২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিকটক পরীক্ষাগারে নির্মাতাদের জন্য ‘টিপস’ ফিচার

নির্দিষ্ট কন্টেন্ট নির্মাতাদের উপর ‘টিপস’ দেওয়ার ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে টিকটক। নতুন ফিচারটিতে সরাসরি কন্টেন্ট নির্মাতার প্রোফাইলে গিয়ে টিপ বা বখশিশ দিতে পারবেন ভক্তরা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2021, 04:35 PM

Updated : 07 Apr 2022, 11:48 PM

টিকটকের নতুন পরীক্ষামূলক ফিচারটি নিয়ে ভিডিও বানিয়েছেন টিকটকের কন্টেন্ট নির্মাতা জেরা বিন। অ্যাপে ফিচারটি নজরে আসার পর অনুমোদনের জন্য আবেদন করেন তিনি। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, ‘টিপ’ হিসেবে পাওয়া পুরো অর্থই যাবে কন্টেন্ট নির্মাতার কাছে, কোনো কমিশন কেটে রাখবে না টিকটক। 

ভার্জ বলছে, নতুন ফিচার ব্যবহারের সুযোগ পেতে হলে টিকটক প্ল্যাটফর্মে কন্টেন্ট নির্মাতার প্রোফাইলটির আলাদা গ্রহণযোগ্যতা থাকতে হবে, কমপক্ষে এক লাখ ফলোয়ার থাকতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে এবং টিকটকের শর্তাবলী মেনে চলতে হবে।

ওইসব শর্ত পূরণ হলেই কেবল ‘টিপস’ ফিচার চালু করার জন্য আবেদন করতে পারবেন নির্মাতারা। তবে আবেদন করলেই কেউ এই সুবিধা পাবেন কি না, সেই বিষয়টি এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছে ভার্জ।

কন্টেন্ট নির্মাতা জেরা বিনের পরের একটি ভিডিও অনুযায়ী, বেশ দ্রুতগতিতেই শেষ হয় আবেদন প্রক্রিয়া। জেরা বিনের অ্যাকাউন্টে এখন শোভা পাচ্ছে একটি ‘টিপস’ বাটন। বাটন চেপে নির্মাতাকে ৫, ১০ বা ১৫ ডলার টিপ দিতে পারবেন ভক্তরা। পূর্বনির্ধারিত অংকের বাইরেও নিজের ইচ্ছামতো টিপ দিতে পারবেন তারা। তবে, সর্বনিম্ন টিপের পরিমাণ ১ ডলার হিসেবে নির্ধারণ করে দিয়েছে টিকটক।

এই প্রসঙ্গে এক টিকটক মুখপাত্র ভার্জকে বলেন, “আমরা সবসময়ই আমাদের কমিউনিটিতে মূল্য সংযোজনের নতুন উপায় খুঁজি যেন টিকটক অভিজ্ঞতা আরও উপভোগ্য হয়। ”

নির্মাতাদের টিপ দিতে হলে ব্যবহারকারীর বয়স অন্তত ১৮ বছর হতে হবে। তবে কোনো অ্যাকাউন্টকে টিপ দেওয়ার জন্য সেটিকে ফলো করা এখনও বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে ভার্জ। ফিচারটি এখনও সীমিতসংখ্যক নির্মাতার উপর পরীক্ষা করছে টিকটক।