ফেইসবুকের মেটাভার্স পরিকল্পনা ‘একটা বাজে বুদ্ধি’
ফেইসবুকের মেটাভার্স পরিকল্পনাকে ‘বাজে বুদ্ধি’ বলে আখ্যা দিয়েছেন প্রতিষ্ঠানটির শুরুর দিককার বিনিয়োগকারীদের একজন। বর্তমান প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের অধীনে মেটাভার্স নিরাপদ থাকবে বলে মনে করেন না তিনি।
সম্প্রতি নাম পাল্টে ‘মেটা’ হওয়ার ঘোষণা দিয়েছে ফেইসবুক; প্রতিষ্ঠানটি মেটাভার্স প্রকল্পে বিনিয়োগ করছে কয়েকশ’ কোটি ডলার।
কিন্তু ফেইসবুকের প্রথম দিককার বিনিয়োগকারীদের একজন রজার ম্যাকনামির মতে, “এটা একটা বাজে বুদ্ধি আর আমরা সবাই বসে বসে এটা দেখছি যেন এটা স্বাভাবিক কিছু। সবাইকে দুশ্চিন্তায় ফেলা উচিত এর।”
পর্তুগালের লিসবনে সম্প্রতি অনুষ্ঠিত ওয়েব সামিটে বক্তব্য রেখেছেন ফেইসবুকের শীর্ষ পণ্য কর্মকর্তা ক্রিস কক্স। সম্মেলনে কক্স বলেন, মেটাভার্স চিন্তা ইন্টারনেটকে তুলনামূলক ‘কম সমতল’ করে তুলবে। ভিডিও কনফারেন্সের তুলনায় এই প্রযুক্তির ব্যবহার অনেকদিক থেকেই ভালো হবে বলে মন্তব্য করেন তিনি।
ওই একই সম্মেলনে বিপোরীতমুখী বক্তব্য দিয়েছেন ম্যাকনামি। ফেইসবুকের পুরো পরিকল্পনা নিয়েই সংশয়ী তিনি।
“ফেইসবুককে একটা ডিস্টোপিয়ান মেটাভার্স নির্মাণ করতে দেওয়া উচিত নয়।”-- মন্তব্য করেছেন রজার ম্যাকনামি।
‘মেটাভার্স’ নামটির উৎপত্তি ১৯৯০ সালে প্রকাশিত সায়েন্স ফিকশন উপন্যাস ‘স্নো ক্র্যাশ’ থেকে। উপন্যাসে বর্তমান ইন্টারনেট ব্যবস্থার ভার্চুয়াল রিয়ালিটি নির্ভর উত্তরসূরী হিসেবে তুলে ধরা হয়েছিল ‘মেটাভার্স’-কে।
বিবিসি জানিয়েছে, ফেইসবুক প্ল্যাটফর্মে ভুয়া তথ্যের ছড়াছড়ি দেখে প্রতিষ্ঠানটির বিনিয়োগকারী থেকে সমালোচকে পরিণত হয়েছেন ম্যাকনামি। ফেইসবুক কাণ্ডারী জাকারবার্গের অধীনে এই প্রকল্প নিরাপদ থাকবে বলে বিশ্বাস করেন না তিনি।
“নিয়ন্ত্রক বা নীতিনির্ধারকদের কোনোভাবেই ফেইসবুককে সেখানে (মেটাভার্সে) কাজ করতে দেওয়া বা ক্রিপ্টোকারেন্সির বাজারে প্রবেশ করতে দেওয়া উচিত নয়”-- বলেন তিনি।
ম্যাকনামি আরও বলেন, “(এতো কিছুর পর আর) ফেইসবুকের কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকার কথা নয়। সেখানে একজন নীতিনির্ধারক থাকার কথা যিনি সবকিছুর অনুমতি দেবেন। যে ক্ষতি তারা করেছে তার হিসাব করা সম্ভব নয়।”
তবে ওয়েব সামিটে ফেইসবুকের ক্রিস কক্স একটি ভিন্ন চিত্র আঁকার চেষ্টা করেছেন বলে জানিয়েছে বিবিসি। মেটাভার্স শুধু ফেইসবুকের জন্য নয় বরং পুরো ইন্টারনেট ব্যবস্থার জন্য পরবর্তী পদক্ষেপ বলে দাবি করেন তিনি।
“অনেক সময়েই প্রযুক্তির শুরুটা হয় এর পরিণতির থেকে কম রেজুলিউশনে।”-- বলেন কক্স। মেটার অকুলাস হেডসেটের অভিজ্ঞতা বেশিরভাগ ক্ষেত্রেই “বেশ মজার” ছিল বলে ব্যবহারকারীদের বরাত দিয়ে জানিয়েছেন তিনি।
