নতুন গোপনতা সেটিংস অ্যাপলের বিজ্ঞাপন বাজারে ‘প্রবেশের ইঙ্গিত’
সম্প্রতি আইফোনে বেশ কিছু গোপনতা সেটিংসে পরিবর্তন এনেছে অ্যাপল। গোটা বিষয়টিকে অ্যাপলের ইন্টারনেট বিজ্ঞাপন বাজারে প্রবেশের ইঙ্গিত হিসেবেই দেখছে বাজার বিশ্লেষক ‘আরবিসি ক্যাপিটাল মার্কেটার’।
বর্তমানে এ বাজারে আধিপত্য বিস্তারী অবস্থানে রয়েছে মার্কিন সামাজিক মাধ্যম জায়ান্ট ফেইসবুক ও সার্চ জায়ান্ট গুগল।
এপ্রিলের এক সফটওয়্যার আপডেটের পর থেকেই অধিকাংশ আইফোন ব্যবহারকারী অ্যাপ ট্র্যাকিংয়ের ক্ষেত্রে সক্রিয়ভাবে অংশ নিতে পারছেন, ঠিক করে দিতে পারছেন কোন অ্যাপগুলো তাদের ট্র্যাক করতে পারবে।
রয়টার্সের প্রতিবেদন বলছে, অ্যাপলের এই ‘অ্যাপ ট্র্যাকিং ট্রান্সপারেন্সি’ (এটিটি) নিয়ে উদ্বিগ্ন ফেইসবুকসহ অনেক ডিজিটাল বিজ্ঞাপনদাতা ও মোবাইল গেইমিং প্রতিষ্ঠান। ব্র্যান্ডগুলোর জন্য এখন তাদের প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেওয়া ব্যয়বহুল ও কঠিন হয়ে গেছে বলেই জানিয়েছে তারা।
“অ্যাপল হয়তো বৈশ্বিক বিজ্ঞাপনে প্রতিযোগিতা করতে চায় – আমরা সে ইঙ্গিত হিসেবেই দেখছি (গোপনতা পরিবর্তন) এটি।” – সম্প্রতি বলেছেন আরবিসি বিশ্লেষক ব্র্যাড এরিকসন।
“(অ্যাপল) যে সময়টিতে পর্দার পেছনে সার্চ ভিত্তিক অ্যালগরিদমে বিনিয়োগ করছে, সে সময়টিতে ডেটা গোপনতাকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারে।” – যোগ করেছেন তিনি।
এরিকসন আরও জানান, যদি বিজ্ঞাপনদাতাদের “অ্যাপলের কাছ থেকে সাড়া না পেয়ে অন্ধের মতো চলতে হয়”, তাহলে পরবর্তী বিকল্প হিসেবে হয়তো সুবিধা ভোগ করবে গুগল মালিকানাধীন ইউটিউব এবং অ্যামাজনের কানেক্টেড টিভি।
শুধু আরবিসি ক্যাপিটাল মার্কেটারই নয়, এভারকোর আইএসআই বিশ্লেষকরাও এ বছরের অগাস্টে অ্যাপলের সম্ভাব্য বিজ্ঞাপন উচ্চাকাঙ্ক্ষার ব্যাপারটি তুলে ধরেছিলেন। বলেছিলেন, “তৃতীয় পক্ষের বিজ্ঞাপনে আঘাত হানা” প্রতিষ্ঠানটিকে বিজ্ঞাপনী যাত্রায় সফল একটি সূচনা উপহার দেবে।
তবে, বিশ্লেষকরা উল্লেখ করেছিলেন যে অ্যাপলের ‘এটিটি’ অর্থ আয়ের বদলে ব্যবহারকারীর গোপনতার কথা ভেবেই আনা হয়েছে।
গোটা বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি অ্যাপল, ফেইসবুক ও অ্যালফাবেট।
