টো ওয়ালেট? সিইও বলছেন, ‘এখনই নয়’
ডিসকর্ডে ক্রিপ্টো ওয়ালেটের গুঞ্জন নাকচ করে দিয়েছেন প্রধান নির্বাহী। ক্রিপ্টো ওয়ালেটের গুঞ্জনটি শুরু হয়েছিল ডিসকর্ড প্রধানের হাত ধরেই; এর দুই দিনের মাথায় জেসন সিট্রন বলছেন, ‘অভ্যন্তরীণ ধারণা এখনই বাজারজাত করার পরিকল্পনা’ নেই তাদের।
সোমবার একট স্ক্রিনশট টুইট করেছিলেন ডিসকর্ডের প্রধান নির্বাহী সিট্রন, প্রথম দেখায় যা মনে হচ্ছিল ডিসকর্ড অ্যাপের ভেতরেই ক্রিপ্টো ওয়ালেটের স্ক্রিনশট। সিট্রনের টুইটে ব্যবহারকারীদের মধ্যে সারা পড়ে গিয়েছিল বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
বুধবারে সিট্রন আবার টুইট করে জানিয়েছেন, যা দেখাচ্ছেন সেটা এখন বাজারে ছাড়ার কোনো পরিকল্পনা নেই তার প্রতিষ্ঠানের।
“মতামতের জন্য সবাইকে ধন্যবাদ। অভ্যন্তরীণ এই ধারণাটি এখনই বাজারজাত করার কোনো পরিকল্পনা নেই আমাদের। আপাতত ব্যবহারকারীদের স্প্যাম, প্রতারণা আর জালিয়াতী থেকে রক্ষা করার উপর জোর দিচ্ছি আমরা। ওয়েব৩ এর অনেক ইতিবাচক দিক যেমন আছে, তেমন অনেক সমস্যাও আছে যেটা নিজেদের জায়গা থেকেই সমাধান করতে হবে আমাদের।”-- টুইট করেছেন সিট্রন।
সিট্রন টুইটারে যে স্ক্রিনশট পোস্ট করে সারা ফেলে দিয়েছিলেন সেটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ হ্যাকফেস্টের ছবি বলে ভার্জকে নিশ্চিত করেছে ডিসকর্ড।
তবে সিট্রনের বক্তব্য ভবিষ্যতে ডিসকর্ডে ক্রিপ্টোকারেন্সি বা এনএফটি সেবার সমন্বিতকরণের সম্ভাবনা স্থায়ীভাবে নাকচ করে দেয় না বলে জানিয়েছে ভার্জ। ডিসকর্ড যে “ওয়েব৩” প্রযুক্তি বিচার-বিশ্লেষণ করে দেখছে-- সিট্রনের টুইট থেকে সে বিষয়টি পরিষ্কার বলে মন্তব্য করেছে সাইটটি।
সাধারণত বিকেন্দ্রিভূত এবং ক্রিপ্টো-ভিত্তিক ইন্টারনেট ব্যবস্থাকে সংক্ষেপে “ওয়েব৩” বলে চিহ্নিত করা হয়। ডিসকর্ডের ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি প্রতারণার বিপরীতে রক্ষাকবচ হিসেবেও দেখা হচ্ছে একে। ডিসকর্ডে ক্রিপ্টো/এনএফটি জালিয়াতির দৌরাত্ব প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিক সময়ে।
সোমবার সিট্রন টুইট করার আগেই ডিসকর্ডের এক অভ্যন্তরীণ জরিপ থেকেও প্রতিষ্ঠানটির ক্রিপ্টোকারেন্সি প্রযুক্তির প্রতি আগ্রহের ইঙ্গিত মিলেছে বলে জানিয়েছে ভার্জ। ওই জরিপেও উঠে এসেছে এনএফটি প্রযুক্তির কথা।
কেবল গবেষণার খাতিরে জরিপ করা হলেও ওই প্রসঙ্গে এক ডিসকর্ড মুখপাত্র বলেন, “আমরা সব সময়েই যাদের সেবা দিচ্ছি তাদের জন্য ডিসকর্ডকে আরও উন্নত করার নতুন উপায় খুঁজি। এর মধ্যে ওই গবেষণাও পড়ে যা থেকে আমরা জানতে পারি যে মানুষ কী চায়।”
এখনই ডিসকর্ডের কোনো ক্রিপ্টোকারেন্সি সেবা যে যোগ হচ্ছে না, সে বিষয়টি পরিষ্কার। তবে, অদূর ভবিষ্যতেে ইনস্ট্যান্ট মেসেজিং সেবাটিতে ওই প্রযুক্তি যোগ হওয়ার প্রত্যাশা করা যেতেই পারে-- অন্তত এমনটাই ইঙ্গিত করছে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তা ও মুখপাত্রদের বক্তব্য।