ব্যক্তিগতভাবে মেটাভার্সে দাপ্তরিক বৈঠকের আয়োজন আর কর্মীদের জন্য বিনোদনের আয়োজন করার অভিজ্ঞতা আছে বলে জানিয়েছেন কক্স। নিজের স্ত্রী ও সহকর্মীদের নিয়ে মেটাভার্সে কমেডি শো দেখার দাবিও করেন কক্স; সেখানে সবার উপস্থিতি ছিল অ্যাভাটার হিসেবে। একই প্রযুক্তি ভিডিও কলের বিকল্প হিসেবে ব্যবহার করা সম্ভব বলে দাবি করেন তিনি।
“সবাই ভিডিও কনফারেন্স নিয়ে ক্লান্ত। কে কার দিকে তাকিয়ে আছে আপনি বুঝতেও পারবেন না। সবাই বারবার একে অন্যের কথার মধ্যে কথা বলতে থাকে।” --বলেন কক্স। মেটাভার্সের বৈঠকগুলো এর তুলনায় অনেক ভালো হবে বলে দাবি করেছেন তিনি। ভার্চুয়াল দুনিয়ায় “স্প্যাশল অডিও এবং অঙ্গভঙ্গি” আরও উন্নত করতে মেটা জোর দিয়ে কাজ করছে বলে জানান তিনি।
‘মেটাভার্স’ কোনো একক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে থাকা উচিত নয়--এমনটাও বলেছেন কক্স। বিবিসি বলছে, আদতে গেইমিং প্ল্যাটফর্ম রোব্লক্সের দিকেই ইঙ্গিত করেছেন কক্স। বিশ্বব্যাপী তিন কোটি ৭০ লাখ ব্যবহারকারী রয়েছে রোব্লক্সের। প্রতিষ্ঠানটির বর্তমান বাজারমূল্য তিন হাজার কোটি ডলার।
রোব্লক্সের প্রধান নির্বাহী ডেভিড বাসজুকি মেটাভার্স নিয়ে তার পরিকল্পনার কথা বলে আসছেন বেশ কয়েক বছর ধরেই। মেটাভার্সকে থ্রিডি অভিজ্ঞতার মাধ্যমে খেলা, শেখা এবং পেশাদারী কর্মকাণ্ডের ডিজিটাল দুনিয়া হিসেবে আখ্যা দিয়ে আসছেন তিনি।
ওয়েব সামিটে রোব্লক্সের হেড অফ মিউজিক জন ভাস্সোপুলোস বিবিসিকে বলেন, “মেটাভার্স নিয়ে আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে, আমরা গত ১৫ বছর ধরেই এটা নিয়ে কাজ করছি।”
“তো মেটাভার্সকে আমরাই ডেকে আনছি এবং আমরা মনে করি যে, এটা এমন একটা জায়গা হওয়া উচিত যেখানে সবার প্রবেশাধিকার থাকবে। এমন একটা জায়গা হবে যেখানে মানুষ তাদের মনের ভাব প্রকাশ করতে পারবে এবং একে অন্যের সঙ্গে যোগাযোগ করতে পারবে।” -- বলেন তিনি।
ফেইসবুকের ক্রিস কক্সের কাছে বিবিসি জানতে চেয়েছিল মেটাভার্সের উপর কোনো সামাজিক মাধ্যম জায়ান্টের একক নিয়ন্ত্রণ থাকা উচিত কি না। উত্তরে কক্স বলেন, সেক্ষেত্রে “সুনির্দিষ্ট মান ও প্রটোকল” নির্ধারিত থাকবে এবং মেটাভার্সকে নিরাপদ রাখার জন্য সাধারণ ব্যবহারকারীদের মধ্যে বিতর্কের (পাবলিক ডিসকোর্স) সুযোগও রাখতে হবে।
মার্ক জাকারবার্গ ব্যহারকারীদের নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবব্ধ বলে দাবি করেন তিনি। কক্সের দাবি, তাদের “প্রতিষ্ঠানটি এক দশকেরও বেশি সময় ধরে” এটি নিয়ে কাজ করছে।
