২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জনসমক্ষে আসছেন ‘ফেইসবুক ফাইলস’-এর মূল সূত্র

বহুল আলোচিত ‘ফেইসবুক ফাইলস’ ফাঁসকারী ফেইসবুক কর্মী মার্কিন সিনেটে হাজির হবেন বলে সম্প্রতি ঘোষণা দিয়েছেন দুই মার্কিন সিনেটর। সিনেট অধিবেশনে ওই ফেইসবুক কর্মী কিশোর বয়সীদের উপর সামাজিক মাধ্যমটির বিরুপ প্রভাব নিয়ে সাক্ষ্য দেবেন বলে জানিয়েছেন সিনেটরদের একজন।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2021, 05:35 PM

Updated : 07 Apr 2022, 11:41 PM

মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের প্রকাশিত সিরিজ প্রতিবেদন ‘ফেইসবুক ফাইলস’-এর জেরে সম্প্রতি ব্যাপক সমালোচনার মুখে পড়েছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সামাজিক মাধ্যমটি। প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ নথিপত্রের ভিত্তিতে ওই প্রতিবেদন লিখেছিলো ওয়াল স্ট্রিট জার্নাল। আগে থেকেই ধারণা ছিলো, ওয়াল স্ট্রিট জার্নালকে ফেইসবুকের অভ্যন্তরীণ নথিপত্র সরবরাহ করেছে প্রতিষ্ঠানটিরই কোনো কর্মী।

“ফেইসবুক কিশোর বয়সীদের উপর নিজস্ব প্ল্যাটফর্মের বিরুপ প্রভাব সম্পর্কে কী জানতো, কখন জানতো এবং সেই বিষয়ে তারা কী করেছে, এই বিষয়গুলো বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ওই ফাঁসকারী ব্যক্তির সাক্ষ্য”-- মন্তব্য করেছেন মার্কিন ‘সিনেট কমার্স প্যানেলের’ একটি সাবকমিটির প্রধান, ডেমোক্রেট সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল।

৫ অক্টোবরের সিনেট অধিবেশনের ঘোষণা দেওয়ার সময় ওই ব্যক্তির সাক্ষ্য দেওয়ার বিষয়টি উল্লেখ করেন তিনি।

একই প্রসঙ্গে ওই সাবকমিটির শীর্ষ রিপাবলিকান সদস্য সিনেটর মার্শা ব্ল্যাকবার্ন বলেন, “কিশোরদের মানসিক স্বাস্থ্যের উপর নিজস্ব প্ল্যাটফর্মের বিরুপ প্রভাব জেনেও এড়িয়ে যাওয়া, মানব পাচার বন্ধে ব্যর্থতা, গৃহদাসী বেচা-কেনা, এবং অন্যান্য ক্ষতিকর কন্টেন্টসহ অনেক কিছু নিয়ে হিসাব দিতে হবে ফেইসবুককে।”

দুই সিনেটরের ঘোষণা প্রসঙ্গে ফেইসবুক তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি বলে উল্লেখ করেছে বার্তাসংস্থা রয়টার্স।

‘ফেইসবুক ফাইলস’-এর সূত্র ধরে সমালোচনার চাপে ফেইসবুক ‘ইনস্টাগ্রাম কিডস’ প্রকল্প স্থগিত করার একদিন পর এলো মার্কিন সিনেটরদের এই ঘোষণা।

ফেইসবুকের নথিপত্র ফাঁসকারী ব্যক্তি অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেট অধিবেশনে হাজির হবেন বলে জানালেও ওই ব্যক্তির পরিচয় নিয়ে কোনো তথ্য দেননি মার্কিন সিনেটররা।