২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুক, গুগলে ‘অ্যালগরিদম’ বন্ধ রাখতে আইনের প্রস্তাব

ব্যবহারকারীরা চাইলেই ফেইসবুক ও গুগলে অ্যালগরিদমের পছন্দ করা কন্টেন্ট দেখা বন্ধ রাখতে পারবেন এবং এ কাজে সম্মতি থাকবে প্রযুক্তি জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানগুলোর। হয়তো অদূর ভবিষ্যতে দেখা মিলতে চলেছে এমন বাস্তবতার। সম্প্রতি এরকমই নতুন এক বিল নিয়ে এসেছেন মার্কিন আইনপ্রণেতারা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2021, 05:06 PM

Updated : 07 Apr 2022, 11:51 PM

খসড়া এ আইনের প্রস্তাবকারীদের মধ্যে ‘রিপাবলিকান’ ও ‘ডেমোক্রেট’ দুই পক্ষের আইনপ্রণেতাই রয়েছেন। আইনটিকে পরিচয় করিয়ে দিয়েছেন রিপাবলিকান রিপ্রেজেন্টেটিটিভ কেন বাক, ডেমোক্রেট ডেভিড সিসিলাইন, এবং অন্যান্যরা। এতে বলা হচ্ছে, বড় ইন্টারনেট প্ল্যাটফর্মগুলোকে অ্যালগরিদমের বাছাই না করে দেওয়া ভোক্তা তথ্য দেখাতে।

রয়টার্সের প্রতিবেদন বলছে, অ্যালগরিদমের বাছাই করে দেওয়া কন্টেন্টকে “ফিল্টার বাবল” হিসেবেই অভিহিত করেছেন আইনপ্রণেতারা। তারা চাইছেন, এ কাজের মধ্য দিয়ে ব্যবহারকারীদেরকে ফিল্টার বাবল-এর বাইরে বের করে আনতে।

হাউস জুডিশিয়ারি কমিটির অ্যান্টিট্রাস্ট প্যানেলে রয়েছেন সিসিলাইন। অন্যদিকে, শীর্ষ রিপাবলিকান হিসেবেই পরিচিত বাক।

গত বছর এ প্যানেলের তৈরি এক প্রতিবেদনে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কড়া সমালোচনা করা হয়েছিল। সে সমালোচনার হাত থেকে রেহাই পায়নি অ্যাপল ও অ্যামাজনের মতো প্রতিষ্ঠানও।

“ব্যবহারকারীর-সুনির্দিষ্ট-ডেটায় চলে এমন গোপন অ্যালগরিদমের হাতে ব্যবহার হওয়া এড়িয়ে ইন্টারনেট প্ল্যাটফর্মগুলোর সঙ্গে সংযুক্ত হওয়ার অপশন থাকা উচিত ভোক্তাদের হাতে।” – এক বিবৃতিতে বলেছেন বাক।