২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিপ সঙ্কট: আইফোন ১৩ উৎপাদন ঠিক রাখতে আইপ্যাডে রাশ

আইফোন ১৩-তে যন্ত্রাংশ সরবরাহ ঠিক রাখতে আইপ্যাডের উৎপাদন কমিয়ে দিয়েছে অ্যাপল। বৈশ্বিক চিপ সংকট যে পূর্বানুমানের চেয়েও বেশি জোরে আঘাত হেনেছে অ্যাপলের দুয়ারে, গোটা বিষয়টি সেদিকেই ইঙ্গিত করছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2021, 01:49 PM

Updated : 07 Apr 2022, 11:49 PM

মঙ্গলবার একাধিক সূত্রের বরাত দিয়ে আইপ্যাডের উৎপাদন কমানোর খবরটি জানিয়েছে নিককেই এশিয়া। সংবাদমাধ্যমটি বলছে, গত দুই মাস ধরে মূল পরিকল্পনা মেনে যতো সংখ্যক আইপ্যাড তৈরি হচ্ছিল, তা অর্ধেকে নামিয়ে এনেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি।

শুধু আইপ্যাডেই নয়, পুরোনো আইফোনের জন্য যে যন্ত্রাংশগুলো রয়েছে, সেগুলোকেও আইফোন ১৩ নির্মাণের কাজে পাঠানো হচ্ছে।

এশিয়াতে কারখানা বন্ধ হয়ে যাওয়ায় জটিলতার মুখে পড়েছিল আইফোন ১৩ উৎপাদন। বছরের দ্বিতীয়ার্ধে চাহিদা যথেষ্ট বেড়েছিল ফোনটিকে ঘিরে।

অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় চিপ সংকট ভালোভাবেই সামলেছে অ্যাপল। এতে ভূমিকা রেখেছে প্রতিষ্ঠানটির ব্যাপক ক্রয়ক্ষমতা ও চিপ নির্মাতাদের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির মতো বিষয়গুলো। বছরের তৃতীয় প্রান্তিকে প্রতিদ্বন্দ্বীদের বাজার শেয়ারও দখলে নিয়েছে মার্কিন এ প্রযুক্তি জায়ান্ট।

আইপ্যাডের তুলনায় আইফোনের জোরালো চাহিদার কথা বলছে অ্যাপলের বাজার অনুমান। সে কারণেই পশ্চিমা বাজারের মহামারী থেকে ঘুরে দাঁড়ানোর এ সময়টিতে আইফোন১৩-কেই বেশি প্রাধান্য দিচ্ছে প্রতিষ্ঠানটি। -- অজ্ঞাতনামা সূত্রের বরাতে জানিয়েছে নিককেই।

এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি অ্যাপল।