নিষিদ্ধ কন্টেন্ট প্রশ্নে ফের রাশিয়ায় জরিমানার মুখে গুগল
রাশিয়া অবৈধ বলে মনে করে এমন কন্টেন্ট মুছে না দেওয়ার কারণে গুগলকে ২০ লাখ রুবল জরিমানা করেছে মস্কোর এক আদালত। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে বড় পরিসরেই বিবাদে জড়িয়েছে মস্কো। গোটা বিষয়টি সেই বিবাদেরই একটি অংশ।
গুগলকে যে ২০ লাখ রুবল জরিমানা করা হয়েছে তা মার্কিন ডলারের হিসাবে ২৮ হাজার ৮৫ ডলারের সমতূল্য।
সার্চ ইঞ্জিন ও ইউটিউব থেকে নিষিদ্ধ কন্টেন্ট দূরে রাখতে ব্যর্থ হওয়ায় গুগলের বার্ষিক আয়ের একটি অংশ জরিমানা করার হুমকিও দিয়েছে রাশিয়া। রয়টার্সের প্রতিবেদন বলছে, আদৌ এরকম হলে এটিই হবে কোনো বিদেশী প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতি মস্কোর নেওয়া সবচেয়ে কঠোর পদক্ষেপ।
সোমবারের জরিমানার ব্যাপারে নিশ্চিত করেছে গুগল। কিন্তু এ ব্যাপারে বাড়তি আর কোনো মন্তব্য করেনি প্রতিষ্ঠানটি। অক্টোবর মাসে গুগল ও রাশিয়ার এক আইনপ্রণেতা জানিয়েছিলেন, এর আগে তিন কোটি ২০ লাখ রুবলের বেশি জরিমানা পরিশোধ করেছে গুগল।
শুধু গুগলই নয়, রাশিয়ায় জরিমানার মুখে পড়েছে মেসেজিং অ্যাপ টেলিগ্রামও। ৪০ লাখ রুবল জরিমানা করা হয়েছে অ্যাপটিকে। টেলিগ্রাম তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
মস্কোর আদালত জানিয়েছে, গুগলের বিরুদ্ধে দায়ের হওয়া আরও দুটি প্রশাসনিক মামলার শুনানি নভেম্বরের ২৯ তারিখ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। গুগল প্রতিনিধিকে মামলার উপাদান খতিয়ে দেখার সময় দিতেই কাজটি করেছে আদালত।
