টিকটকের ‘ভাইরাল সঙ্কেত’ দেখিয়ে মুক্তি পেলো নিখোঁজ কিশোরী
টিকটকে ভাইরাল হওয়া সঙ্কেত দেখিয়ে সাহায্য চেয়েছিলেন এক কিশোরী। উদ্ধারের পর জানা যায়, দুই দিন আগে থেকেই ওই কিশোরীকে খুঁজে পাচ্ছেন না বাবা-মা। সাহায্য পেতে পুলিশের কাছেও গিয়েছিলেন তারা।
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা-তে মঙ্গলবার সকালে ১৬ বছর বয়সী ওই কিশোরী নিখোঁজ রয়েছেন বলে পুলিশকে জানান তার বাবা-মা। ওই ঘটনার ঠিক দুই দিন পর কেনটাকিতে এক গাড়ির ভেতর থেকে অঙ্গভঙ্গির মাধ্যমে গৃহ নিপীড়নের সঙ্কেত দেখিয়ে সাহায্য চাইতে দেখা যায় তাকে।
বিবিসি’র প্রতিবেদন বলছে, সঙ্কেত দেখে পাশের গাড়ির চালক বুঝতে পারেন কিশোরীর বিপদের কথা। পুলিশকেও জানান এ ব্যাপারে। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে উদ্ধার হন ওই কিশোরী; গ্রেপ্তার হন হার্বার্ট ব্রিক নামের ৬১ বছর বয়স্ক এক পুরুষ। গ্রেপ্তার হওয়া ব্রিক নর্থ ক্যারোলাইনার চেরোকির বাসিন্দা। ।
কিশোরী গাড়ির ভেতর থেকে গৃহ নিপীড়নের যে সঙ্কেতটি দেখিয়েছিলেন, তা টিকটকে ভাইরাল হওয়া একটি সঙ্কেত বলেই জানিয়েছে পুলিশ।
এক বিবৃতিতে ‘লরেল কাউন্টি শেরিফ’স অফিস’ জানিয়েছে, অন্য “গাড়ির নারী যাত্রীকে অঙ্গভঙ্গির মাধ্যমে সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম টিকটকে ভাইরাল হওয়া গৃহ নিপীড়ন বিষয়ক সঙ্কেত দেখানোর পর” পুলিশের সঙ্গে যোগাযাগ করেন এক চালক।
কলদাতা ওই চালক পুলিশকে জানান, কিশোরীকে “দেখে বিপদে রয়েছেন বলে মনে হয়েছে” এবং বয়স্ক এক পুরুষ গাড়িটি চালাচ্ছেন।
কিশোরীর নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ। কর্মকর্তাদের ভুক্তভোগী ওই কিশোরী জানিয়েছেন, তাকে নর্থ ক্যারোলাইনা, টেনেসি, কেনটাকি এবং ওহাইয়ো’র মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
কানাডিয়ান উইমেন’স ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, কেউ বিপদে পড়লে এক হাতে ওই সঙ্কেতটি দেখাতে পারেন। ওই সঙ্কেতে ভুক্তভোগীকে নিজ হাতের তালু বাইরের দিকে ধরে বৃদ্ধাঙ্গুলিকে তালুতে চেপে ধরতে হয় এবং পরে উপরের বাকি চার আঙুল ভাঁজ করে বৃদ্ধাঙ্গুলি আড়াল করে দিতে হয়।
গৃহ নিপীড়ন বিরোধী প্রচারণাটির নাম “সাহায্যের জন্য সঙ্কেত”। ২০২০ সালে মহামারীর মুখে যখন লকডাউন শুরু হয়, তখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল এটি। সে সময় অনেকটাই বেড়ে গিয়েছিল গৃহ নিপীড়নের ঘটনা। গোটা ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিলো-- কোনো কথা না বলে গৃহ নিপীড়নের ভুক্তভোগীরা যেন সাহায্য চাইতে পারেন তার একটি উপায় তৈরি করা।
