ফেইশল রিকগনিশন সিস্টেম বন্ধ করে দিচ্ছে ফেইসবুক
নিজেদের ‘ফেইশল রিকগনিশন সিস্টেম’ বন্ধ করে দিচ্ছে ফেইসবুক। এতোদিন ওই সিস্টেমটি ছবি ও ভিডিও থেকে স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের চেহারা শনাক্ত করে দিতো। সামাজিক উদ্বেগের কথা বলেই প্রযুক্তিটির ব্যবহারে ইতি টানছে মার্কিন সামাজিক মাধ্যমটি।
ফেইসবুকের কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের ভাইস প্রেসিডেন্ট জেরোমি পেসেন্টি এক ব্লগ পোস্টে লিখেছেন, “নিয়ন্ত্রকরা এখনও এর ব্যবহার তত্ত্বাবধানে পরিষ্কার নীতিমালা তৈরিতে কাজ করছেন। এরকম চলমান অনিশ্চিয়তার মধ্যে, আমরা বিশ্বাস করি অল্প পরিসরের ব্যবহারে ফেইশল রিকগনিশনের ব্যবহারকে সীমিত করে দেওয়াটাই যথার্থ।”
ফেইশল রিকগনিশন প্রযুক্তির ব্যবহার নিয়ে গত কয়েক বছর ধরেই তোপের মুখে আছে প্রযুক্তি শিল্প। এ রকম একটি পরিস্থিতির মধ্য দিয়েই প্রযুক্তিটির ব্যবহার বন্ধের সিদ্ধান্ত জানালো বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
সমালোচকদের ভাষ্যে, ফেইশল রিকগনিশন প্রযুক্তি খুচরো বিক্রেতাদের কাছে, হাসপাতালে এবং নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যবসায়িক খাতে জনপ্রিয়। কিন্তু এ থেকে গোপনতার লঙ্ঘন হতে পারে, প্রান্তিক জনগোষ্ঠীকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হতে পারে এবং গুপ্তচরবৃত্তিকে স্বাভাবিক করে ফেলা হতে পারে।
আইবিএম এরই মধ্যে স্থায়ীভাবে ফেইশল রিকগনিশন পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছে। অন্যদিকে, পুলিশের কাছে অনির্দিষ্টকালের জন্য নিজেদের ফেইশল রিকগনিশন প্রযুক্তির বিক্রি বন্ধ করে দিয়েছে মাইক্রোসফট ও অ্যামাজন।
বর্তমানে ফেইসবুকের খুব একটা ভালো সময় যাচ্ছে না। ব্যবহারকারীর সুরক্ষা ও প্ল্যাটফর্মজুড়ে নানা ধরনের হয়রানি প্রশ্নে নিয়ন্ত্রক ও আইনপ্রণেতাদের তোপের মুখে রয়েছে প্ল্যাটফর্মটি।
গত সপ্তাহে নিজেদের প্রাতিষ্ঠানিক নামও পাল্টেছে ফেইসবুক। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রতিদিন তাদের এক-তৃতীয়াংশেরও বেশি সক্রিয় ব্যবহারকারী সামাজিক মাধ্যমের ফেইস রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে। এ পরিবর্তনের মধ্য দিয়ে একশ’ কোটিরও বেশি মানুষের ‘ফেইশল রিকগনিশন টেমপ্লেট’ মুছে দিচ্ছে তারা।
ফেইসবুক মুখপাত্র জানিয়েছেন, বৈশ্বিকভাবেই সরিয়ে নেওয়া হবে প্রযুক্তিটি। আশা করা হচ্ছে, ডিসেম্বর নাগাদ প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে।
নিরাপত্তা সমর্থক ও ডিজিটাল অধিকার দলগুলো ফেইসবুকের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বলে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে।
মার্কিন সামাজিক মাধ্যম জায়ান্টটি আরও জানিয়েছে, ফেইশল রিকগনিশন সরিয়ে নেওয়ার পর দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ছবির বর্ণনা পড়ে শোনানোর যে টুলটি রয়েছে, সেটি আর মানুষকে শনাক্ত করে তার নাম পড়ে শোনাবে না। এটি বাদে ওই টুলের আর সবকিছু আগের মতোই থাকবে।
নিজেদের অন্য পণ্যে ফেইশল রিকগনিশন প্রযুক্তি ব্যবহারের বিষয়টি একেবারে বাতিল করে দেয়নি ফেইসবুক। তিনশ’ কোটি ব্যবহারকারীর প্ল্যাটফর্মটি বলছে, তারা এখনও পরিচয় শনাক্তের ক্ষেত্রে এ প্রযুক্তিটিকে “শক্তিশালী টুল” হিসেবেই দেখছে।
