২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘উচ্চ-মানের’ ভিআর গেইম চলবে অ্যাপলের মিক্সড রিয়ালিটি হেডসেটে

প্রযুক্তি পণ্যের বাজারে শোনা যাচ্ছে নতুন গুজব-- ২০২২ সাল নাগাদ বাজারে আসবে অ্যাপলের ‘মিক্সড রিয়ালিটি হেডসেট’। বলা হচ্ছে, অ্যাপল এমন একটি হেডসেট বানাতে চাইছে যা দ্রুতগতির চিপ ও উচ্চ-রেজুলিউশনের ডিসপ্লের মাধ্যমে “উচ্চ-মানের” ভিআর গেইম সামাল দিতে পারবে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2021, 05:43 PM

Updated : 07 Apr 2022, 11:49 PM

এতে কোন চিপ ব্যবহার করা হতে পারে, তা এখনও নিশ্চিত নয়। তবে, আগের এক গুজবে শোনা গিয়েছিল, প্রতি চোখের জন্য ৮কে রেজুলিউশন থাকবে অ্যাপলের হেডসেটে। অ্যাপল যদি ওই রেজুলিউশনে গেইম চালানোর প্রত্যাশা নাও করে তবুও এটি গোটা হেডসেটের প্রসেসিং ক্ষমতার দিকে ইঙ্গিত করছে-- মন্তব্য এনগ্যাজেটের।

ব্লুমবার্গের সংবাদকর্মী মার্ক গারম্যানের দাবি, ২০২২ সাল নাগাদ চলে আসবে অ্যাপলের মিক্সড রিয়ালিটি হেডসেটটি। পরবর্তীতে এটির একটি ‘অগমেন্টেড-রিয়ালিটি-অনলি’ মডেলও আসবে বলে উল্লেখ করেছেন গারম্যান। তবে সেটি আসতে আরও “কয়েক বছর সময় লাগবে” বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, বিভিন্ন পণ্য ও সেবা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই ভেতরের খবর প্রকাশ করার জন্য আলাদা পরিচিতি আছে ওই সংবাদকর্মীর।

এনগ্যাজেট বলছে, গারম্যানের দাবি যতোই নির্ভুল হোক না কেন, মিক্সড রিয়ালিটি হেডসেট প্রাথমিকভাবে গেইমিংয়ের জন্য আসছে কি না, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। কারণ, গুজব বলছে হেডসেটটির দাম হবে তিন হাজার ডলার। সংশ্লিষ্টদের ধারণা, এই দামে এটিকে ডেভেলপার ও অন্যান্য পেশাদারদের জন্য বাজারজাত করা হবে, গেইমিংয়ের জন্য বিশেষায়িত করে নয়।

বাজারে অকুলাস ‘কোয়েস্ট ২’ হেডসেটের দাম এখন ২৯৯ ডলার। অ্যাপলের হেডসেটটি যে কোয়েস্টের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতায় নামবে না, তা সহজেই অনুমেয়।