পাঁচশ’ কোটি ডলারের টেসলা শেয়ার বেচে দিলেন মাস্ক
নিজ মালিকানায় থাকা পাঁচশ’ কোটি ডলারের টেসলা শেয়ার বেচে দিয়েছেন ইলন মাস্ক। সম্প্রতি এক টুইটার পোলে টেসলার ১০ শতাংশ শেয়ার বেচে বকেয়া কর পরিশোধ করতে বলেছিলেন মাস্কের টুইটার অনুসারীরা। কিন্তু নথিপত্র বলছে, বিক্রিকৃত শেয়ারের অন্তত একটা অংশ মাস্ক হাতবদলের পরিকল্পনা করে রেখেছিলেন সেপ্টেম্বর মাসেই।
টুইটার ভক্তদের সিংহভাগ শেয়ার বেচতে বলার পরবর্তী দিনগুলোতে বাজারে টেসলা শেয়ারের দাম কমেছে ১৬ শতাংশ। বর্তমান বাজারে অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে মূল্যবান টেসলা। প্রতিষ্ঠানটির বাজার মূল্য এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি মার্কিন ডলার।
বিবিসি জানিয়েছে, ইলন মাস্কের নিজস্ব ট্রাস্ট থেকে ৩৬ লাখ টেসলা শেয়ার বিক্রি করা হয়েছে, যার বাজার মূল্য চারশ’ কোটি ডলার। মাস্ক নিজে বিক্রি করেছেন নয় লাখ ৩৪ হাজার শেয়ার যার বাজার মূল্য প্রায় একশ’ ১০ কোটি মার্কিন ডলার।
শেয়ার বিক্রির নথিপত্র অনুযায়ী, বিক্রি হওয়া শেয়ারের এক-পঞ্চমাংশ বিক্রি করা হয়েছে সেপ্টেম্বর মাসে তৈরি করা পরিকল্পনা অনুযায়ী। অর্থাৎ, সামাজিক মাধ্যমে অনুসারীদের কাছে প্রশ্ন তুলে আলোচনার জন্ম দেওয়ার অনেক আগে থেকেই শেয়ার বিক্রির প্রস্তুতি নিয়ে রেখেছিলেন মাস্ক।
শনিবার মাস্ক টুইট করেছিলেন, “সম্প্রতি অপ্রদর্শিত আয়কে কর ফাঁকির উপায় আখ্যা দিয়ে অনেক কিছুই বলা হচ্ছে, তাই আমি আমার টেসলা শেয়ারের ১০ শতাংশ বেচে দেওয়ার প্রস্তাব রাখছি। আপনারা কি এটি সমর্থন করেন?”
রোববার দুপুর পর্যন্ত ওই টুইটার পোলে অংশ নেন ৩৫ লাখ টুইটার ব্যবহারকারী। এর মধ্যে শেয়ার বেচার পক্ষে মত দেন ৫৭.৯ শতাংশ। পোলের সময় শেষ হওয়ার আগেই মাস্ক আরেকটি টুইট করে বলেছিলেন, ফলাফল “যাই হোক না কেন”, সেটা মেনে নেবেন তিনি।
নগদ অর্থে বেতন-বোনাস নেন না জানিয়ে মাস্ক টুইট করেছিলেন, “আমরা কাছে শুধু শেয়ারই আছে, তাই আমার জন্য ব্যক্তিগতভাবে কর পরিশোধের একমাত্র উপায় হচ্ছে শেয়ার বেচা।”
বিবিসি জানিয়েছে, মাস্ক সম্প্রতি যে শেয়ারগুলো বেচে দিয়েছেন তার মধ্যে ২০১২ সালে টেসলার কাছ থেকে বেতন-বোনােস প্যাকেজের অধীনে পাওয়া শেয়ারও আছে।
কর পরিশোধ করতে মাস্কের শেয়ার বিক্রির প্রথম ঘটনা নয় এটি। ২০১৬ সালেও বেশ কিছু শেয়ার বেচে ৬০ কোটি ডলারের বকেয়া কর পরিশোধ করেছিলেন মাস্ক। বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। মাস্কের ব্যক্তিগত সম্পদের পরিমাণ আনুমানিক ২৮ হাজার কোটি ডলার।
