২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বসছে এবারের ডব্লিউসিআইটি সম্মেলন

প্রযুক্তি খাতের আন্তর্জাতিক সম্মেলন ‌‘ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি’র (ডব্লিউসিআইটি) ২৫তম আসর বসছে বাংলাদেশে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2021, 08:59 PM

Updated : 02 Aug 2022, 06:33 PM

দেশি-বিদেশি প্রযুক্তিবিদদের অংশগ্রহণে ‘আইসিটি, দ্য গ্রেট ইকুয়ালাইজার’ প্রতিপাদ্য নিয়ে ১১ নভেম্বর থেকে ১৪ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এ সম্মেলনের আয়োজেন হচ্ছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বৃহস্পতিবার দুপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ আয়োজনের উদ্বোধন করবেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বুধবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন।

ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্সের উদ্যোগে (উইটসা) বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) যৌথভাবে এ আয়োজন করছে। সহযোগী হিসেবে রয়েছে বেসিস, বাক্কো, ই-ক্যাব এবং আইএসপিএবি।

‘ডব্লিউসিআইটি ২০২১’ সম্মেলনের সমান্তরালে একই সময়ে হবে এশিয়া এবং ওশেনিয়া অঞ্চলের আন্তর্জাতিক সম্মেলন অ্যাসোসিও ‘ডিজিটাল সামিট ২০২১’। সরাসরি এবং ভার্চুয়ালি এসব আয়োজনে অংশ নেওয়া যাবে।

পলক জানান, এ সম্মেলনে থাকছে সেমিনার, মিনিস্টেরিয়াল কনফারেন্স, বিটুবি সেশন। অনলাইনে নিবন্ধিত হয়ে সেমিনারগুলোতে অংশ নেওয়া যাবে। 

বৃহস্পতিবার মিনিস্টেরিয়াল কনফারেন্সে ভার্চুয়ালি যুক্ত হয়ে মূল বক্তব্য দেবেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এছাড়া বিভিন্ন দেশের মন্ত্রীরা সশরীরে এবং ভার্চুয়ালি অংশ নেবেন।

স্বাধীন সর্বোভৌম রাষ্ট্র ও তথ্য প্রযুক্তিতে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বঙ্গবন্ধুর গৃহীত উদ্যেগগুলো শুক্রবারের আয়োজনে উপস্থাপন করা হবে।

সেদিন ‘অ্যাসোসিও অ্যাওয়ার্ড নাইট’ অনুষ্ঠানে এশিয়া-ওশেনিয়া অঞ্চলে তথ্যপ্রযুক্তিতে অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হবে সম্মাননা।

বিশ্বে তথ্যপ্রযুক্তিতে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হবে শনিবার সন্ধ্যায়।

রোববার অনুষ্ঠানের সমাপনী দিনে ডব্লিউসিআইটির রজত জয়ন্তী উদযাপিত হবে। বিশ্ব সম্মেলনের বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করবেন সারা বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন সংস্থার গুরুত্বপূর্ণ ব্যাক্তিরা।

আইসিটি প্রতিমন্ত্রী পলক সংবাদ সম্মেলনে বলেন, গত প্রায় ১৩ বছরে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশের যে অর্জন, তা এই সম্মেলনের মাধ্যমে বহির্বিশ্বে ‘ডিজিটাল বাংলাদেশ’ হিসেবে ব্র্যান্ডিং করার সুযোগ তৈরি হয়েছে।

“ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ঐতিহাসিক রূপকল্প ঘোষণা করেছিলেন, সেটি ছিল ২০২১ সালে বাংলাদেশ যখন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করবে তখন বাংলাদেশ হবে প্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ। প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা, ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট, সজীব ওয়াজেদ জয়ের সুদক্ষ নেতৃত্বে মাত্র ১২ বছরের ব্যবধানে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করা সম্ভব হয়েছে।

“আইসিটির শক্তিকে কাজে লাগিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের শোষণমুক্ত সোনার বাংলার আধুনিক রূপ- প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ আর কল্পনা নয়, বাস্তবে রূপান্তরিত হয়েছে।”

আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল মান্নান, বিসিএসের সভাপতি মো. শাহিদ-উল-মুনীর, ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স এর সেক্রেটারি জেনারেল  মি. জেমস এইচ পয়সান্ট সংবাদ সম্মেলনে অংশ নেন।